কতটা জমেছে ট্রেলার

মূলত দর্শককে প্রেক্ষাগৃহে টেনে নিয়ে যাওয়ার এক রকম বিজ্ঞাপন হচ্ছে সিনেমার ট্রেলারছবি: কোলাজ

ঈদের সিনেমা মুক্তির আগেই দর্শকদের প্রধান আকর্ষণ থাকে সিনেমার ট্রেলার ঘিরে। সিনেমাটি কেমন হবে, সেটা সম্পর্কে দর্শকদের প্রাথমিক ধারণা দেয় ট্রেলার। এর মূল উদ্দেশ্য থাকে কিছু সংলাপ ও কিছু দৃশ্যের চুম্বক অংশের মাধ্যমে দর্শকদের কাছে সিনেমাটিকে আকর্ষণীয় করে তোলা। নিজেদের সিনেমায় দর্শক টানতে প্রযোজক, পরিচালকদের আলাদা নজর থাকে ট্রেলার নির্মাণের দিকে। সেই জায়গায় কতটা জমাতে পেরেছে এবারের ঈদুল ফিতরের সিনেমাগুলোর ট্রেলার?

ঈদের সিনেমা মানেই দর্শকদের কাছে বাড়তি আনন্দ। তাই ঈদের সিনেমার প্রচারণার সবার আগেই গত বছরের ডিসেম্বরে শান সিনেমার ট্রেলার মুক্তি পায়। তার পর থেকে সিনেমাটি ঈদে মুক্তিতে জোর প্রচারণা শুরু করে। এর প্রায় চার মাস পরে এপ্রিলে মুক্তি পায় বিদ্রোহী সিনেমার ট্রেলার। পাঁচ দিন আগে মুক্তি পেয়েছে বড্ড ভালোবাসি সিনেমার ট্রেলার, তবে ছবিটির ঈদে মুক্তি নিয়ে অনিশ্চয়তা আছে। সর্বশেষ ২৫ এপ্রিল মুক্তি পায় গলুই সিনেমার ট্রেলার। সিনেমাগুলোর ট্রেলার নিয়ে ভূয়সী প্রশংসা থাকলেও সমালোচনাও করেছেন অনেকে।

এ মাসের শুরুতে গলুই সিনেমার টিজারে শাকিব–ভক্তরা কিছুটা আশাহত হন। শাকিব খান ভক্তদের অপেক্ষা ছিল সিনেমাটির ট্রেলার কবে মুক্তি পাবে। অবশেষে মুক্তির পর আলোচনায় এসেছে ট্রেলারটি। ৩ মিনিট ৫ সেকেন্ডের এই ট্রেলার নিয়ে অনেকেই নানা রকম মন্তব্য করেছেন।

এখন পর্যন্ত মুক্তির জন্য প্রযোজক-পরিবেশক সমিতিতে জমা পড়েছে মাত্র তিনটি ছবি, এগুলো হলো ‘গলুই’, ‘বিদ্রোহী’ ও ‘শান’
কোলাজ : প্রথম আলো

সাব্বির নামের একজন লিখেছেন, ‘অনেক দিন পর গ্রামবাংলার একটা সুন্দর ট্রেলার দেখলাম। বোঝাই যাচ্ছে, শাকিব খান দারুণ জমাবেন।’ আরেক দর্শক বলেছেন, ‘টিজার নিয়ে তর্কবিতর্ক থাকলেও ট্রেলারটিতে শাকিব–পূজার লুক ভালো হয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক, গান, সংলাপ আশা করি মনের খোরাক মেটাতে পারবে।’ ‘মনের ভুলের যে ভুল, তার বিচার কী’, ‘ভালোবাসা তো এমনই হয়, অর্ধেক সুখ আর অর্ধেক জ্বালা’—সিনেমায় শাকিব খানের মুখে এমন সংলাপগুলোও দর্শক পছন্দ করেছেন। সিনেমাটি দেখে কেউ কেউ মন্তব্য করেছেন, গল্পটি বুঝে ফেলেছেন। এ প্রসঙ্গে সিনেমার পরিচালক এস এ হক অলিক বলেন, ‘ইউটিউবে কেউ কেউ ট্রেলার দেখে একটি গল্প ধরে নিয়েছেন। সেভাবেই রিভিউ দিয়েছেন। কিন্তু হলে গিয়ে দর্শক ৩০ ভাগ মিলও পাবে না। হয়তো শাকিব–পূজার প্রেম নিয়ে কিছুটা ধারণা পেয়েছে। কিন্তু কীভাবে এই প্রেম, কীভাবে এর পরিণতি বা গল্পের টার্নিং পয়েন্ট, সেটা হলে গিয়েই দেখতে হবে। এখনো ৭০ ভাগই দেখার বাকি রয়েছে।’

বিদ্রোহীর ট্রেলারের শুরুতেই শাকিবের সংলাপ, ‘এ-সাইলেন্স সাইলেন্স সাইলেন্স, নো ভায়োলেন্স।’ তারপর শুরু হয় গোলাগুলি। রোমান্টিক ও অ্যাকশন সিনেমা নিয়ে ঈদে মুখোমুখি হচ্ছেন কিং খান। ৩ মিনিট ৪১ সেকেন্ডের এই ট্রেলার দেখে বোঝা যায়, মারপিটে ভরপুর। তবে সেই সঙ্গে বাড়তি আগ্রহ জমাবে বুবলীর সঙ্গে প্রেমের দৃশ্যগুলো। রিমন নামের এক ভক্ত ট্রেলার দেখে মন্তব্য করেছেন, ‘দেখেই বোঝা যায় সিনেমার কাহিনি কী হবে। কপিও হতে পারে। তবে আমার ধারণার সঙ্গে না মিললে সিনেমাটির জন্যই ভালো।’ এই মাসের শুরুতে ইউটিউবে সিনেমাটির ট্রেলার মুক্তি পায়। কিন্তু ইউটিউবে দেখেছেন মাত্র দুই লাখের মতো দর্শক। ট্রেলার নিয়ে কতটা সাড়া পাচ্ছেন জানতে চাইলে সিনেমাটির প্রযোজক শাহীন সুমন বলেন, ‘এটা আমার কাজ। আমি তো অবশ্যই ভালো বলব। অন্যরা কেমন বলছে, সেটাই আসল কথা। আমরা এক মাস আগে সিনেমাটির ট্রেলার মুক্তি দিয়েছি। কারণ, এর বেশি সময় আগে মুক্তি দিলে সেটা পুরোনো হয়ে যাবে। একই জিনিস মানুষ বারবার দেখতে চাইবেন না। এখন সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান নিয়মিত প্রচারণা চালাচ্ছে। আমরা আশা করছি, সিনেমাটি দর্শক পছন্দ করবেন।’

শান সিনেমার তিন মিনিটের ট্রেলার দেখে বোঝা যায়, মানব পাচার ও শরীরের বিভিন্ন অংশের পাচার চক্রকে কেন্দ্র করেই সিনেমাটির গল্প। সেখানে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। বাংলা সিনেমার একটি ফেসবুক গ্রুপে একজন লিখেছেন, ‘থ্রিলার সাসপেন্স ও অ্যাকশন এই সিনেমার কালার গ্রেড ও মারপিটের দৃশ্যগুলো উন্নত মনে হয়েছে।’

সিয়াম আহমেদ
ছবি: প্রথম আলো

অনেকেই সিয়ামের লুক ও অ্যাকশন দৃশ্যের প্রশংসা করেছেন। সিনেমাটির পরিচালক এম এ রাহিম বলেন, ‘ট্রেলার নিয়ে আমরা সফল। একটি কমার্শিয়াল সিনেমায় যে ট্রেলার হওয়ার কথা, সেভাবেই আমরা সিনেমার ভক্তদের জন্য গুরুত্ব দিয়ে ট্রেলার করেছি। আমরা দর্শকদের সিনেমার সঙ্গে কানেক্ট করতে পেরেছি। সিনেমাটি দর্শক দেখলেই আমরা সার্থক।’