কেন ট্রেনার নিলেন মিম
ফেসবুকে জিমের একটি ছবি পোস্ট করেছেন বিদ্যা সিনহা মিম। ছবিতে একজন বডিবিল্ডারের সঙ্গে তাঁকে দেখা যাচ্ছে। ছবি দেখে অনেকেরই মন্তব্য, লোকটি কে? অনেকে ধরে নিয়েছেন মানুষটি ভিনদেশি। মিম জানালেন, তিনি হলিউড–বলিউডের কেউ নন। তিনিই তাঁর শরীরচর্চার ট্রেনার। নাম আশরাফুজ্জামান।
কিন্তু মিম তো আজকে থেকে জিম করছেন না। ছয় বছর হয়ে গেছে, এত দিন তো ট্রেনার লাগেনি, এখন তবে কেন? এই অভিনেত্রী বলেন, ‘আগে ট্রেইনার ছাড়াই বেশির ভাগ জিম করতাম সত্য। এতে কিছু ঝুঁকি থাকে। জিমের পশ্চারগুলো ঠিকঠাকমতো না হলে শরীরের অনেক ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। তা ছাড়া আমি তো কিছুটা অলস। আশরাফ ভাই অনেক সময় ফোন দিয়ে ঘুম থেকে তুলে জিম করতে উৎসাহিত করেছেন। সঠিকভাবে জিম করতে শিখিয়েছেন। তাঁর কাছে থেকে অনেক কিছু শিখেছি। এখন ট্রেনারের সাহায্যে জিম করতে অভ্যস্ত হয়ে গেছি।’
করোনার কারণে বেশির ভাগ সময় এখন বাড়িতে শুয়ে–বসেই কাটে। টানা বাসায় থাকলে যা হয়, খাওয়াদাওয়ার নিয়ন্ত্রণ নেই, ব্যায়ামও নিয়মিত করা হয় না। ফলে ওজন বেড়ে গেছে। জানুয়ারি–ফেব্রুয়ারি মাসেই সাত কেজি ওজন বেড়েছে। সাধারণত ৫৮–৫৯ কেজির মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখেন মিম। কিন্তু এবার তাঁর ওজন হয়েছিল ৬৫ কেজি। ৪ মাসে বাড়তি ৭ কেজি ওজন কমালেন এই অভিনেত্রী। পাশাপাশি কঠিন একটা সিদ্ধান্ত নিয়েছেন মিম, এখন থেকে শরীরচর্চায় আর অবহেলা করবেন না। এই অভিনেত্রী বললেন, ‘এখন আমি সিরিয়াস। আগে শুটিং থাকলে জিম করার সময় হতো না। এখন জিম শেষ করে শুটিং করি।’
প্রতিদিন এখন তাই সকাল প্রায় ছয়টা থেকে নয়টা পর্যন্ত শরীরচর্চার পেছনে সময় দিচ্ছেন। মার্চ থেকে এই নিয়মে চলছেন মিম। এই অভিনেত্রী বলেন, ‘আমার শরীরের গড়নটাই এমন যে এক কেজি কমাতে অনেক কষ্ট করতে হয়। পুরো শরীর বার্ন করে ওজন কমাতে হয়। এখন ফিট থাকতে আর আলসেমি করি না। কী খাচ্ছি, সেটা নিয়েও সচেতন থাকতে হচ্ছে।’ এখন বেশির ভাগ সময় মাছ খাচ্ছেন।
মিমের কাছে জিম করা মানে শুধু ওজন কমানো নয়। তিনি বলেন, ‘শরীর ফিট থাকলে নিজের কাছেই ভালো লাগে। ওজন বাড়লে কোনোভাবেই স্বস্তি পাই না। এখন আমি অনেক স্লিম। যেকোনো পোশাকে মানিয়ে যায়। আমার অভিনয়ের ক্যারিয়ারের জন্যও এটা খুবই গুরুত্বপূর্ণ।’
আজ ২৭ জুন থেকে মিমের ‘অন্তর্জাল’ সিনেমার শুটিং শুরু হয়েছে। গল্পে তাঁকে আইটি স্পেশালিস্ট হিসেবে দেখা যাবে। চ্যালেঞ্জিং এই চরিত্রের জন্য একাধিক সাইবার ক্রাইম–সম্পর্কিত সিনেমা দেখেছেন এই নায়িকা। সিনেমাটি পরিচালনা করছেন দীপংকর দীপন। তাঁর সহশিল্পী সিয়াম আহমেদ, সুনেরা বিনতে কামাল প্রমুখ।