এবার বিস্কুটের বিজ্ঞাপনে মিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যা সিনহা মিম
বিদ্যা সিনহা মিম

ক্যারিয়ারে দারুণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। আজ বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তাঁর নতুন চলচ্চিত্র ‘ব্ল্যাক’। যৌথ প্রযোজনার এই ছবিটি বাংলাদেশে মুক্তির ঠিক আগ মুহূর্তে পেলেন আরেকটি নতুন খবর। কাজ শুরু করতে যাচ্ছেন নতুন বিজ্ঞাপনচিত্রের। এবারের বিজ্ঞাপনচিত্রটি বিস্কুট প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠানের।

মিম বলেন, ‘বিজ্ঞাপনচিত্রে কাজ করার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, ভক্ত ও দর্শকের খুব কাছাকাছি থাকা যায়। তাই অভিনয়ের ফাঁকে বিজ্ঞাপনচিত্রের প্রস্তাব পেলে যদি ভাবনা পছন্দ হয় তাহলে কাজটি করতে রাজি হয়ে যাই। নতুন এই বিজ্ঞনচিত্রের ভাবনাটাও আমার ভালো লেগেছে বলেই করছি।’

চলতি মাসের মাঝামাঝি সময়ে ঢাকায় মিমের নতুন এই বিজ্ঞাপনচিত্রের শুটিং করা হবে।

২০০৭ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার কিছুদিন পর অভিনয় শুরু করেন মিম। এরপরই বিজ্ঞাপনচিত্রেও কাজ করেন। তাঁর প্রথম বিজ্ঞাপনচিত্র একটি কোমল পানীয়’র। এখন পর্যন্ত মিম দশটির বেশি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন। তিনি তাঁর সাম্প্রতিকতম বিজ্ঞাপনচিত্রটির কাজ করেন রোজার ঈদের সময়। এটি ছিল একটি সাবান প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপন।