‘ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে রাজস্ব আয়ের সম্ভাবনা অনেক’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ফিল্ম আর্কাইভের আয়োজনে ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে এক সেমিনারে আলোচকেরা
সংগৃহীত

‘বাংলাদেশে ওটিটির মাধ্যমে চলচ্চিত্রসহ নানা ধরনের অডিও-ভিজ্যুয়াল কনটেন্ট দেখার সুযোগ সৃষ্টি হয়েছে। নতুন এই প্ল্যাটফর্মটির মাধ্যমে জাতীয় রাজস্ব আয়ের সম্ভাবনাও অনেক। এরই মধ্যে বাংলাদেশে বেশ কিছু ওটিটি প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। সেখানে নির্মাতারা কনটেন্ট বানাচ্ছেন। লগ্নিকারীরা টাকা লগ্নি করছেন। সে কনটেন্টগুলো দর্শকের কাছে গ্রহণযোগ্যতাও পেয়েছে।’ বাংলাদেশ ফিল্ম আর্কাইভের আয়োজনে ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে এক সেমিনারে আলোচকদের কথায় এই বিষয়গুলো উঠে এসেছে।

বুধবার ফিল্ম আর্কাইভে ‘বাংলাদেশের চলচ্চিত্র প্রদর্শনে ওটিটি প্ল্যাটফর্ম: সংকট ও সম্ভাবনার স্বরূপ অনুসন্ধান’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মো. হুমায়ুন কবির। অভিনেত্রী রোকেয়া প্রাচীর তত্ত্বাবধানে করা এ গবেষণায় বলা হয়, বাংলাদেশের চলচ্চিত্রশিল্প এই মুহূর্তে ক্রান্তিকাল অতিক্রম করছে। হলকেন্দ্রিক ভঙ্গুর ইন্ডাস্ট্রির বিপরীতে ওটিটি প্ল্যাটফর্ম আশীর্বাদ। কাকরাইলের হাতে গোনা কয়েকজন পরিবেশকের হাতে বন্দী ইন্ডাস্ট্রির বিপরীতে এই নতুন প্ল্যাটফর্মে নির্মাতা, প্রযোজকেরা সরাসরি দর্শকের সঙ্গে মতবিনিময় করতে পারছেন। একই সঙ্গে বিশ্বজুড়ে কনটেন্ট পরিবেশন করার সুযোগও থাকছে। বিশ্বনন্দিত নির্মাতা মার্টিন স্করসেজি, আলফনসো কুয়ারন, হিরোকাজু কোরেএদা, মিরা নায়ার, রিচি মেহতা, অনুরাগ কাশ্যপদের পাশাপাশি আমাদের দেশের মোস্তফা সরয়ার ফারুকী, অমিতাভ রেজার মতো পরিচালকেরাও এখন ওটিটির দিকে ঝুঁকছেন।

সেমিনারে আলোচক ছিলেন বাংলাদেশ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রশাসন ও চলচ্চিত্র শাখার যুগ্ম সচিব মো. নজরুল ইসলাম, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক মো. মোফাকখারুল ইকবাল, ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি, চলচ্চিত্র নির্মাতা অনিমেষ আইচ, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক অনন্য মামুন, অভিনেত্রী রোকেয়া প্রাচী প্রমুখ। সেমিনারে নজরুল ইসলাম ওটিটি প্ল্যাটফর্মের নীতিমালা এবং ব্যবহারকারীদের সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করেন।

২০২১-২০২২ অর্থবছরে ফিল্ম আর্কাইভের গবেষণা কর্মের ওপর বিষয়ভিত্তিক গবেষকদের সেমিনারের অংশ হিসেবে এটি অনুষ্ঠিত হয়
সংগৃহীত

সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. নিজামূল কবীর। ২০২১-২০২২ অর্থবছরে ফিল্ম আর্কাইভের গবেষণা কর্মের ওপর বিষয়ভিত্তিক গবেষকদের সেমিনারের অংশ হিসেবে এটি অনুষ্ঠিত হয়।