এবার নিজেই কাঁদবেন
‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তিসেনা...’ গানটি গেয়ে ক্লোজআপ ওয়ানÑতোমাকেই খুঁজছে বাংলাদেশ অনুষ্ঠানের দর্শকদের কাঁদিয়েছিলেন কণ্ঠশিল্পী মুহিন খান। এবার তিনি সিনেমায় অভিনয় করছেন। আসাদ সরকার পরিচালিত ‘জীবন পাখি’ সিনেমায় মুহিন এবার নিজেই কাঁদবেন। দর্শক প্রথম দৃশ্যেই দেখতে পাবেন, প্রেমবিরহে তিনি কাঁদছেন।
‘জীবনপাখি’ একটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা। সিনেমাটির শুটিং হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতিহার উদ্যান ও রাজশাহীর প্রেমতলী গ্রামে। কণ্ঠশিল্পী মুহিন এই সিনেমার ‘অন্যের দিওয়ানা’ শিরোনামের গানেও কণ্ঠ দিয়েছেন। এই সিনেমায় তাঁকে দেখা যাবে প্রেমিক হিসেবে। পরিবার এই প্রেমের সম্পর্ক মেনে নেয় না। তাঁর প্রেমের এক হৃদয়বিদারক পরিণতি দেখা যাবে সিনেমায়।
২০০৬ সালে ‘ক্লোজআপ ওয়ানÑতোমাকেই খুঁজছে বাংলাদেশ’ অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগীত অঙ্গনে পরিচিতি ঘটে মুহিনের। গত দেড় বছরে তিনি প্রায় ২০০ গানে সুর দিয়েছেন।
‘পদ্মাপুরাণ’ সিনেমায় সংগীত পরিচালনা করেছেন। নির্মাণাধীন সিনেমা ‘প্রীতিলতা’য় সংগীত পরিচালনার পাশাপাশি গান গেয়েছেন। গানে জনপ্রিয়তা পেয়েছেন, তারপরও অভিনয়ে আসার কারণ জানতে চাইলে মুহিন প্রথম আলোকে বলেন, ‘চলচ্চিত্র একটি বড় গণমাধ্যম। এর মাধ্যমে সহজেই সাধারণ মানুষের কাছে আসা যায়। আমি গণমানুষের শিল্পী হিসেবে গানের পাশাপাশি অভিনয়ের মাধ্যমে মানুষের আরও কাছে আসতে চাই। এ ছাড়া আর কিছু না।’
মুহিনের সঙ্গে সহশিল্পী হিসেবে এই সিনেমায় অভিনয় করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক সুমনা সরকার। এই নায়িকার বাবার চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। তিনি সিনেমার প্রধান চরিত্র, সিনেমার প্রধান অংশ আবর্তিত হবে তাঁকে ঘিরেই। মূল নারী চরিত্রে অভিনয় করেছেন ‘চ্যানেল আই সেরা নাচিয়ে’ চ্যাম্পিয়ন মোহনা মীম। এ ছাড়া গোয়েন্দা পুলিশের চরিত্রে থাকবেন মীরাক্কেলখ্যাত অভিনেতা আবু হেনা রনি।
সিনেমার পরিচালক, কাহিনিকার ও চিত্রনাট্য লেখক আসাদ সরকার জানান, প্রতারণার শিকার হয়ে ও পরিবার থেকে প্রেমের স্বীকৃতি না পাওয়া তরুণ-তরুণীরা আত্মহননের পথ বেছে নেয়। এই সিনেমা দর্শকদের আত্মহননবিরোধী একটা মনোভাব তৈরি করবে বলে তাঁর আশা।