এক পলিথিন ব্যাগ মুড়ি নিয়ে রিয়াজকে দেখতে এসেছেন বৃদ্ধা

শুটিংয়ে এক বৃদ্ধা পলিথিন ব্যাগ মুড়ি নিয়ে রিয়াজকে দেখতে এসেছিলেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের হরিরামপুরের বাহাদুরপুর ঘাট। একটি চর। চারপাশ শুধু পানি আর পানি। চরে কয়েকটি বিচ্ছিন্ন গ্রাম। সেই গ্রামেরই একজন নহবত মাস্টার। স্বাধীনতাযুদ্ধের পক্ষে জনমত গড়তে কাজ করছেন। একদিন নহবত মাস্টার তাঁর নিজ সঙ্গীকে খুঁজতে গিয়ে দেখেন চরের মধ্যে স্বাধীনতাবিরোধীরা মেরে ফেলে রেখেছেন তাঁকে। এমন একটি দৃশ্য শুটিং করার মধ্য দিয়ে ‘রেডিও’ ছবির শুটিং শেষ হলো গত মঙ্গলবার।
ছবির পরিচালক অনন্য মামুন জানান, এই ছবিটি তাঁর জীবনের শ্রেষ্ঠ কাজ হয়ে থাকবে। বলেন, ‘নতুন একটি সাবজেক্টকে ধরে ছবির গল্প। যে গল্পের পটভূমি বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ। গল্পের সঙ্গে লোকেশন মিলে দারুণ একটি কাজ করার সুযোগ পেয়েছি আমরা।’

শুটিং লোকেশনের কথা বলতে গিয়ে পরিচালক জানালেন চরের মধ্যে বিচ্ছিন্ন কিছু গ্রাম। যে গ্রামের টেলিভিশন নেই। নদী পার হয়ে দূরদূরান্তে বাজারে গিয়ে টেলিভিশন দেখেন তারা। বলেন, ‘এমন একটি গ্রাম খুঁজে পেয়েছিলাম কাজটি করার জন্য। ক্যামেরা যে দিকেই ধরি, মনে হয় যেন সেই ১৯৭১ সালের সময়কার চারপাশের পরিবেশ। আমাদের নতুন করে কোনো সেট তৈরি করতে হয়নি।’
গ্রামে টেলিভিশন না থাকলেও নদী পার হয়ে বাজারে গিয়ে টেলিভিশন বাংলা সিনেমা দেখেন বাহাদুরপুর ঘাটসংলগ্ন চরের মানুষেরা। ফলে নায়ক রিয়াজ তাঁদের কাছে বেশ পরিচিত।

ছবির গল্পে দেখানো হয়েছে চরের দুর্গম একটি গ্রাম

পরিচালক বলেন, ‘প্রতিদিনই প্রচুর মানুষ শুটিং দেখতে আসতেন। সারা দিন বসে বসে প্রিয় তারকাকে দেখতেন। শুটিংয়ের শেষ দিন আরও অন্য সব গ্রাম থেকে নৌকা, লঞ্চে নদী পার হয়ে হাজারখানেক মানুষ শুটিং দেখতে জড়ো হয়েছিলেন। মজার ব্যাপার হলো, প্রতিদিন যে এত এত মানুষ আসতেন শুটিং দেখতে, কোনো ঝামেলা করেননি কেউ।’

ছবির গল্পে দেখানো হয়েছে চরের দুর্গম একটি গ্রাম। যে গ্রামে দুটি রেডিও আছে। স্বাধীনতাবিরোধীরা বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ শুনতে দেবে না। এ কারণেই গ্রাম থেকে তারা রেডিও নিয়ে চলে যায়।

প্রতিদিন যে এত এত মানুষ আসতেন শুটিং দেখতে

নহবত মাস্টার চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ। তিনি বলেন, ‘এই ছবিটির কনটেন্টটা নতুন, ভিন্ন। অনেক কষ্ট করে কাজটি করেছি। সেই ১৯৭১ সালের ফ্রেম আনতে লোকেশনটাও ঠিকঠাক ছিল। দুর্গম চরে সকাল ছয়টা থেকে রাত দুইটা পর্যন্ত কাজ করেছি।’
কষ্ট করে কাজ করলেও লোকেশনে দারুণ সব অভিজ্ঞতার কথা জানালেন রিয়াজ।

বলেন, ‘প্রতিদিনই দূরদূরান্ত থেকে শত শত ছোট, বড়, বয়স্ক নারী-পুরুষেরা শুটিং দেখতে ছুটে আসতেন। সারা দিন রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে, বসে শুটিং দেখতেন। এই মানুষগুলো আমাদের দারুণ সহযোগিতাও করেছেন। আমাদের জন্য তাঁদের কেউ কেউ আবার মুড়ি, গাছের বরই, কলা—এসব নিয়ে আসতেন। চরের মধ্যে কিছু বাড়ি আছে, তাঁদের বাড়িতেও আমাদের নিয়ে যেতেন, আপ্যায়ন করতেন।’ ঢাকাই ছবির এই নায়ক বলেন, ‘একদিন শুটিংয়ে এক বৃদ্ধা এক পলিথিন ব্যাগ মুড়ি নিয়ে আমাকে দেখতে এসেছিলেন। এগুলো সত্যিকারের ভালোবাসা।’

৭ মার্চ বিএফডিসিতে ছবিটির প্রিমিয়ার শো হবে

পরিচালক জানালেন ৭ মার্চ বিএফডিসিতে ছবিটির প্রিমিয়ার শো হবে। এরপর যেকোনো আন্তর্জাতিক উৎসবে পাঠানো হবে ছবিটি। তারপর বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে।‘রেডিও’ ছবিতে আরও অভিনয় করেছেন মম, নাদের চৌধুরী, এ্যালিনা শাম্মী, লুৎফর রহমান জর্জ প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে তরঙ্গ প্রোডাকশন।