একটি চক্র উঠেপড়ে লেগেছে: মাহি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহিয়া মাহি
মাহিয়া মাহি

ঢাকাই চলচ্চিত্রের এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। মাত্র কয়েক বছরের ক্যারিয়ার তাঁর। ক্যারিয়ারের শুরু থেকেই তিনি বেশ আলোচিত। সম্প্রতি মাহিকে নিয়ে আবারও জন্ম নিয়েছে নতুন আলোচনা। অভিযোগ উঠেছে, আরশাদ আদনান নামের এক প্রযোজকের সঙ্গে চুপিসারে কলকাতায় গেছেন মাহি। এসব বিষয় নিয়ে আজ শনিবার মাহি কথা বলেন প্রথম আলোর সঙ্গে।
আরশাদ আদনান নামের এক প্রযোজকের সঙ্গে গোপনে কলকাতায় যাওয়ার অভিযোগ...
সে প্রযোজক, আমি হিরোইন। তাঁর কাজ ছবি প্রযোজনা করা আর আমার কাজ তাঁর ছবিতে অভিনয় করা। আমি এতটুকুই দেখছি। এর বাইরে আর কিছুই দেখছি না। তাঁর সঙ্গে আমার যোগাযোগ থাকতেই পারে। এটাকে অতটা বাঁকা চোখে দেখার কিছুই নেই। আমরা কলকাতায় গিয়েছিলাম ছবির মিটিং করতে। প্রযোজক আদনান ব্যক্তি হিসেবে কেমন তা আমার কাছে ম্যাটার করে না। আমি তাঁকে প্রযোজক হিসেবেই চিনতে চাই। এর বেশি আর কিছু না। ব্যক্তি হিসেবে কে কেমন তা যদি আমি দেখতে চাই, ইন্ডাস্ট্রিতে অনেকের সঙ্গেই আমার কাজ করা সম্ভব হবে না। আমি যে পেশায় আছি কেউ সে পেশার প্রতি সৎ কি না, সেটাই আমার দেখার বিষয়।
কলকাতায় আপনারা নাকি শুধুই ঘুরতে গিয়েছেন?
আরশাদ আদনানকে কমবেশি সবাই চেনেন। তাঁর সঙ্গে যদি আমার কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছে থাকে, তাহলে তার জন্য কলকাতায় যাওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমরা অন্য কোথাও যেতে পারি। আমি বলতে চাই, কলকাতায় আমাদের শুধু একটা মিটিং ছিল। আমার ভালো ছবি করতে হবে। সেখানে একটা ভালো অফার ছিল। সেই কারণে ওখানে আমারও থাকার কথা ছিল। এর বাইরে আর কিছুই না।
কলকাতায় চুপিসারে আপনাদের একসঙ্গে যাওয়ার ব্যাপারটি সবাই টের পাওয়ার পর নাকি তড়িঘড়ি করে দেশে ফিরে এসেছেন। তাও আবার আলাদা হয়ে...
এটা পুরোপুরি বানোয়াট কথা। যত দূর জেনেছি, আদনানের কক্সবাজারে শুটিং ছিল। সে কারণে সে তাড়াতাড়ি চলে আসে। আর আমার ড্রেস ডিজাইনারের সঙ্গে অন্য মিটিং থাকার কারণে পরে আসতে হয়েছে।
ছবি নিয়ে আপনারা কার সঙ্গে মিটিং করেছেন?
আমরা দুটি ছবি নিয়ে কথা বলেছি। একটি ছবির ব্যাপারে আমাদের কথা হয় দেবের সঙ্গে। আর অন্যটি নিয়ে কথা হয় রানা সরকার নামের একজন প্রযোজকের সঙ্গে। সোহম আর আমাদের মিম যে ছবিটির কাজ করবেন, সেটিরই প্রযোজক রানা সরকার। 

আপনারা গেলেন রাতে। দুটি মিটিং করলেন কখন?
যেহেতু আরশাদ আদনানের ফেরার তাড়া ছিল, তাই দ্রুতই দুটি মিটিং সারতে হয়েছে। রাতে গেলাম, রাতেই দুটি মিটিং সেরেছি। এরপর উনি ওনার মতন আর আমি আমার মতন ফিরেছি। আসার সময় তো আর আমাদের একসঙ্গে আসার দরকার ছিল না।
মিটিংগুলো কোথায় করেছেন?
জায়গাটার কথা এই মুহূর্তে মনে করতে পারছি না।
ছবির মিটিং করতে গেলে আপনাদের দুজনকে নিয়ে এত কথা হচ্ছে কেন?

মাহিয়া মাহি
মাহিয়া মাহি


আমি এ ব্যাপারে কোনো কিছুই বলতে পারছি না। আমাকে ভয় দেখানোর জন্য কিংবা আমার চলচ্চিত্র ক্যারিয়ার ধ্বংস করার জন্য একটি চক্র কিংবা কেউ একজন উঠেপড়ে লেগেছে। হয়তো তিনি অথবা তাঁরা ভাবছেন, আমি এসবে ভয় পেয়ে তাঁদের কাছে আশ্রয় প্রার্থনা করব। তবে আমি মোটেও এসব নিয়ে ভাবছি না।
কারা তাঁরা...
এই ব্যাপারে এখন কিছুই বলতে চাচ্ছি না। সময় হলে সবাই তা জানতে পারবেন।
অনেকেই বলছেন, জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে সম্পর্কের অবনতির পর আপনার সঙ্গে এসব ঘটছে?
অনেকে এটার সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন। অনেক শুভাকাঙ্ক্ষীও আমাকে এভাবেই বলেছেন ব্যাপারটা। আমি বিশ্বাস করতে চাই না। আমি আরও সময় নিতে চাচ্ছি। সময়ই সব বলে দেবে।
জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক। কিন্তু এ প্রতিষ্ঠানের নতুন ছবিতে আপনাকে আর দেখা যাচ্ছে না কেন?
এই প্রতিষ্ঠানের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। তাঁরা আমাকে অনেক বড় সুযোগ করে দিয়েছেন। তাঁদের কারণে আমি মাহি হতে পেরেছি। আমার আজকের যা চলচ্চিত্র ক্যারিয়ার এটার ৫০ ভাগ জাজ মাল্টিমিডিয়ার বদৌলতে। বাকি ৩০ ভাগ আমার ভাগ্য এবং ২০ ভাগ আমার পরিশ্রম। প্রতিষ্ঠানটি আমাকে জানিয়েছিল, তারা বছরে ১২টি ছবি করবে। এখন দেখছি পরিস্থিতি কিছুটা ঘোলাটে। তাই সরে আসতে হয়েছে। তবে আমি বিশ্বাস করতে চাই, জাজ মাল্টিমিডিয়া আমার শুভাকাঙ্ক্ষী।
এই মুহূর্তে ব্যস্ততা কী নিয়ে​?
আমি এই মুহূর্তে একটি ছবির কাজ করছি। নাম ‘অগ্নি ২ ’। ২০ তারিখে ছবিটির কাজের জন্য আবার ভারতে যাচ্ছি। এ ছাড়া সামনে সৈকত নাসিরের ‘পুলিশগিরি’ নামের নতুন আরেকটি ছবির কাজ করার কথা রয়েছে। কিন্তু ছবিটি যেহেতু জাজ মাল্টিমিডিয়ার তাই এই ছবিতে আমার আদৌ কাজ করা হবে কি না, তা নিয়ে সন্দেহ আছে।