
প্রচণ্ড গরম উপেক্ষা করে রংপুরের একমাত্র সিনেমা হলে দর্শকদের উপচে পড়া ভিড়। প্রায় প্রতি শোতেই হলের সব আসন পরিপূর্ণ।
রংপুরের শাপলা সিনেমা হলে এবার ঈদে মুক্তি পেয়েছে বস ২। সিনেমা হল কর্তৃপক্ষ জানায়, প্রায় ৮০০ আসনের এই হলে এবার দর্শকের উপস্থিতি ছিল সন্তোষজনক। বেলা সাড়ে ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চারটি শো চলছে। হলের ব্যবস্থাপক শাহাবুদ্দিন বলেন, ঈদের দিন ও দুই দিন পরেও হল পরিপূর্ণ ছিল।
ঈদের দিন বেলা ৩টা ও গত বুধবার বেলা সাড়ে ১১টার শো শুরুর আগে সরেজমিনে দেখা যায়, দর্শকেরা লাইন ধরে হলে প্রবেশ করছেন। সেই সঙ্গে টিকিট পেতেও ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে হল কর্তৃপক্ষ অগ্রিম টিকিট বিক্রি করায় দর্শকের ভিড় কিছুটা কম। দিনের মধ্যে বেলা সাড়ে ১১টা ও বেলা ৩টার শোতে দর্শকসমাগম অনেক বেশি। অনেকেই টিকিট না পেয়ে ফিরে গেছেন, এমন কথাও আছে। তবে তাঁরা পরের শোর টিকিট কিনেছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

পুরুষ দর্শকের পাশাপাশি নারী দর্শকের উপস্থিতিও প্রত্যক্ষ করা গেছে। দল বেঁধে বন্ধু ও সহপাঠীরা সিনেমা দেখতে এসেছেন। এ সময় কথা হয় কয়েকজন দর্শকের সঙ্গে। কারমাইকেল কলেজের শিক্ষার্থী আল আমিন বলেন, ছবি ভালো হলে দর্শকেরা ঠিকই সিনেমা হলে ছুটে আসবেন।
ঢাকা থেকে ঈদ করতে আসা কেরানীপাড়ার রেজাউল ইসলাম দুই সন্তানকে নিয়ে এসেছেন। তিনি বলেন, হলে বাচ্চাদের সিনেমা না দেখালে হয়তো একদিন তারা সিনেমা হল কী জিনিস, তা-ই বুঝবে না।