কর্মপরিকল্পনা ঠিক করতেই সময় কাটে কুসুমের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুসুম সিকদার
কুসুম সিকদার

অবসরে অনেকেই বন্ধুবান্ধব আর প্রিয়জনের সঙ্গে আড্ডা দিয়ে কাটান। আড্ডায় আড্ডায় কখন যে সময় পার হয়ে যায় টেরই পাওয়া যায় না। কিন্তু অভিনয়শিল্পী কুসুম সিকদারের ছুটির দিনটা কাটে নিজের সঙ্গে কথা বলে। দিনের বেশির ভাগ সময়ই নিজের সঙ্গে কথা বলেন। নিজেকে বোঝার চেষ্টা করেন। এরপর নিজে কী চান, সে হিসেবে সামনের দিনের কর্মপরিকল্পনা ঠিক করে নেন বলে জানান কুসুম। বললেন, ‘আমি মনে করি, কোনো কিছু নিয়ে দ্বিধা আর সংশয় থাকলে তা নিয়ে নিজেই নিজের মধ্যে উত্তর খোঁজার চেষ্টা করাটাই উত্তম। অন্যের সঙ্গে আলাপ না করে আমি আমার সঙ্গে আলাপ করে বেশি নির্ভরতা পাই। ছুটির দিনের বেশির ভাগ সময়ই একান্তে নিজের সঙ্গে নিজে কথা বলি। নিজেকে জানার চেষ্টা করি।’
অভিনয়ের বাইরে কুসুমের লেখালেখিরও একটা পরিচয় সম্প্রতি অনেকেই জেনেছেন। লেখালেখির জন্য কিছুটা সময়েরও দরকার হয়। কুসুম তাঁর অবসরের সময়টুকুর কিছু অংশ লেখালেখির মধ্যে থাকতে পছন্দ করেন। বললেন, ‘পরিবার থেকেই আমার লেখালেখির সব অনুপ্রেরণা। স্কুলে পড়ার সময় ভাইয়ার সঙ্গে প্রায়ই বিশ্বসাহিত্য কেন্দ্রে যাওয়া-আসা করতাম। সেখানে নামকরা অনেক লেখকের সংস্পর্শে আসার সুযোগ হয়। ক্ষেত্রবিশেষে তাঁরাও আমার লেখালেখির ক্ষেত্রে অনুপ্রেরণা জুগিয়েছেন।’
মানুষ আর প্রকৃতি কুসুমের লেখার প্রধান বিষয়। এ ছাড়া বিভিন্ন সময়ে নানা ঘটনার নিজস্ব বহুমুখী অনুভূতির প্রকাশ হয় তাঁর লেখার মধ্যে। বললেন, ‘মানুষের সম্পর্কের সঙ্গে প্রকৃতির পরিবর্তনের মিল ও তুলনা আমার লেখার মধ্যে তুলে ধরার চেষ্টা করি।’
অনেকেই অবসরে ছবি দেখেন। কিন্তু ছবি দেখার জন্য কুসুমের ছুটির দিন লাগে না। বললেন, ‘আমি প্রায় প্রতিদিনই ছবি দেখি। কয়েক ঘণ্টা সময় হাতে পেলেই ছবি দেখতে বসে যাই। অবসরে এটা কিছুটা বেশি থাকে বলা যায়। একেকটা ছবি বারবার করেও দেখি। বুধবার রাতে আবারও ব্ল্যাক সোয়াঙ্ক ছবিটি দেখলাম। এই ছবির অভিনেত্রী নাটার্লি পোর্টম্যানকে ইদানীং আমার খুব ভালো লাগে। ইদানীংকালে নায়কদের মধ্যে ভালো লাগে ডমিনিক কুপারের অভিনয়।’ কুসুমের প্রিয় অন্য অভিয়শিল্পীর মধ্যে আছেন টম হ্যাংকস ও জুলিয়েত বিনোশ। ব্লু ও সার্টিফায়েড কপি ছবি দুটি দেখার পর থেকে জুলিয়েট বিনোশের অভিনয়ের প্রেমে পড়ে যান বলেও জানান কুসুম।
ছুটির দিনে মাঝেমধ্যে শখের বশে রান্নাবান্নাও করেন। তা মানসিক অবস্থা ও সেই দিনের আবহওয়ার ওপর নির্ভর করে। কুসুম বললেন, ‘আমি সব ধরনের রান্না পারি। হোক না তা দেশি খাবার কিংবা বিদেশি। তবে রান্নার ব্যাপারটি আমার মেজাজ-মর্জি ও আবহাওয়ার ওপরই নির্ভর করে। এ দুটি বিষয় আমার রান্নার মেন্যু ঠিক করে দেয়।’