এই সিনেমা একটা 'অদ্ভুত ঘটনা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রদর্শনীতে নির্মাতা শামীম আখতার ও সুবর্ণা সেঁজুতি টুসি
প্রদর্শনীতে নির্মাতা শামীম আখতার ও সুবর্ণা সেঁজুতি টুসি

এই চলচ্চিত্র দেখতে যত মানুষ এসেছিলেন, সেই সংখ্যাটা যে কোন পরিচালকের মুখে হাসি ফোটাতে যথেষ্ট। এটুকু বলা যেতে পারে, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ভবনের মিলনায়তনের ওপরে এবং নীচের হল কানায় কানায় ভর্তি ছিলো দর্শকে। অনেকে দাঁড়িয়ে, নীচে বসে ছবি দেখেছেন। পরিচালক নিজেও বসার জায়গা পাননি। ম্যাটের ওপর এক কোণে বসেই প্রথমবারের মতো নিজের দেশে,দেশের মানুষের সঙ্গে উপভোগ করেছেন। প্রবল করতালিতে যখন দর্শক জানিয়ে দিলেন, ছবি শেষ, তখন আলো আঁধারির মাঝেও পরিচালকের চোখে জ্বলজ্বল করছিলো মুক্তোর মতো দু’ফোটা জল।

ছবির নাম মীনালাপ। সহজ কথায় মাছেদের কথোপকথন। আরও স্পষ্টভাবে বললে হয়, মটকার ভেতর শৈল মাছদের ফিসফাস আর চিৎকার। এই মীনালাপ একটা সংসারের গল্প। আর সংসারের আরেক অর্থ তো জগৎ, বিশ্বব্রহ্মাণ্ড। ছবির মূল চরিত্র জুলেখা আর ইউসুফ। তাঁরা বাঙালি। কিন্তু জীবনযাপনের জন্য এই দম্পতিকে পশ্চিমবঙ্গের ঘর ছেড়ে আসতে হয় বহুদূরে, পুনেতে। তাঁরা একটা গার্মেন্ট ফ্যাক্টরিতে কাজ করে। তাঁদের জীবন, যাপন, প্রথম সন্তান আর এক নারীর মা হওয়ার যে শারীরিক ও মনস্তাত্ত্বিক পরিবর্তন- তা কিছুটা মূর্ত আর অনেকটাই বিমূর্ত অথচ বাস্তব হয়ে ধরা দেয় বড় পর্দায়।

মীনালাপ ছবির দৃশ্য
মীনালাপ ছবির দৃশ্য

কিন্তু তাঁরা যা বানায়, সেগুলো পরে বড়লোকেরা। তাই জুলেখা যখন তাঁদের অনাগত সন্তানকে নিয়ে ইউসুফকে প্রশ্ন করে, ‘আচ্ছা, আমরা যে এসব জামা বানাই, আমাদের বাচ্চারা কি এগুলো পরতে পারবে?’ ইউসুফ উত্তর দেয়, ‘না’। তাতে শ্রমিকের উৎপাদিত পণ্যের সঙ্গে তাঁর যে বিচ্ছিন্নতা, সেটি ফুটে ওঠে। ২৮ মিনিটের এই দীর্ঘ শর্টফিল্ম যে কখন শুরু হয়ে কখন শেষ হয়, তা টের পাওয়া যায় না। যেন পরিচালক কোন এক জাদুবলে বড় পর্দায় ২৮ মিনিটকে মাত্র একটা মুহূর্তে বন্দী করে ফেলেছেন। আর এর মধ্যেই বলেছেন এত কথা, যা নিয়ে আলাপের কেবল শুরু আছে, কোন শেষ নেই।

মীনালাপ ছবির দৃশ্য
মীনালাপ ছবির দৃশ্য

এই যেমন ধরেন, একটা ডায়ালগ এমন, ‘যেটা আছে, সেটাই আসলে নেই।’ এই একটা কথার যে কত ব্যাখ্যা- তার কি যবনিকা টানা এতই সহজ? এই যে দার্শনিক বোধ তা এই চলচ্চিত্রের শব্দ, দৃশ্য, রঙ, পরিবেশের সঙ্গে এমনভাবে মিলে যায় যে একটা থেকে আরেকটা আলাদা করা যায় না। দিন শেষে মীনালাপ একটা ভালোবাসার গল্প হয়ে থেকে যায়। যে ভালোবাসার গল্পের শুরুটা হয়েছিল ১৫ শতকে, সুলতান গিয়াস উদ্দিন আজম শাহের দরবারের কবি শাহ মুহম্মদ সগীরের কল্পনায়, 'ইউসুফ-জুলেখা' মহাকাব্যে।

পরিচালক সুবর্ণা সেঁজুতি টুসির ক্যামেরায় সেই ইউসুফ -জুলেখা থাকেন বস্তির একটা ছোট্ট ঘরে। ঘর যতই ছোট হোক, তাঁদের ভালোবাসা সেই ঘর থেকে ছিটকে বেরিয়ে ছড়িয়ে পড়েছে সবখানে। সেই সবখানের ভিতর স্বপ্নও অন্তর্ভুক্ত। তাই তো শেষদৃশ্যে দেখা যায়, সমস্ত বাড়তি কাপড় একাই জোড়া লেগে লম্বা হচ্ছে, যে রকম আশ্চর্যভাবে বাড়ছে জুলেখার গর্ভের শিশু।

হলভর্তি দর্শক দেখছেন মীনালাপ
হলভর্তি দর্শক দেখছেন মীনালাপ

ছবিটি দেখতে চলচ্চিত্রজগতের অনেক পরিচিত মুখ মিলিত হয়েছিলেন সেই মিলনমেলায়। উপস্থিত ছিলেন নির্মাতার বাবা নূহ উল আলম লেনিন, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, নির্মাতা নূরুল আলম আতিক, শামীম আখতার, শিল্পসমালোচক মঈনুদ্দীন খালিদ, জাহিদুর রহিম অঞ্জন, আকরাম খান, ফৌজিয়া খান, হুমাইরা বিলকিস, তাসমিয়াহ্ আফরিন মৌ, প্রযোজক আরিফুর রহমান সহ আরও অনেকে।

প্রদর্শনীতে নূরুল আলম আতিক ও শামীম আখতার
প্রদর্শনীতে নূরুল আলম আতিক ও শামীম আখতার

এই ছবি দেখে নির্মাতা শামীম আখতার বলেছেন, ‘ক্যামেরা দিয়ে যে কিভাবে কবিতা লিখতে হয়, তা পরিচালক এই ছবিতে দেখিয়ে দিলেন। তিনি মহারাষ্ট্রে বসে বাংলাদেশের জলের গল্প বলেছেন। প্রতিটি জায়গায় অনেক সূক্ষ্ম ভাবনার প্রতিফলন ছিলো।’ দর্শকসারি থেকে একজন বলেছেন, ‘আমাদের মস্তিষ্ককে ভিন্নভাবে কাজ করানোর জন্য এই ধরনের ছবির কোন তুলনা নেই।’ চলচ্চিত্রকর্মী সুশীল সূত্রধর অবশ্য বলেছেন এই ছবির শব্দ কিছুটা ‘লাউড’ ছিলো। যদিও নির্মাতা নূরুল আলম আতিক দ্বিমত পোষণ করে বলেন, শব্দই এই ছবিকে আর সব ছবি থেকে আলাদা করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সাধারণ দর্শকসারি থেকে একজন মন্তব্য করেছেন, এই সিনেমা একটা ‘অদ্ভুত ঘটনা’।

উপস্থাপক হৃদি হক ও সুবর্ণা সেঁজুতি টুসি
উপস্থাপক হৃদি হক ও সুবর্ণা সেঁজুতি টুসি

এই ছবির পরিমিতিবোধ, বিষয়বস্তুর ভিন্নতা ও গভীরতা স্পর্শ করেছে দর্শকদের। দিন শেষে সেটিই বড় প্রাপ্তি হয়ে থাকে। এই ছবি ইউরেশিয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল সহ তাজিকিস্তান, ভারতের কলকাতা, শিলিগুড়ি ও মুম্বাই, আর্মেনিয়া, নেপাল, দুবাই, মিশরের ফিল্ম ফেস্টিভাল থেকে পুরস্কার পেয়েছে। আরও বেশ কয়েকটা ফিল্ম ফেস্টিভালে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। কিন্তু সব ছাপিয়ে দেশের দর্শকদের চোখেমুখে যে অনুভূতি, সে-টিই বদলে দিয়েছে সুবর্ণা সেঁজুতি টুসিকে। তিনি সাহস আর ভরসা পেয়েছেন, যে দুটো শব্দের ওপর ভর করে তিনি শুরু করবেন আকাশ ছোঁয়ার যাত্রা।