কেন ওজন বাড়াচ্ছেন পূজা চেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছুদিন ধরে ফেসবুকে পূজা চেরি যেসব ছবি পোস্ট করছেন, তা দেখে অনেকেই বলাবলি করছিলেন, পূজা চেরি কি মুটিয়ে যাচ্ছেন? স্ক্রল করে মাসখানেক আগের ছবিতে চোখ বোলাতেই দেখা গেল, সত্যিই তাই।

পূজা জানান, ওজন বাড়ার খবরটি একবিন্দুও মিথ্যা নয়। আর ইচ্ছা করেই এই ওজন বাড়াচ্ছেন তিনি
ছবি : সংগৃহীত

রোববার সকালে যোগাযোগ করা হলে তিনি জানান, ওজন বাড়ার খবরটি একবিন্দুও মিথ্যা নয়। আর ইচ্ছা করেই এই ওজন বাড়াচ্ছেন তিনি। কেন, কেন? সবাই যেখানে ওজন কমান, সেখানে পূজা কেন ওজন বাড়াচ্ছেন!

পূজা বলেন, ‘নতুন সিনেমায় যে চরিত্রে অভিনয় করতে যাচ্ছি, সেখানে আমাকে আরেকটু স্থূল দেখালে ভালো লাগবে। পরিচালকের কথামতো ওজন বাড়াতে তাই খাওয়াদাওয়া বাড়িয়ে দিয়েছি।’

পূজা বলেন, ‘গলুই চলচ্চিত্রে চুক্তির আগে আমার ওজন ছিল ৫০ কেজি। এখন বেড়ে ৫৪ কেজি হয়েছে
ছবি : সংগৃহীত

কোন ছবির জন্য পূজা চেরির এই প্রস্তুতি? জানতে চাইলে তিনি বলেন, ‘গলুই’ সিনেমার জন্য তাঁকে এভাবে তৈরি হতে হচ্ছে। সরকারি অনুদানের চলচ্চিত্রটির মাসের তৃতীয় সপ্তাহে শুটিং শুরু হচ্ছে। এই চলচ্চিত্র শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন পূজা।

নিজেকে তৈরি করার জন্য কী কী করছেন পূজা? বলেন, ‘গলুই চলচ্চিত্রে চুক্তির আগে আমার ওজন ছিল ৫০ কেজি। এখন বেড়ে ৫৪ কেজি হয়েছে। শুটিং শুরুর আগপর্যন্ত আরও যদি বাড়ে, তাতে কোনো সমস্যা নেই।’

পূজা বলেন, যখন শুনলাম, চরিত্রের প্রয়োজনে ওজন বাড়াতে হবে, ইচ্ছেমতো খাওয়াদাওয়া শুরু করেছি
ছবি : সংগৃহীত

তিনি জানান, খাওয়ার ব্যাপারে এখন আর কোনো বিধিনিষেধ নেই, যা খুশি তা–ই খাচ্ছেন। তিনি বলেন, ‘পিৎজা, চকলেট, ভাত, মাংস—এসব খাওয়ার ব্যাপারে মাসখানেক আগেও কড়া নিষেধাজ্ঞা ছিল। যখন শুনলাম, চরিত্রের প্রয়োজনে ওজন বাড়াতে হবে, ইচ্ছেমতো খাওয়াদাওয়া শুরু করেছি। দুপুরের খাবার খাওয়ার পর ঘুম এলে আগে কষ্ট হলেও ঘুমাতাম না। এখন তো ভাতঘুমও দিচ্ছি। তবে হালকা জিমও করছি, যাতে আবার ভুঁড়ি বেড়ে না যায়।’

পূজা এ–ও বলেন, ‘আমরা শুনে আসছি বলিউডে কিংবা হলিউডে চরিত্রের প্রয়োজনে অভিনয়শিল্পীরা কখনো একদম জিরো ফিগার করেন, কখনো মুটিয়ে যান। অভিনয়ে চরিত্রকে বাস্তবসম্মতভাবে পর্দায় ফুটিয়ে তুলতে এমনটাই করে থাকেন তাঁরা। আমাদের দেশেও এমন শুরু হয়েছে। আমার এই চলচ্চিত্রের জন্য তা করছি। শারীরিক গঠনের দিক দিয়ে চরিত্রটির মতো হয়ে ওঠার চেষ্টা করছি।’

‘গলুই’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয়ের করবেন পূজা চেরী
কোলাজ : প্রথম আলো

‘গলুই’–এর শুটিং শুরুর আগে পূজা চেরি শেষবারের মতো ‘হৃদিতা’ চলচ্চিত্রের শেষাংশের শুটিং করবেন। তিন দিনের শুটিং করার মধ্য দিয়ে আনিসুল হকের লেখা ও ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত এই চলচ্চিত্রে তাঁর কাজ শেষ হবে।