এবার এমিও বাদ

শুটিংয়ে অপেশাদার আচরণের অভিযোগে কদিন আগে সৈকত নাসিরের ‘পাষাণ’ ছবি থেকে বাদ পড়েছিলেন আলোচিত নায়িকা পরীমনি। তাঁর বদলে নেওয়া হয় এমিকে। এমি প্রায় পাঁচ দিন শুটিংও করে ফেলেছিলেন। এবার একই অভিযোগে এমিকেও বাদ দেওয়া হলো ‘পাষাণ’ থেকে। গতকাল বুধবার ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার নিজস্ব ফেসবুক পেজে কারণ উল্লেখ করে এমিকে বাদ দেওয়ার এই ঘোষণা দেওয়া হয়েছে।
তাতে জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আবদুল আজিজ লিখেছেন, জাজের প্রোডাকশন টিম গত ৭ সেপ্টেম্বর তাঁকে জানায়, গত ৬ সেপ্টেম্বরের শুটিংয়ে সকাল সাতটায় নায়িকার আসার কথা ছিল, এসেছেন বিকেল তিনটায়। এর আগেও এ ধরনের আচরণ দু-তিনবার করেছেন এই নায়িকা। এ কারণে ‘পাষাণ’ থেকে নায়িকা এমিকে বাদ দেওয়া হলো।
জাজের কর্ণধার আবদুল আজিজ বলেন, ‘এ কারণে আমাদের আর্থিক ক্ষতি হবে। তারপরেও জাজ কোনো অনিয়ম মেনে নেবে না। জাজের সঙ্গে কাজ করতে হলে চলচ্চিত্রকে ভালোবাসতে হবে, সম্মান করতে হবে এবং প্রোডাকশনের নিয়মকানুন মেনে চলতে হবে।’
তাড়াতাড়ি ‘পাষাণ’-এর নতুন নায়িকার নামও ঘোষণা করবেন বলে জানান তিনি।
বাদ দেওয়ার বিষয়ে নায়িকা এমির সঙ্গে যোগাযোগ করা হলে মুঠোফোনে প্রথম আলোকে তিনি বলেন, ‘আমাকে এখনো সরাসরি জানানো হয়নি। বিষয়টি জাজের ফেসবুক পেজ ও সংবাদকর্মীদের কাজ থেকে জানতে পেরেছি আমি।’
তবে তিনি জানান, গত দুই দিন হলো শুটিংয়ে ডাকা হচ্ছে না তাঁকে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে এমি বলেন, ‘ওই দিন আমি দেড়-দুই ঘণ্টা দেরি করে সেটে গিয়েছিলাম। তার আগের দিন রাত ১২টা পর্যন্ত শুটিং করেছি। এ কারণেই একটু অসুস্থ ছিলাম।’
ছবিতে কলকাতার অভিনেতা ওমের বিপরীতে অভিনয় করছিলেন এমি।