ওরা ৭ জনের বাকি ৬ জন কে?
রণাঙ্গনে মুক্তিযুদ্ধের গল্প নিয়ে তৈরি হচ্ছে সিনেমা ‘ওরা সাতজন’। ভিন্ন ভিন্ন পেশা থেকে আসা সাত বীর মুক্তিযোদ্ধার গল্প পর্দায় তুলে ধরা হবে। আগেই জানা গিয়েছিল, এই সাতজনের একজন নির্মাতা খিজির হায়াত খান। সম্প্রতি বাকি ৬ অভিনেতার নাম জানালেন নির্মাতা।
গুরুত্বপূর্ণ ছয়টি চরিত্রে অভিনয় করবেন ইন্তেখাব দিনার, ইমতিয়াজ বর্ষণ, শাহরিয়ার ফেরদৌস সজীব, সাইফ খান, খালিদ মাহবুব তূর্য ও নাফিজ আহমেদ। গল্পে তাঁরা কেউ পুলিশ, কেউ চিকিৎসক, কেউ মেজর, কেউবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাঁরা সবাই একসময় দেশের জন্য অস্ত্র হাতে তুলে নেন।
নির্মাতা বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের অবদান রয়েছে। তাঁদের স্মরণ করতেই স্বাধীনতার ৫০ বছরে বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানাতে আমার এই সিনেমা। নবীন–প্রবীণ মিলিয়ে শিল্পী নির্বাচন করা হয়েছে। গল্পটির সবচেয়ে কঠিন কাজ নির্মাণ। আমরা এখনো সেই প্রস্তুতির মধ্য রয়েছি।’ নির্মাতা জানান, ওই সাত অভিনেতা ছাড়াও অভিনয় করবেন জাকিয়া বারী মম, শিবা শানু, জয়রাজ, হামিদুর রহমান।
তিন মাস ধরে সিনেমাটির প্রস্তুতি নিচ্ছেন নির্মাতা ও কলাকুশলীরা। অভিনয়শিল্পী ইন্তেখাব দিনার বলেন, ‘আমাদের প্রস্তুতি অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে। ফিজিক্যাল, আর্মস ট্রেনিং নিতে হয়েছে। প্রতিদিন আমরা বসছি।’
গল্পে দেখানো হবে, দুই দিনের জন্য প্রতিরোধযুদ্ধে যান একদল বীর মুক্তিযোদ্ধা। কিন্তু নানা কারণে সাত দিন তাঁদের যুদ্ধের ময়দানে কেটে যায়। এই ৭ দিন পর্দায় তুলে ধরতে সময় লাগবে ৪০ দিন।
সিনেমার শুটিং লোকেশন সিলেট। মুক্তিযুদ্ধের ৫ নম্বর সেক্টর ঘেঁষে বর্ডার এলাকায় শুটিং হবে। আগামী ২৭ তারিখ থেকে টানা ৪০ দিন শুটিং হওয়ার কথা রয়েছে।
খিজির হায়াত খানের প্রথম ছবি ‘অস্তিত্বে আমার দেশ’।
২০১০ সালে নির্মাণ করেন ‘জাগো’। ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘মি. বাংলাদেশ’ সিনেমাটির চিত্রনাট্য লেখার পাশাপাশি মূল চরিত্রে অভিনয় করেন খিজির হায়াত।