‘কয়েকজন পরিচিত আছে, তারাই এফডিসিতে ঢোকার সুযোগ করে দিসে’
কয়েক দিন ধরে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে সরগরম বাণিজ্যিক বাংলা চলচ্চিত্রের আঁতুড়ঘর এফডিসি। দীর্ঘদিন ধরে যেসব তারকার এফডিসিতে কাজ ছাড়া আসা হতো না, তাঁরাও এখন নিয়ম করে আসছেন। সবাই মিলে আড্ডা দিচ্ছেন। সুন্দর সময় কাটিয়ে আবার চলেও যাচ্ছেন। এফডিসিতে আসা চলচ্চিত্রের মানুষগুলোর জন্য গতকাল মঙ্গলবারের সন্ধ্যাটা গত কয়েক দিনের মতো ছিল না। এদিন বেশির ভাগের আফসোস, ‘আহা রে, কীভাবে একটা জলজ্যান্ত মানুষ এভাবে নাই হয়ে গেল! কী যে হলো কিছুই বুঝতে পারছি না। যা–ই হোক, তদন্তে সত্য বেরিয়ে আসবে। হত্যাকারী যেন দৃষ্টান্তমূলক শাস্তিও পায়।’ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের প্রচারণা ছাপিয়ে গতকাল এফডিসিতে অভিনয়শিল্পী রাইমা ইসলাম শিমু হত্যাকাণ্ড নিয়ে সর্বত্র আলোচনা।
এফডিসিতে আসা পরিচালক, নায়ক-নায়িকা ও প্রযোজকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সারা দিনই আলোচনায় ঘুরেফিরে এসেছে শিমু হত্যাকাণ্ডের প্রসঙ্গ। এদিকে শিমু হত্যাকাণ্ড নিয়ে শিল্পী সমিতির একটা অংশ বর্তমান কমিটির সাধারণ সম্পাদক জায়েদ খানের প্রতি দোষারোপ করার চেষ্টা করে। তবে এ নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় শিমুর ভাই শহীদুল ইসলাম ও বোন ফাতিমা নিশা সরাসরি জানিয়ে দেন, কোনো কিছু প্রমাণিত হওয়ার আগে যেন কাউকে দোষারোপ করা না হয়। অন্যদিকে মরদেহ উদ্ধারের কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানায়, শিমুর স্বামী শাখাওয়াত আলীম হত্যার দায় স্বীকার করেছেন। তবে শিমুর বোন ফাতিমা নিশা পুলিশের সেই বক্তব্য মেনে নেননি বলে গণমাধ্যমকে জানান।
এদিকে শিল্পী সমিতির নির্বাচনের সময় চলচ্চিত্র অভিনেত্রী শিমুর এভাবে খুন হওয়ার ব্যাপারটি নিয়ে চলচ্চিত্রশিল্পীদের মধ্যেও ক্ষোভ কাজ করেছে। দুই প্যানেলের সমর্থকেরাও এ নিয়ে সোমবার দিবাগত রাত থেকে পাল্টাপাল্টি কথা বলেছেন। অন্যদিকে কয়েক দিন ধরে চলচ্চিত্রের অভিনয়শিল্পীরা এফডিসিতে বহিরাগত ব্যক্তিদের অবাধে চলাফেরা নিয়েও নানা কথা বলে আসছিলেন। এমনকি কেউ কেউ এ–ও বলছিলেন, এফডিসির মধ্যে কেউ কেউ পেশিশক্তি দেখাতেও বহিরাগত নিয়ে চলাফেরা করছেন। এ রকম অবস্থায় গতকাল সন্ধ্যায় এফডিসি পরিদর্শনে আসেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) যুগ্ম কমিশনার হারুন অর রশিদ। তিনি শিল্পী সমিতির নির্বাচন ঘিরে বিশৃঙ্খলা এড়াতে কোনো বহিরাগত মাস্তান এফডিসিতে ঢুকতে পারবে না বলে জানিয়ে দেন।
গতকাল সন্ধ্যায় এফডিসিতে হারুন অর রশিদ জানান, নির্বাচনে দুই পক্ষের অভিযোগ ছিল, এখানে এসে বহিরাগত ব্যক্তিরা মহড়া দিচ্ছে, মাস্তানি করছে। নির্বাচনী পরিবেশ বানচালের চেষ্টা করছে। দুই পক্ষের অভিযোগের ভিত্তিতে তিনি এফডিসিতে এসেছেন। হারুন অর রশিদ বলেন, ‘নির্বাচন কমিশনের সঙ্গে আলাপ করেছি। বহিরাগত অস্ত্রধারীদের ঠেকাতে প্রশাসন সহায়তা করবে বলে নির্বাচন কমিশনকে আশ্বস্ত করেছি।’ নির্বাচন কমিশন যেভাবে সহায়তা চাইবে, প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে বলেও জানান হারুন অর রশীদ।
২৮ জানুয়ারি শিল্পী সমিতির নির্বাচন পরিচালনার জন্য প্রধান নির্বাচন কমিশনার হলেন পীরজাদা হারুন। হারুন এ–ও বলেন, ‘তেজগাঁও জোনের পুলিশ কর্মকর্তা ও নির্বাচনে অংশ নেওয়া দুই পক্ষের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নিয়েছি, বুধবার থেকে কোনো বহিরাগত এফডিসিতে প্রবেশ করতে পারবে না। এফডিসিতে প্রবেশ করতে হলে বৈধ প্রবেশপত্র লাগবে। নির্বাচনে গণমাধ্যমকর্মীদের প্রবেশের জন্য কমিশন থেকে আলাদা পরিচয়পত্র প্রদান করা হবে বলেও এ সময় জানান তিনি।
ঝরনা স্পট, প্রযোজক সমিতি, চলচ্চিত্র শিল্পী সমিতি ও পরিচালক সমিতি কার্যালয়ের সামনেও কয়েকজন করে আড্ডা দিচ্ছিলেন। এসব আড্ডায় তরুণ প্রজন্মের কয়েকজন পরিচালক নির্বাচন নিয়ে আলাপ করছেন। ঘড়ির কাঁটা যখন রাত নয়টার ঘরে, তখনো ক্যানটিনের সামনে জটলা। এখানে চলচ্চিত্রাঙ্গনের মানুষের চেয়ে অপরিচিত ছিল বেশি। তবে সবচেয়ে লক্ষণীয় ছিল, কয়েকজন তরুণ এ নির্বাচনকে ঘিরে নিজেদের ইউটিউব প্ল্যাটফর্মের জন্য কনটেন্ট বানানোয় বেশি মনোযোগী। তাঁদের কয়েকজন জানালেন, ‘স্টারের কথা শুনতে সাধারণ মানুষের আগ্রহ বেশি। এফডিসিতে তো এখন অনেক স্টার আসেন। অনেক সময় সবার সামনে যেতে পারি না। দূর থেকে ক্যামেরায় ভিডিও করে যা পাই, তা–ই ইউটিউবে দিয়ে দিচ্ছি। মানুষেরাও দেখছি দেখছে।’ আরেকজন বললেন, ‘আমি তো নির্বাচনের প্যানেল ঘোষণার দিনই ইউটিউব চালু করেছি। এই কয় দিনে ৩৩ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে। প্রতিদিন তিন-চারটা ভিডিও দিচ্ছি। ভালোই চলছে আমার।’ ঢুকলেন কীভাবে প্রশ্ন করতেই বললেন, ‘কয়েকজন পরিচিত আছে, তারাই এফডিসিতে ঢোকার সুযোগ করে দিসে।’
এবারের চলচ্চিত্র শিল্পী নির্বাচনে দুটি প্যানেল লড়ছেন ৪২ জন চলচ্চিত্র অভিনয়শিল্পী। ইলিয়াস কাঞ্চন ও নিপুণ প্যানেলে আছেন অমিত হাসান, শাকিল খান, রিয়াজ, ফেরদৌস, ডি এ তায়েব, সাইমন, শাহনূর, নিরব, ইমন, আজাদ খান, পরীমনি, আরমান, আফজাল শরীফ, কেয়া, নানা শাহ, জেসমিন, সাঙ্কোপাঞ্জা, গাঙ্গুয়া ও সীমান্ত। মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেলে আছেন ডিপজল, রুবেল, সুব্রত, মৌসুমী, অরুণা বিশ্বাস, রোজিনা, আলীরাজ, সুচরিতা, নাদির খান, অঞ্জনা, বাপ্পারাজ, আসিফ ইকবাল, চুন্নু, আলেকজান্ডার বো, জয় চৌধুরী, জ্যাকি আলমগীর, জাকির হোসেন, ফরহাদ হোসেন ও হাসান জাহাঙ্গীর। সহযোগিতার হাত প্রসারিত করে কাজের পরিবেশ সৃষ্টি করার অঙ্গীকার করেছে ইলিয়াস কাঞ্চন ও নিপুণ প্যানেল, অন্যদিকে দুবার ধরে সমিতির নেতৃত্বে থাকা মিশা ও জায়েদের অঙ্গীকার—দেশপ্রেম-দায়িত্ব-শৃঙ্খলা-সুস্থ সংস্কৃতি, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।
কাল এফডিসিতে ঘুরতে ঘুরতে দূর থেকে কানে আসছিল একটি গান, ‘জিতবে এবার জিতবে রে, বিপুল ভোটে জিতবে রে কাঞ্চন-নিপুণ পরিষদ জিতবে রে/ নোট দিয়ে ভোট কেনার দিন শেষ, বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ—এটা তো রাজ্জাক–কবরীর বাংলাদেশ, এটা তো ববিতা-ফারুকের বাংলাদেশ।’ এমন কথার গানটি তৈরি করেছে কাঞ্চন-নিপুণ প্যানেল। জানা গেছে, এই গানের কয়েকটি শব্দ নিয়ে নাকি আপত্তি জানিয়েছেন মিশা-জায়েদ প্যানেলের কেউ কেউ, তাঁরা নাকি নির্বাচন কমিশনকেও এ আপত্তির কথা জানিয়েছেন।