এমন করুণ ছবি নেওয়া যায় না: জয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কক্সবাজারে মৃত ঘোড়ার ছবিটি আমার মন অবশ করে দিয়েছে। ঘোড়ার এমন করুণ ছবি নেওয়া যায় না। এদের প্রখর অভিজাত সৌন্দর্য ছোটবেলা থেকে আমাদের সবার মন ভরিয়ে রেখেছে। ঘোড়ার এমন অসহায় মৃত্যু মন অন্ধকার করে দেয়। কারোরই এমন মৃত্যু প্রত্যাশা করা যায় না।’ দুঃখ করে লিখেছেন জয়া আহসান। ২৯ জুন সকালে অনাহারে একটি ঘোড়া মারা যাওয়ার খবর ফেসবুকে শেয়ার করার কয়েক ঘণ্টা পরে এক স্ট্যাটাসে কথাগুলো বলেছেন এই অভিনেত্রী।

জয়া আহসান
ছবি : প্রথম আলো

করোনা সংক্রমণ ঠেকাতে কক্সবাজার সমুদ্রসৈকতে মানুষের চলাচল বন্ধ রেখেছে প্রশাসন। বিনোদন স্থানগুলো বন্ধ থাকায় বিপাকে পড়েছে পর্যটন এলাকার ঘোড়াগুলো। করোনার শুরু থেকে এখন পর্যন্ত একাধিক ঘোড়া অনাহারে মারা গেছে।

জয়া লিখেছেন, ‘মানুষ হিসেবে আমরা একা একাই সভ্যতার পথ ধরে এগিয়ে আসিনি। প্রকৃতি আর প্রাণিজগতের অসামান্য সাহায্য না পেলে এ পথে আমরা এক পা-ও এগোতে পারতাম না। ঘোড়াকে মানুষ নিজের পাশে পাওয়ার চেষ্টা করছে ৫ হাজার বছর ধরে। ঘোড়া তার প্রবল শক্তি, বিস্তীর্ণ অঞ্চলের মানচিত্র মনে রাখার প্রতিভা আর অসামান্য বন্ধুত্বের ক্ষমতা দিয়ে যুগ যুগ ধরে মানুষকে মানুষ হিসেবে বড় হয়ে উঠতে সাহায্য করেছে।’

জয়া আহসান

‘ঘোড়ার সহযোগিতায় মানুষ জীবনের চাকা ঘুরিয়েছে, পৃথিবীর এক প্রান্ত আরেক প্রান্তে পৌঁছানোর সাহস করতে পেরেছে, হৃদয়ে সৌন্দর্যের নতুন তাৎপর্য খুঁজে পেয়েছে,’ উল্লেখ করে এই অভিনেত্রী লিখেছেন, ‘এত দূর চলে এসে আজ আমরা সেসব ভুলতে বসেছি। মানুষ হিসেবে আমাদের অহংকারের শেষ নেই। সে মূর্খ অহংকারে পেছনের সবকিছু আমরা তাচ্ছিল্য করছি। প্রকৃতির তাণ্ডব সে জন্য এখন আমাদের ঘাড়ে নিশ্বাস ফেলছে।’

এই অভিনেত্রী মনে করেন, করোনার কারণেই পর্যটনশূন্য কক্সবাজারের ঘোড়ারা অসহায় হয়ে পড়ছে। এই ঘোড়াগুলো এত দিন যে জনগোষ্ঠীর জীবিকার মূলে ছিল, সেই মালিকেরাই এখন ঘোড়াগুলো ছেড়ে দিয়েছে। খাদ্যহীন হয়ে ওরা রাস্তায় পড়ে মরছে। এই অভিনেত্রী মানবিকতার প্রশ্ন তুলে লিখেছেন, ‘যত দূর জানি, এসব প্রাণীকে খাদ্যহীন করে অসুস্থ করে লোকালয়ে ছেড়ে দেওয়ার অধিকার আইন কাউকে দেয় না। কিন্তু আইন বা শাস্তির বাইরেও কি মানবিকতা বলে কিছু নেই। ওরা কি আমাদের আরেকটু মনোযোগ, আরেকটু যত্ন পেতে পারে না? সমুদ্রসৈকতে পর্যটনের এই বাহকদের দেখার মতো কোনো কর্তৃপক্ষ নেই? কোনো অধিদপ্তর নেই?’

কক্সবাজারে লোকালয়ে ছেড়ে দেওয়া এসব প্রাণীর পাশে দাঁড়াচ্ছেন একদল তরুণ ছেলেমেয়ে। এই খবরে কিছুটা আশ্বস্ত জয়া, ‘একদল ছেলেমেয়ে এদের জন্য উদ্যোগ নিচ্ছে। ওদের আমার প্রাণঢালা ভালোবাসা। কারও দিকে না তাকিয়ে হৃদয়বান অন্য মানুষদেরও যুক্ত হতে অনুরোধ করি।’