এই প্রথম শাকিব-ইমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাকিব-ইমন
শাকিব-ইমন

প্রথমবারের মতো একসঙ্গে একই ছবিতে অভিনয় করতে যাচ্ছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় দুই অভিনেতা শাকিব খান ও ইমন। ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি’ সিরিজের দ্বিতীয় খণ্ড ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি টু’ ছবিতে তাঁদের একসঙ্গে দেখা যাবে। তাঁরা দুজন ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করবেন।

সাফিউদ্দিন সাফি পরিচালিত ফ্রেন্ডজ মুভিজ ইন্টারন্যাশনালের এই ছবির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন রুম্মান রশীদ খান। ছবির সংগীত পরিচালক হিসেবে আছেন শওকত আলী ইমন। ছবির গানের কথা লিখেছেন কবির বকুল। সম্প্রতি ছবিটিতে নিজের অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন ইমন।

এ প্রসঙ্গে ইমন বলেন, ‘চলচ্চিত্রে অভিনয় শুরু করার আগে থেকেই আমি শাকিব খানের ভক্ত। ২০০৭ সাল থেকে চলচ্চিত্রে কাজ করছি। এই সময়ে শাকিব খানের সঙ্গে অন্তত ছয়টি ছবিতে কাজের প্রস্তাব পেয়েছি। তবে কোনো ছবিতেই আমার চরিত্র নিয়ে সন্তুষ্ট ছিলাম না।’

ইমন আরও বলেন, ‘ছবির গল্প এবং আমার চরিত্রই আমাকে এই ছবিটি করতে অনুপ্রাণিত করেছে। মনে পড়ে, “পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি” ছবিটি আমি শাকিব খান ও জয়া আহসানের পাশে বসে উপভোগ করেছিলাম। এবার তাঁদেরই সহশিল্পী হিসেবে পেয়েছি। আমি ভীষণ খুশি। তা ছাড়া মূলধারার চলচ্চিত্রে আমার অভিষেক হয়েছিল সাফিউদ্দিন সাফির হাত ধরে। তাঁকে আমি গুরু বলে মানি। এত বছর পর আবারও গুরুর নির্দেশনায় কাজ করার জন্য আমি মুখিয়ে আছি।’ 

ইমন প্রায় সাত বছর আগে ‘এফএম সংবাদ’ নাটকে জয়া আহসানের সঙ্গে জুটি বাঁধলেও চলচ্চিত্রে এবারই প্রথম জয়ার সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন।

ছবিতে নিজের চরিত্র সম্পর্কে ইমন বলেন, ‘“পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি” একটি সিরিজ। সিক্যুয়েল নয়। আগের ছবির কাহিনি যেখানে শেষ হয়েছিল, এ ছবি সেখান থেকে শুরু হচ্ছে না। এখানে আরেকটি প্রেম কাহিনি বলার চেষ্টা করা হয়েছে। সেই সঙ্গে প্রথম খণ্ডের কিছু বিশেষত্ব নতুনভাবে উপস্থাপন করা হয়েছে। ছবিতে আমার চরিত্রের নাম রায়ান খান।’

ইমন এ-ও বলেন, ‘আমার মতে, এ ধরনের চরিত্র বাংলা চলচ্চিত্রে আগে দেখা যায়নি। রায়ান খান হয়ে দর্শকদের চমক দেবার জন্য এরই মধ্যে নিজের লুক বদলে দেয়ার পরিকল্পনা করেছি। আশা করছি, দর্শকরা এ ছবির মাধ্যমে নতুন এক ইমনকে পাবেন।’

সেপ্টেম্বর মাসের মাঝামাঝি থেকে ভারতে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি টু’ ছবির শুটিং শুরু হতে যাচ্ছে।