ওমর সানি যা নিয়ে চটেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওমর সানি
ওমর সানি

সরকারি অনুদান পাওয়া নির্মাতা ফাখরুল আরেফীনের ওপর চটেছেন ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় নায়ক ওমর সানি। এই পরিচালকের ‘ভুবনমাঝি’ চলচ্চিত্রে কলকাতার পরমব্রতকে প্রধান নায়ক হিসেবে কাস্ট করায় চটেছেন বলে জানান সানি। গতকাল শুক্রবার এফডিসিতে ‘রাজাবাবু-দ্য পাওয়ার’ ছবির শুটিংয়ের ফাঁকে প্রথম আলোকে ওমর সানি তাঁর ক্ষোভের কথা জানান।
ওমর সানি বলেন, ‘সাধারণত যৌথ প্রযোজনার ছবিতে বাইরের দেশের অভিনয়শিল্পী ও কলাকুশলীরা কাজ করে থাকেন। এ ক্ষেত্রেও কিন্তু যৌথ প্রযোজনার সঠিক নিয়মের খুব একটা তোয়াক্কা এখন করা হয় না। সেদিকে কারও কোনো নজরদারি নেই। কিন্তু রাষ্ট্রের টাকায় একটি ছবি নির্মাণ করা হবে, আর তার প্রধান চরিত্রে অভিনয় করছেন আরেক দেশের একজন অভিনেতা! এটা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব না। আমি আমার পুরো চলচ্চিত্র ক্যারিয়ারে কোনো দিন শুনিনি অনুদানের ছবিতে অন্য দেশের অভিনয়শিল্পী কাজ করেছেন। বিষয়টি নিয়ে আমি চলচ্চিত্র শিল্পী সমিতির আরও অনেকের সঙ্গে কথা বলেছি। খুব শিগগিরই এ বিষয়ে আমরা আমাদের অবস্থান তুলে ধরব।’
ছবিটির পরিচালক ফাখরুল আরেফীন প্রথম আলোকে বলেন, ‘অনুদানের ছবির ক্ষেত্রে যে নীতিমালা রয়েছে, এতে পরিষ্কারভাবে লেখা রয়েছে, প্রয়োজনে দেশের বাইরে থেকে শিল্পী নেওয়া সম্ভব। আমি অনুদানের ছবির ক্ষেত্রে সব ধরনের নিয়ম মেনেই “ভুবনমাঝি” ছবির কাজ করতে যাচ্ছি। ছবির সঙ্গে সংশ্লিষ্ট সকলেই এ ব্যাপারে অবগত আছেন।’
গত মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর এক রেস্তোরাঁয় ‘ভুবনমাঝি’ ছবির শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে ভারতীয় অভিনয়শিল্পী পরমব্রতকে পরিচয় করিয়ে দেওয়া হয়। ছবির গল্প প্রসঙ্গে ফাখরুল আরেফীন বলেন, ‘ছবির গল্পের শুরু ১৯৭০ সালে। শেষ হবে ২০১৩ সালে। মাঝে এক বড় অংশজুড়ে রয়েছে মুক্তিযুদ্ধ। পুরোটাই সত্যি ঘটনা অবলম্বনে। আমরা চরিত্রগুলোর নামও পরিবর্তন করিনি।’
পরমব্রত আর অপর্ণাকে নিজের ছবির জন্য চূড়ান্ত করার ব্যাপারে ফাখরুল আরেফীন বলেন, ‘আমি অনেক দিন থেকেই পরমব্রতকে খেয়াল করছি। তাঁর কাজগুলো দেখছি। “ভুবনমাঝি” ছবির গল্প একজন বাউলকে ঘিরে। এই চরিত্রটির সঙ্গে পরমব্রতর অনেক মিল দেখতে পেয়েছি। আর অপর্ণার ক্ষেত্রেও ঠিক তা-ই হয়েছে।’
অপর্ণা এ পর্যন্ত পাঁচটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তাঁর অভিনীত সর্বশেষ ছবিটি হচ্ছে প্রসূণ রহমানের ‘সুতপার ঠিকানা’। এদিকে ২০১৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে গাজী রাকায়েতের ‘মৃত্তিকা মায়া’ চলচ্চিত্রের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন অপর্ণা।