কান মার্কেটে ‘মুজিব: দ্য মেকিং অব নেশন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মুজিব: দ্য মেকিং অব নেশন’ চলচ্চিত্রের পোস্টারের সামনে নির্মাতা শ্যাম বেনেগাল

‘মুজিব: দ্য মেকিং অব নেশন’ চলচ্চিত্রের পোস্টার উন্মোচিত হলো সপ্তাহখানেক আগে। এই চলচ্চিত্রের প্রতি আগ্রহীদের জন্য আরেকটি সুখবর। পোস্টার প্রকাশের পর এবার আসছে চলচ্চিত্রটির টিজার। আগামী মে মাসে কান চলচ্চিত্র উৎসবের কান মার্কেটে ‘মুজিব: দ্য মেকিং অব নেশন’ চলচ্চিত্রের টিজার প্রকাশিত হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের ‘ভ্যারাইটি ম্যাগাজিন’–এ এমনটাই জানিয়েছেন চলচ্চিত্রটির পরিচালক শ্যাম বেনেগাল। তিনি জানান, এই মুহূর্তে চলচ্চিত্রটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।

বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ

‘ভ্যারাইটি ম্যাগাজিন’কে দেওয়া সাক্ষাৎকারে শ্যাম বেনেগাল বলেন, ‘কান মার্কেটের জন্য টিজার তৈরির আগে ছবিটির এখন ভিএফএক্সের কাজ করা হচ্ছে। বেনেগাল বলেন, ‘কান চলচ্চিত্র উৎসবে আসা পরিবেশকেরা এই সিনেমার প্রতি আগ্রহী হবেন বলে আশা করছি আমরা। কারণ, এটি বিশ্বের বৃহত্তম বাজার; যেখানে অন্য যেকোনো চলচ্চিত্র উৎসবের তুলনায় বেশি পরিবেশক উপস্থিত থাকেন।’
আগামী ১৭ মে শুরু হতে যাচ্ছে কান উৎসবের নতুন আসর। চলবে ২৮ মে পর্যন্ত। জমকালো এই আয়োজনেই প্রকাশ্যে আনা হবে ‘মুজিব: দ্য মেকিং অব নেশন’ চলচ্চিত্রের টিজার। এ উপলক্ষে বেশ দ্রুততার সঙ্গেই চলছে চলচ্চিত্রটির শেষ মুহূর্তের কাজ। বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ১৭ মার্চ প্রকাশ করা হয় এই চলচ্চিত্রের নাম ও পোস্টার। ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ভিত্তি করে পোস্টারটি বানানো হয়। ‘মুজিব’ চলচ্চিত্রের ট্যাগলাইন দেওয়া হয়েছে ‘একটি জাতির রূপকার’।

মুম্বাইয়ের ফিল্ম সিটিতে ‘মুজিব: দ্য মেকিং অব নেশন’ চলচ্চিত্রের শুটিং শুরু হয়েছিল
ছবি: সংগৃহীত

বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিতব্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীচিত্র নির্মাণের কাজ চলছে অনেক দিন ধরে। শেখ মুজিবুর রহমানকে নিয়ে বহুল প্রতীক্ষিত এই জীবনীচিত্রের নাম শুরুতে রাখা হয় ‘বঙ্গবন্ধু’। পোস্টার উন্মোচন অনুষ্ঠানে বাংলা ও ইংরেজি পোস্টারে চলচ্চিত্রের নাম দেখা যায় ‘মুজিব’। এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন জানান, শুরুতে শিল্পীদের ওয়ার্কিং নাম হিসেবে ছবির নাম ছিল ‘বঙ্গবন্ধু’। পরে কয়েকটি নাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রস্তাব হিসেবে পাঠালে তিনি ‘মুজিব’ নামটি পছন্দ করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা
ছবি: ফেসবুক

২০২০ সালের জানুয়ারি মাসে মুম্বাইয়ের দাদাসাহেব ফিল্ম সিটিসহ বেশ কয়েকটি এলাকায় ‘মুজিব’ চলচ্চিত্রের দৃশ্যধারণ শুরু হয়। শেষ ভাগের দৃশ্যধারণে অংশ নিতে গত বছরের ১৭ নভেম্বর ঢাকায় আসেন শ্যাম বেনেগাল, ছবির কাস্টিং ডিরেক্টর শ্যাম রাওয়াত প্রমুখ। বাকি শুটিং শেষ করে তাঁরা ভারতে ফিরে যান। ছবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকায় আরিফিন শুভ, মুজিবের স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া এবং তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ অভিনয় করেছেন। এই চলচ্চিত্রের অন্য অভিনয়শিল্পীদের মধ্যে আছেন চঞ্চল চৌধুরী, দিলারা জামান, সিয়াম আহমেদ, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, প্রার্থনা দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগর, জায়েদ খানসহ শতাধিক শিল্পী। এই চলচ্চিত্রের সংগীত পরিচালনা করেছেন ভারতের শান্তনু মৈত্র।