একের মধ্যে দুই 'পরী'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরীমনি
পরীমনি

লাল, নীল কিংবা সাদা পরি— এ কোনো কল্পনা রাজ্যের পরির কথা নয়, কথা হচ্ছে ঢাকাই ছবির নতুন প্রজন্মের আলোচিত মেয়ে পরীমনিকে নিয়ে। এবার এক পরীমনিকেই বড়পর্দায় দেখা যাবে দুই রূপে। ‘দাগ’ নামের একটি চলচ্চিত্রে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন পরীমনি। সম্প্রতি এ ছবিতে কাজের জন্য চুক্তিবদ্ধও হয়েছেন তিনি।

পরীমনি জানিয়েছেন, ছবির গল্পে চরিত্র দুটির সম্পর্ক বড় বোন আর ছোট বোনের। ‘দাগ’ ছবিতে বড় বোনের নাম সোহানা, চিত্রশিল্পের ওপর পড়ালেখা শেষ করেছেন এই ‘পরী’, আর ছোট বোনের নাম নাবিলা, তিনি পড়ছেন বি.এ ক্লাসে। স্বভাবে দুই বোন পুরোই উল্টো। একজন স্বভাবে চুপচাপ, অন্যজন চঞ্চল। এ ছবির কাজটি তাঁর জন্য চ্যালেঞ্জিং হবে বলেই মনে করছেন পরীমনি।

পরীমনি বলেন, ‘টানা শুটিংয়ের সময় ক্ষণে ক্ষণে দুভাবে নিজেকে ক্যামেরার সামনে দাঁড়াতে হবে, অভিনয়েও। চরিত্র দুটিতে অভিনয়ের কারণে নিজের অভিনয় দক্ষতারও একটা পরীক্ষা হয়ে যাবে। আর সেভাবেই নিজেকে প্রস্তুত করছি।’

‘দাগ’ ছবির পরিচালক তারেক সিকদার দ্বৈতচরিত্রের জন্য পরীমনিকে নেওয়া প্রসঙ্গে বলেছেন, ‘পরীমনি অভিনীত বেশ কয়েকটি ছবি আমি দেখেছি। আমার কাছে মনে হয়েছে, এই চ্যালেঞ্জটা নেওয়া তাঁর দ্বারাই সম্ভব হবে।’

পরিচালক আরও জানিয়েছেন, আগামী ১ ফেব্রুয়ারি থেকে সিলেটের বিভিন্ন লোকেশনে এ ছবির শুটিং শুরু হবে। টানা দেড় মাস ধরে সিলেটেরই বিভিন্ন লোকেশনে এ ছবির শুটিংয়ের কাজ শেষ করার কথা আছে।

‘দাগ’ ছবির কাহিনি লিখেছেন কামাল আহমেদ, চিত্রনাট্য রফিকুজ্জামান। এ ছবিতে পরীমনির বিপরীতে অভিনয় করছেন বাপ্পী চৌধুরী। আরও অভিনয় করছেন শতাব্দী ওয়াদুদ, অরুণা বিশ্বাস, নীলা আহমেদ, ডিজে সোহেল প্রমুখ।