কোটি কোটি টাকার ক্ষতি হয়ে গেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিনেমার হল বন্ধ ঘোষণার আগ পর্যন্ত দেশের সিনেমা হলগুলো চলছিল শাহেনশাহ, রবিবার এবং হলুদ বনি।ছবি: সংগৃহীত
সিনেমার হল বন্ধ ঘোষণার আগ পর্যন্ত দেশের সিনেমা হলগুলো চলছিল শাহেনশাহ, রবিবার এবং হলুদ বনি।ছবি: সংগৃহীত

গত ১৮ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে দেশের সব সিনেমা হল। তাঁর আগেই করোনাভাইরাসের প্রভাবে সিনেমা হলে কমতে শুরু করে দর্শক। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করায় সিনেমা হলে চলা ছবিগুলোর প্রযোজকদের গুণতে হচ্ছে কোটি টাকার ওপরে লোকসান।

সিনেমার হল বন্ধ ঘোষণার আগ পর্যন্ত সেখানে চলছিল শাকিব খান অভিনীত দুটি ছবি বীর ও শাহেনশাহ, জয়া আহসান ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত আমদানিতে আসা ছবি রবিবার, নুসরাত ইমরোজ তিশা ও পরমব্রত অভিনীত যৌথ প্রযোজনার ছবি হলুদ বনি।

১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে মুক্তি পায় বীর ছবিটি। তাই প্রথম সপ্তাহে করোনাপ্রভাব না থাকলেও দ্বিতীয় সপ্তাহেই করোনা প্রভাবে ছবিটির তুলনামূলক দর্শক কমে যায়। এরপর করোনাভাইরাসে আক্রান্তের খবর প্রকাশের পর সিনেমা হলে দর্শক আরও কমে আসে। ছবিটির প্রযোজকদের একজন মোহাম্মদ ইকবাল বলেন, ‘ছবিটির বাজেট কম ছিল। ফলে প্রেক্ষাগৃহ, স্যাটেলাইট, ডিজিটাল থেকে বিনিয়োগের টাকা উঠে এসেছে আগেই। তবে করোনার প্রভাব এবং হল বন্ধ না হলে আরও ৬০ থেকে ৭০ লাখ টাকা উঠে আসার সুযোগ ছিল।’

রবিবার ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও জয়া আহসান। ছবি: সংগৃহীত
রবিবার ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও জয়া আহসান। ছবি: সংগৃহীত

সবচেয়ে বেশী ক্ষতির সম্মুখীন হয়েছে শাহেনশাহ ছবির প্রযোজক। দুই কোটি টাকারও বেশি বাজেটের ছবিটি মুক্তি পায় ৬ মার্চ। মুক্তির প্রথম সপ্তাহেই করোনার প্রভাব পড়ে ছবিটিতে। হল বন্ধের আগ পর্যন্ত দেশের প্রায় ৮০ টি প্রেক্ষাগৃহে প্রদর্শীত হচ্ছিল ছবিটি। এতে প্রায় কোটি টাকার ওপরে লোকসান হবে বলে জানান ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার ব্যবস্থাপক রেজাউল করিম। তিনি বলেন, ‘শাকিবের ছবি হিসেবে বড় বাজেটের এই ছবিটি মুক্তির প্রথম সপ্তাহেই খানিকটা হোঁচট খেয়েছে। দ্বিতীয় সপ্তাহ থেকে আরও বেশি। তবে হল বন্ধ হয়ে যাওয়ার কারণে এক কোটি টাকার ওপরে লোকসান হবে।’

এদিকে আমদানির মাধ্যমে আসা রবিবার ছবিটি থেকেও প্রায় ১৫ লাখ টাকা লোকসানের কথা বলেছেন আমদানিকারী অনন্য মামুন। ছবিটি ২৮ ফেব্রুয়ারি সিনেপ্লেক্স, বক্লবাস্টারসহ দেশের ৮টি হলে মুক্তি পায়। তৃতীয় সপ্তাহে এসেও ছবিটি ৫টি প্রেক্ষাগৃহে চলছিল। অনন্য মামুন বলেন, ‘মুক্তির পরপর এমনিতেই প্রেক্ষাগৃহে করোনার প্রভাবে দর্শক কম আসতে শুরু করে। এরপর হল বন্ধ হওয়াতে আরও বেশি ক্ষতি হয়েছে। সবকিছু মিলে ছবিটি থেকে প্রায় ১৫-২০ লাখ টাকা লোকসান হবে।’

৬ মার্চ মুক্তি পায় যৌথ প্রযোজনার ছবি হলুদ বনি। ছবি: সংগৃহীত
৬ মার্চ মুক্তি পায় যৌথ প্রযোজনার ছবি হলুদ বনি। ছবি: সংগৃহীত

৬ মার্চ মুক্তি পায় যৌথ প্রযোজনার ছবি হলুদ বনি। প্রথম সপ্তাহে ঢাকাতে সিনেপ্লেক্স ও ব্লকবাস্টারে মুক্তি পায়। দ্বিতীয় সপ্তাহে আরও দুটি হল বাড়ে। প্রেক্ষাগৃহ বন্ধ ঘোষণা করা হলে ছবিটির লগ্নিকৃত টাকার ৯০ ভাগই উঠে আসেনি বলে জানান ছবির বাংলাদেশী প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্মের ক্রিয়েটিভ পরিচালক আবু শাহেদ ইমন। তিনি বলেন, ‘মুক্তির পর থেকে করোনার প্রভাবতো ছিলই। এরপর প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে গেল। আমার হিসাব মতে ছবিতে লগ্নি কৃত টাকার ৯০ ভাগই উঠে আসেনি।’