‘কবরী হাত ধরার পরে তো আমি আর নাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আকবর হোসেন পাঠান ফারুক
ছবি : প্রথম আলো

স্বাধীনতা–উত্তর বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুক। ১৯৭১ সালে ‘জলছবি’ চলচ্চিত্র দিয়ে তাঁর অভিনয় ক্যারিয়ার শুরু। তারপর চলচ্চিত্র অঙ্গনে কেটে গেছে ৫০ বছর। অসুস্থ হয়ে বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন এই অভিনেতা সাংসদ। ঢালিউড–মাতানো এই অভিনেতার আজ জন্মদিন।

ফারুকের জন্মস্থান কালীগঞ্জ। গ্রামের মানুষের কাছে এখনো তিনি দুলু মিয়া। শৈশবে তিনি খুবই দুষ্ট ছিলেন। সারা গ্রাম দাপিয়ে বেড়াতেন। মজার ছলে বন্ধুদের সঙ্গে অনেক বাসা থেকে কবুতর চুরি করতেন। অসুস্থতার আগেও তিনি নিয়মিত গ্রামে যেতেন, তখন ফারুকের গ্রামের বন্ধুরা অনেকেই বলতেন, ‘তুমি মিয়া কবুতর চুরি করছ, মনে আছে।’ শুনে ফারুক বলতেন, ‘কবুতর আর নেই।’

আকবর হোসেন পাঠান ফারুক
ছবি : প্রথম আলো

হঠাৎ ঘুম ভেঙে উঠে একবার ফারুক দেখেন সামনে এক তরুণী দাঁড়িয়ে আছেন। ফারুক জিজ্ঞাসা করেন, ‘তুমি কে?’ মেয়েটি জানান, তিনি বিশ্ববিদ্যালয়ে পড়েন। একজন তখন তাঁকে জানান, মেয়েটি তাঁকে ভালোবাসেন। তখন ফারুকের স্বাভাবিক উত্তর, ‘ভালো তো বাসবেই। না হলে আমি তারকা হলাম কী করে।’

বেশির ভাগ জুনিয়র তারকাই ফারুককে ‘মিয়া ভাই’ বলে ডাকেন।
ছবি: সংগৃহীত

বেশির ভাগ জুনিয়র তারকাই ফারুককে ‘মিয়া ভাই’ বলে ডাকেন। রিয়াজ একটি সাক্ষাৎকারে ফারুক সম্পর্কে বলেন, ‘তার সঙ্গে কাজ করার সময় সব সময় ভয়ে থাকতাম।’ ভাবতেন, এই বুঝি লাঠি দিয়ে তাঁকে বাড়ি মারেন।

‘লাঠিয়াল’ ছবিতে ববিতা, রোজী ও ফারুক
ছবি: সংগৃহীত

১৯৭৫ সালে প্রথমবারের মতো দেওয়া হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ‘লাঠিয়াল’ সিনেমার জন্য সেই বছরই শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রের পুরস্কার অর্জন করেন ফারুক। ২০১৬ সালে চলচ্চিত্রে অবদানের জন্য পান আজীবন সম্মাননা।

যুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ছোট ছোট নাটিকা আকারে প্রচারিত হতো ‘জল্লাদের দরবার’। এই অনুষ্ঠানটাকে কেন্দ্র করে পরে সিনেমা হওয়ার কথা ছিল। কথা ছিল, ফারুক এতে অভিনয় করবেন। ছবিটা শেষ পর্যন্ত হয়নি।

১৯৭৫ সালে নায়ক ফারুকের সঙ্গে ‘সুজন সখী’ সিনেমা ছাড়িয়ে যায় আগের সব জনপ্রিয়তাকে।
ছবি: সংগৃহীত

খান আতাউর রহমানের ‘সুজন সখী’র জন্য বিপুল জনপ্রিয়তা পান এই অভিনেতা। তাঁর নায়িকা ছিলেন কবরী। সিনেমাটির মুক্তি পর দর্শকদের মুখে মুখে শোনা যেত, ‘সব সখীরে পার করিতে নিব আনা আনা’। একসময় সাদাকালো এই সিনেমার সব প্রিন্ট হারিয়ে যায়। মুক্তির ৩০ বছর পরে খান আতাউর রহমানের অফিস স্টাফ দেলোয়ারের কাছে একটি মাত্র প্রিন্ট পাওয়া যায়। সিনেমাটির রিমেকে অভিনয় করেন সালমান শাহ ও শাবনূর।

কবরীর সঙ্গে জুটি বেঁধে একাধিক সিনেমায় অভিনয় করেছেন ফারুক
ছবি: সংগৃহীত

কবরীর সঙ্গে জুটি বেঁধে একাধিক সিনেমায় অভিনয় করেছেন ফারুক। কবরীর সঙ্গে প্রথম অভিনয়ের অভিজ্ঞতা সম্পর্কে ফারুক বলেন, ‘কবরী হাত ধরে আমাকে নিয়ে যাবে। সে হাত ধরার পরে আমি তো আর নাই। জীবনে কোনো দিন ভাবিই নাই, কোনো মেয়ে হাত ধরবে। সেদিন আমি কেমন যেন হয়ে গেলাম। তখন আমি যে অভিনয় করছিলাম, সেটাই ভুলে গিয়েছিলাম।’