এফডিসিতে যা হচ্ছে
>গত শনিবার দুপুরে এফডিসির ডিরেক্টরস স্টাডি রুমের সামনে রাজ্জাককে নিয়ে আপত্তিকর মন্তব্যের জের ধরে দুই পরিচালকের মধ্যে কথা-কাটাকাটি হয়। বিষয়টি গড়িয়েছিল হাতাহাতি পর্যন্ত। মুহূর্তেই এই খবর চারদিকে ছড়িয়ে পড়ে। দুই পরিচালকের এ কাণ্ডের ঘটনা শোনার পর দ্রুত এফডিসিতে আসেন পরিচালক সমিতির সভাপতি। তিনি সবাইকে নিয়ে জরুরি সভা ডাকেন। রাজ্জাকসহ জ্যেষ্ঠ শিল্পীদের নিয়ে ভবিষ্যতে কেউ যেন কোনো ধরনের মন্তব্য না করেন, সে ব্যাপারে উপস্থিত পরিচালকদের সতর্ক করে দেওয়া হয়। শুধু তাই নয়, নায়ক রাজ্জাকের কাছে ফোন করে অপ্রীতিকর মন্তব্যের জন্য সমিতির পক্ষ থেকে ক্ষমা প্রার্থনাও করেন তাঁরা। পরিচালক সমিতির সাম্প্রতিক কর্মকাণ্ড ও রাজ্জাককে নিয়ে অপ্রীতিকর মন্তব্য প্রসঙ্গে পরিচালক, নায়ক-নায়িকাদের কয়েকজন প্রতিক্রিয়া জানিয়েছেন।

এসব করার সাহস তাঁদের কে দিয়েছে: কবরী
এরা কারা? কে? একে বহিষ্কার করা, তাকে সতর্ক করা—এসবের সাহস তাঁদের কে দিয়েছে? একটা ভালো সিনেমার নির্মাতাকে আজকাল এফডিসিতে পাওয়া যায় না। কী হচ্ছে এফডিসিতে! আমরা জানি এই সরকার সংস্কৃতিবান্ধব সরকার। অথচ চলচ্চিত্রের মতো এত বড় একটা মাধ্যমে সংস্কৃতির নামে যেসব অপসংস্কৃতির চর্চা হচ্ছে, তা কি মন্ত্রণালয় খেয়াল করছে না? আমি তো বলব, মন্ত্রণালয় সঠিক পদক্ষেপ নিচ্ছে না। তা ছাড়া সঠিক জায়গায় সঠিক মানুষটিও নেই। আমিও বলতে চাই, কে কী বলছে, এসবকে পাত্তাই বা কেন দেওয়া হচ্ছে? আর কারও যদি এতই সাহস হয়, তাহলে সে যেন সামনে এসে বলে যে, চলচ্চিত্রে কার অবদান আছে, কার নেই। আরেকটা কথা, সবাই মিলে একসঙ্গে যে কমিটি আছে, তার বিরুদ্ধে সোচ্চার হয়ে যদি বলত যে, সমিতির সদস্যরা এ ধরনের কথা বলে, সেই কমিটি আমরা মানি না, তাহলেও একটা কাজ হতো। এসব সমিতির তো কোনো মূল্যই আমার কাছে নেই। তাদের কাছে কি আমার জবাবদিহি করতে হবে, আমার অবদান আছে কি নেই?
রাজ্জাক চলচ্চিত্রশিল্পের ইমেজ: আমজাদ হোসেন
আমি প্রথমেই বলব, পরিচালক সমিতির দুজন সদস্যের মধ্যে হাতাহাতির যে ঘটনার কথা শুনলাম, সেটা কেন হলো! একজন মহাসচিব পদে আর একজন কার্যনির্বাহী পরিষদের সদস্য। রাজ্জাককে নিয়ে কথা বলার ব্যাপারটা তো অনেক পরের কথা। আরে, রাজ্জাক তো এই চলচ্চিত্রশিল্পের ইমেজ। শিল্পের ইমেজ নিয়ে কয়জন লোক বেঁচে আছেন? যাঁরা একটা ইন্ডাস্ট্রির ইমেজ, তাঁদের গায়ে তো অনুজদের কোনো টোকা পড়তে দেওয়া যাবে না। কবরী, ববিতা, রাজ্জাক, আলমগীর, ফারুক, তাঁরা সবাই আমাদের সিনেমাশিল্পের ইমেজ। তাঁদের মধ্যে রাজ্জাক হলো পুরোধা। তাঁদের নিয়েই তো চলচ্চিত্রশিল্প। এই শিল্প থাকলে অগ্রজদের ইমেজ আরও বাড়াতে হবে। তাঁদের কাজগুলো সুন্দরভাবে সবার কাছে তুলে ধরতে হবে। আমি আরেকটা কথা বলতে চাই, কাউকে তো ক্ষমা করে দেওয়া উচিত না। যে সমিতিকে সবাই মানত, এ ধরনের ঘটনা ঘটার পর সমিতিকে তো কেউ মানবে না।
ক্ষতি কিন্তু তোমাদেরই হবে: ফারুক
খারাপ রাজনীতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এখন যারা এফডিসিতে আছে, তাদের আমি বলব, উত্তেজিত হয়ো না। উত্তেজিত হয়ে নিজেদের হাতের লাগামটা ছেড়ে দিয়ো না। ক্ষতি কিন্তু তোমাদেরই হবে। আমাদের নিয়ে যে কটূক্তি করা হচ্ছে, তা লক্ষকোটি জনতা জানছে। এ ধরনের কটূক্তিতে আমাদের নয়, জনগণ তোমাদেরই বেশি ছিঃ ছিঃ করবে। কারণ, আমাদের সময় এমনটা হতে শুনিনি। রাজ্জাক, শাবানা, ববিতা, আলমগীর, আমরা তো ইন্ডাস্ট্রির মানুষ। এখান থেকেই আমরা সাহেব আর ম্যাডাম টাইটেল পেয়েছি। মানুষ আমাদের ভালোবাসা দিয়েছে। এটার ওপর কেউ চাইলেই কালিমা লেপন করতে পারবে না। আমার মনে হয়েছে, খোকন নিজেকে ধরে রাখতে পারেনি। একজন পরিচালক ও সমিতির নেতা হিসেবে তাঁর নিজেকে ধরে রাখতে জানতে হবে। অগ্রজদের সম্মান দেওয়ার ব্যাপারটায় খেয়াল রাখতে হবে।
আমরা তো তাহলে কিছুই না: মৌসুমী
চলচ্চিত্রে একজন রাজ্জাকের কী অবদান, তা দেশের মানুষ জানেন। কারও কাছে প্রমাণ করার কোনো প্রয়োজনীয়তা আছে বলে মন হয় না। স্বাধীনতা-পূর্ব ও পরবর্তী সময়ে তিনি যেভাবে সিনেমায় কাজ করে গেছেন, তা বাংলাদেশের মানুষ আজীবন মনে রাখবেন। যত দিন বাংলা চলচ্চিত্র নিয়ে কথা হবে, রাজ্জাক স্যারের নামটি অবশ্যই সম্মানের সঙ্গে উচ্চারণ করতে হবে। আমি তো বিশ্বাস করি, একজন রাজ্জাক, আলমগীর, ফারুক স্যার, শাবানা, কবরী এবং ববিতা ম্যাডামেরা সিনেমায় অভিনয় করেছেন বলেই আমরা একটা প্ল্যাটফর্ম পেয়েছি। তাঁদের কারণেই আমরা অভিনয়কে পেশা হিসেবে গ্রহণ করার সাহস পেয়েছি। কিন্তু আজ সিনেমার বটবৃক্ষ হিসেবে পরিচিত অল্প কয়জন শিল্পী আমাদের মাঝে বেঁচে আছেন। এসব অগ্রজ শিল্পীকে নিয়ে যদি এ ধরনের কথাবার্তা বলা হয় তাহলে তো আমরা কিছুই না। এফডিসিতে এখন যা ঘটছে, এমনটা আগে কখনোই শুনিনি।