
চলছে বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচন। এ নির্বাচনে ভোট দিতে আসছেন চলচ্চিত্রের বিভিন্ন সময়ের তারকারা। দুপুর ১২টার দিকে এফডিসিতে শিল্পী সমিতির কার্যালয়ে ভোট দিতে আসেন চিত্রনায়িকা ববিতা ও তাঁর বড় বোন চিত্রনায়িকা ও নির্মাতা সুচন্দা।
ভোট দিয়ে বেরিয়ে এসে চিত্রনায়িকা ববিতা নিজের কিছু ক্ষোভ ঝাড়েন। বলেন, ‘বিগত দিনগুলোয় যাঁরা শিল্পী সমিতির নেতা ছিলেন, তাঁরা কেউ শিল্পীদের কিংবা চলচ্চিত্রশিল্পের উন্নয়নের জন্য কাজ করেনি। আমাদের জন্য কিছু করেনি। তাই এবার অনেক আশা নিয়ে এসেছি ভোট দিতে। আশা করছি, এবার যাঁরা ভোটে নির্বাচিত হয়ে আসবেন, তাঁরা আমাদের উন্নয়নের কথা ভাববেন, সে অনুযায়ী কাজ করবেন।’

এদিকে চিত্রনায়িকা সুচন্দা কোনো ক্ষোভের কথা বলেননি। তিনি বরং নির্বাচন নিয়ে সবার এত আগ্রহ ও লোকসমাগম দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘পুরো এফডিসি তো মানুষের ভিড়ে ফেটে হয়ে যাচ্ছে। এত উচ্ছ্বাস আর কোনোবার দেখিনি। সবার এমন বিপুল অংশগ্রহণ আমাকে আশাবাদী করে তুলছে।’