একসঙ্গে ছবি দেখলেন শাকিব-অপু

একসঙ্গে ছবি দেখতে গেলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনয়শিল্পী শাকিব খান ও অপু বিশ্বাস। গত শুক্রবার বিকেলে তাঁরা যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমা হলে যান। সেখানে শাকিব তাঁর প্রযোজিত প্রথম ছবি হিরো, দ্য সুপারস্টার দর্শকদের সঙ্গে উপভোগ করেন। এ সময় ছবির প্রধান অভিনয়শিল্পীদের মধ্যে মিশা সওদাগরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
শাকিব বলেন, ‘ঈদের দিন থেকে আমি ঢাকার বিভিন্ন প্রেক্ষাগৃহে নিজের মতো করে ছবি দেখেছি। ছবিটির অন্য শিল্পীদের মধ্যে অপু ও মিশা সওদাগরও নিজেদের মতো করে হিরো, দ্য সুপারস্টার দেখেছেন। ছবির সঙ্গে সংশ্লিষ্টরা মিলে একসঙ্গে একদিন ছবিটি দেখার সুযোগ খুঁজছিলাম। সবাই মিলে দর্শকদের সঙ্গে ছবি দেখার আনন্দটাই ছিল অন্যরকম। যে দর্শকদের জন্য আমরা ছবি বানাই তাঁদের সঙ্গে কিছুক্ষণ থাকতে পেরে ভালোই লেগেছে।’
শাকিব প্রযোজিত প্রথম ছবি হিরো, দ্য সুপারস্টার এবারের ঈদে ঢাকা ও ঢাকার বাইরের ১২১টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। চলচ্চিত্র বুকিং এজেন্ট সমিতি সূত্রে পাওয়া তথ্যমতে, হিরো, দ্য সুপারস্টার ছবিটি বুকিংয়ের সময়ই ঘরে তুলে নেয় এক কোটি ৮০ লাখ টাকা।