এটি সিয়াম-পূজার নববর্ষের উপহার
২০১৯-এ শুরু হওয়া ‘শান’ চলচ্চিত্রের শুটিং ২০২১ সালের মার্চেই শেষ হয়েছে। করোনার কারণে মুক্তি আটকে ছিল। অবশেষে ঈদে মুক্তি পাচ্ছে ‘শান’। ঈদে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত ছবি ‘শান’। সেই সূত্রে ছবিটির ‘চল পাখি হই’ শিরোনামের পুরো গানটি প্রকাশ হলো।
‘বলো না এমন কেন আমি/ কেন রোজ পায় পাগলামি/ কেন হয় এমন আমার?/ চোখ বুজলেই শুধু তুমি/ চলো পাখি হই আকাশে’ প্রসেনের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আহমেদ হুমায়ুন। গেয়েছেন কণ্ঠশিল্পী আরমান মালিক ও পলক মুচ্ছাল। পরিচালক এম রাহিম জানালেন গানটি মূলত ‘শান’-এর পক্ষ থেকে দর্শকদের জন্য নববর্ষের উপহার।
পরিচালক আরও জানালেন, ‘বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে সাধারণত যেকোনো বড় কনটেন্ট (টিজার, ট্রেলার, গান) সন্ধ্যার সময় প্রকাশ পায়। কিন্তু ব্যতিক্রম ঘটল ‘চল পাখি হই’–এর ক্ষেত্রে। গানটি পয়লা বৈশাখ সকাল ১০টায় ইউটিউবে প্রকাশ করা হলো। কারণ, গানটি যেহেতু নববর্ষের উপহার, তাই দিনের শুরুর ভাগেই গানটি মুক্তি দেওয়া।’
পুলিশি অ্যাকশন থ্রিলার গল্প হওয়ায় ছবিটির শুটিং শুরু থেকেই দর্শকদের আগ্রহের কেন্দ্রে ছিল। ছবিটির গল্প আজাদ খানের। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। ফিল্মম্যান প্রোডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন ওয়াহিদুর রহমান ও এম আতিকুর রহমান।
এ ছবির অ্যাকশন দৃশ্য পরিচালনা করেছেন বলিউডের আব্বাস আলী মোঘল। যিনি কলকাতার ‘প্যানথার’, বলিউডের ‘হেইট স্টোরি ২-৩-৪’, ‘ডিয়ার জিন্দেগি’, ‘এম এস ধোনি’, ‘হামারি আধুরি কাহানি’, ‘আশিকি ২’, ‘অগ্নিপথ’, ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই’সহ অসংখ্য সিনেমায় স্টান্ট ও অ্যাকশন দৃশ্য করেছেন।
ছবিটির মাধ্যমে ‘পোড়ামন ২’ ও ‘দহন’ সফলতার পর ফের একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি । সিয়াম–পূজা ছাড়াও চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, চম্পা, অরুণা বিশ্বাস, সৈয়দ হাসান ইমাম, মিশা সওদাগর, নাদের চৌধুরী, ডন, আরমান পারভেজ মুরাদ প্রমুখ।