কাজের ফাঁকে বিজ্ঞাপনে

চলচ্চিত্র নিয়েই ব্যস্ত আরিফিন শুভ। বছর কয়েক ধরেই তাঁর ধ্যান-জ্ঞানও এই মাধ্যমকে ঘিরে। চলচ্চিত্রের কাজের ফাঁকে সময় পেলে অন্য মাধ্যমেও কাজ করে থাকেন তিনি। অবশ্যই তা পছন্দের হতে হয়। এবার তাই তেমনই কাজ করতে যাচ্ছেন। নতুন দুটি বিজ্ঞাপনচিত্রের কাজ করতে যাচ্ছেন তিনি।
এ মাসের শেষ দিকে বিজ্ঞাপনচিত্র দুটির শুটিংয়ে অংশ নেবেন শুভ। বললেন, ‘আমরা যাঁরা মিডিয়াতে কাজ করি, তাঁরা সব সময় দর্শকের কাছাকাছি থাকার চেষ্টা করি। এ সময় দর্শকের কাছাকাছি থাকার জন্য টেলিভিশনও একটা বড় ভূমিকা রাখে। বাইরের দেশের অনেক নামকরা নায়ক-নায়িকা চলচ্চিত্রে অভিনয়ের বাইরেও নানাভাবে নিজেকে যুক্ত রাখেন। এই যেমন বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হওয়া, বিজ্ঞাপনচিত্রে কাজ করাসহ আর কত কী...। আমার কাছে মনে হয়েছে, বিজ্ঞাপনচিত্র দর্শকের কাছাকাছি যাওয়ার ক্ষেত্রে অনেক বড় একটা ভূমিকা রাখে। তাই বলে কিন্তু যেনতেন পণ্য কিংবা গল্পের বিজ্ঞাপনচিত্রে আমি কখনোই কাজ করতে রাজি নই। নতুন দুটি বিজ্ঞাপনচিত্রের ভাবনাটা আমার কাছে দারুণ মনে হয়েছে। দর্শকেরাও আমার কাছ থেকে ভিন্ন কিছু একটা পাবেন বলে আশা করছি।’
আরিফিন শুভ অভিনীত সর্বশেষ মুক্তি প্রাপ্ত ছবিটি হচ্ছে কিস্তিমাত। এটি শুভর ষষ্ঠ ছবি। তাঁর প্রথম ছবি জাগো (২০০৯)। এরপর তিনি অভিনয় করেছেন পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি (২০১৩), ভালোবাসা জিন্দাবাদ (২০১৩), অগ্নি (২০১৪), তারকাঁটা (২০১৪) ছবিতে। প্রতিটি ছবি থেকেই শিখছেন শুভ। আলাদা করে বললেন কিস্তিমাত ছবির কথা। বললেন, ‘এই ছবি থেকে এমন অনেক কিছু শিখেছি, যা ভবিষ্যতে আমার কাজে লাগবে।’
এ বছর শুভর আরও দুটি ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে। প্রথমটি শিহাব শাহীনের ছুঁয়ে দিলে মন আর অন্যটি সাফিউদ্দিন সাফির ওয়ার্নিং। প্রথমটিতে শুভর বিপরীতে অভিনয় করেছেন মম আর পরেরটিতে মাহি।