ঐ নূতনের কেতন ওড়ে

করোনার সময়ে সিনেমা হলে দর্শকসমাগম না হলেও, বছরজুড়ে মুক্তি পেয়েছে নতুন নির্মাতাদের বেশ কিছু চলচ্চিত্রছবি: কোলাজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছরের শেষে ঢালিউড ফিরে পায় প্রাণচাঞ্চল্য। করোনাকাল আবার ফিরেছে। অনিশ্চয়তার মধ্যে বছরের শুরু থেকে একটু স্বাভাবিক হওয়ার প্রচেষ্টা ছিল সিনেমাপাড়ায়। চলচ্চিত্র নিয়ে আলোচনা ছিল। আলোচনায় আসেন বেশ কিছু নির্মাতাও, যাঁদের অভিষেক হয় ২০২১ সালে।
‘নেটওয়ার্কের বাইরে’ গত বছরের অন্যতম আলোচিত ছবি। চরকি অরিজিনাল এই ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় নাট্যনির্মাতা মিজানুর আরিয়ানের। প্রথম চলচ্চিত্র বানানোর পরে কেমন লাগছে তাঁর? আরিয়ান বলেন, ‘সবাই প্রথম সিনেমা বানানোর সময় একটু ভাবতে থাকেন, এটা হিট করবে কি না, জনপ্রিয় হবে কি না, মানুষ কীভাবে গ্রহণ করবে। আমার টিভিতেই বেশ কিছু কনটেন্ট পপুলার ছিল। সে জায়গা থেকে আমার চ্যালেঞ্জ আরও বেশি ছিল যে দর্শক ভালোভাবে গ্রহণ করবে কি না। আমি সব সময় জনপ্রিয় ধারার কাজ করি। দর্শকের জন্য কাজ করি। তাই ছবিটি যখন জনপ্রিয় হলো, সেই প্রেক্ষাপটে এটি অসাধারণ অনুভূতি। যখন প্রথম সিনেমাটা জনপ্রিয় হয়, প্রশংসা পায়, তখন ভালো লাগা আসলে বেশি থাকে, অসাধারণ হয়। সেই অসাধারণ ভালো লাগাই নেক্সট কাজগুলোর অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।’ আরিয়ান জানান, সবকিছু ঠিক থাকলে ওটিটি হোক কিংবা বড় পর্দা, বছরে দুটি করে ছবি বানাবেন তিনি।

‘নেটওয়ার্কের বাইরে’ গত বছরের অন্যতম আলোচিত ছবি
সংগৃহীত

বছর শেষে পারিবারিক সম্পর্কের ছবি ‘মৃধা বনাম মৃধা’ আলোচনার ঝড় তোলে। ওই ছবিতে বাবার চরিত্রে অনবদ্য অভিনয় করেন তারিক আনাম খান। প্রশংসিত হয় সিয়াম ও নোভার অভিনয়ও। ছবিটি দিয়ে রনী ভৌমিকের রুপালি পর্দায় যাত্রা শুরু। কী ভাবছেন তিনি? রনী বলেন, ‘কোনো জিনিসের জন্য যখন অনেক দিনের অপেক্ষা থাকে, তখন সেই জিনিসের প্রতি আবেগটা একটু বেশি হয়। নির্মাতা হিসেবে আমি একদমই তথাকথিত গল্প নিয়ে ছবিটি বানাইনি। নিজের মতো করে গল্প বলার চেষ্টা করেছি। ছোট ছোট অনুভূতিকে বলার চেষ্টা করেছি।’
অভিষেক ছবিতে আলোচনা তুলেছে এমন ছবির সংখ্যা নেহাত কম নয়। প্রথম ছবিতেই দেশ-বিদেশে প্রশংসা কুড়িয়েছেন রেজওয়ান শাহরিয়ার। ‘নোনা জলের কাব্য’ ছবিটি নির্মাণ তহবিল পাওয়া থেকেই এটি আলোচিত। এর চিত্রনাট্যের জন্য ‘স্পাইক লি রাইটিং গ্র্যান্ট’সহ বেশ কিছু তহবিল পেয়েছিলেন নির্মাতা। এ ছাড়া সরকারি অনুদানও পায় ছবিটি। এরপর লন্ডন, বুসান, সিয়াটল, সিঙ্গাপুরসহ বেশ কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়।

বাংলাদেশ সরকারের অনুদান পাওয়া ছবি ‘চন্দ্রাবতী কথা’ বোদ্ধা মহলে বেশ প্রশংসিত হয়
সংগৃহীত

বাংলা সাহিত্যের প্রথম বাঙালি নারী কবি চন্দ্রাবতীকে নিয়ে ‘চন্দ্রাবতী কথা’ ছবির কাহিনি। এন রাশেদ চৌধুরী তাঁর প্রথম ছবিতে এনে দিয়েছেন দেশি ছবির স্বাদ। বাংলাদেশ সরকারের অনুদান পাওয়া এই ছবি বোদ্ধা মহলে বেশ প্রশংসিত হয়। প্রথম ছবিতেই তাঁর নির্মাণের ধার বুঝিয়ে দিলেন রাশেদ।
২০১৪ সালে ‘নাইওর’ নামে একটি ছবি বানিয়েছিলেন নির্মাতা রাশিদ পলাশ। মুক্তি পায়নি সেটি। মুক্তি পাওয়া তাঁর প্রথম ছবি ‘পদ্মাপুরাণ’। এটি মুক্তির পরে আলোচনায় আসেন তরুণ এই নির্মাতা। অভিষেক ছবি মুক্তির পরে খুব একটা সময় নেননি তিনি। এখন ব্যস্ত দুটি ছবি নিয়ে। ব্রিটিশবিরোধী বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে তিনি বানাচ্ছেন ‘প্রীতিলতা’ ছবিটি। এখানে নাম–ভূমিকায় আছেন পরীমনি। আর ‘ময়ূরাক্ষী’ ছবিতে অভিনয় করবেন ববি ও খায়রুল বাশার। চলছে একটি ওয়েব সিরিজের কথাও। রাশিদ পলাশ বলেন, ‘এটা একটি বড় জার্নি। ধীরে ধীরে ইন্ডাস্ট্রিকে জানছি, বুঝতে শিখেছি। এটা একটি অদ্ভুত অনুভূতি। ছবি মুক্তির আগে এক ধরনের অনুভূতি ছিল, মুক্তির পরে আর এক ধরনের অনুভূতি। আস্থার জায়গা তৈরি হয়েছে।’

বছরের শেষ দিন সিনেমা হলে মুক্তি পায় মীর সাব্বিরের পরিচালনায় ‘রাত জাগা ফুল’। প্রাণ-প্রকৃতি স্থান পেয়েছে ছবিতে। দীর্ঘদিন টেলিভিশন নাটকে অভিনয় ও পরিচালনার পরে ছবিতে হাত দেন তিনি। এ ছাড়া নির্মাতা আসিফ ইকবালের ‘চোখ’, অরণ্য পলাশের ‘গন্তব্য’সহ বেশ কয়েকজন নতুন নির্মাতা প্রথম ছবি নিয়ে হাজির হয়েছিলেন ২০২১ সালে। নতুনদের কীভাবে দেখছেন জ্যেষ্ঠ নির্মাতারা? পরিচালক মতিন রহমান বলেন, ‘নতুনদের স্বাগত জানানো সিনিয়রদের একটি নৈতিক দায়িত্ব বলে মনে করি। আর এই মুহূর্তে সিনেমায় পুরোনোরা একদমই সরে গেছেন নানা কারণে। সেগুলো অব্যক্তই থাকুক। নতুনেরা যেহেতু এই ইন্ডাস্ট্রি ও কালচারকে ভালোবেসে এসেছেন, তাই কালচারের একটি পথ নির্মাণ করার জন্য তাঁদের জন্য অবশ্যই সাধুবাদ থাকবে। তবে আমার অক্ষমতার জায়গা হলো, এই ছবিগুলো একদমই দেখা হয়নি। এ কারণে সেভাবে আমি মূল্যায়ন করতে পারছি না। তবে যতটুকু আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি—সবাই মন্তব্য করছে। নিশ্চয়ই দর্শক করছে। আর প্রত্যেক দর্শকের ভেতরে একটি ভালো লাগার বিষয় আছে। দর্শকেরা যখন বলছে, ভালো কাজ হচ্ছে; আমিও তাদের সঙ্গে দর্শক হিসেবে বলি, ভালো কাজ হচ্ছে। আগামী দিনে তাঁরাই চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাবে। চলচ্চিত্রকে এগিয়ে নেওয়ার জন্য লোক লাগবে। তাঁরা সে–ই মানুষ, তারা সেই লোক হতে পারে।’

‘শান’ ছবি মুক্তির কথা ছিল ৭ জানুয়ারি
সংগৃহীত

করোনার প্রকোপ বাড়ছে প্রতিদিন। গত বছরের শেষে যে প্রাণচাঞ্চল্য দেখা গিয়েছিল ঢালিউডে, সেটি হয়তো মিলিয়ে যেতে পারে, এমন শঙ্কা। ‘শান’ ছবি মুক্তির কথা ছিল ৭ জানুয়ারি। ছবিটি মুক্তি পায়নি। এটিও নির্মাতা এম রাহিমের প্রথম চলচ্চিত্র। আরও বেশ কিছু তরুণ তাঁদের প্রথম ছবি নির্মাণের ঘোষণা দিয়েছেন। সব কিছু মিলে এই করোনাকালেও বেশ কিছু তরুণ পরিচালককে পেয়েছে বাংলা চলচ্চিত্র।