গল্প শুনে কেন চুপ মেরে গেলেন রিয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গল্প শোনাতে এসেছেন নতুন এক পরিচালক। গল্প শুনে একেবারে চুপ মেরে গেলেন চিত্রনায়ক রিয়াজ। পরিচালকের কপালে চিন্তার ভাঁজ। মনে প্রশ্ন, তাহলে কি গল্প পছন্দ হয়নি?

রিয়াজ আহমেদ
ছবি : প্রথম আলো

সেদিন তরুণ এই নির্মাতার গল্প শুধু পছন্দই করেননি নায়ক, ছবিটি প্রযোজনার দায়িত্বও নিয়েছিলেন। তরুণ সেই নির্মাতার নাম এস এ হক অলীক আর নায়ক রিয়াজ। তরুণ একজনের ছবি প্রযোজনা করায় জ্যেষ্ঠ অনেক নির্মাতাই সেবার রিয়াজের ওপর মনঃক্ষুণ্ন হয়েছিলেন। কিন্তু কারও কথা শোনেননি তিনি। সিনেমাটি প্রযোজনা করেছিলেন। বাণিজ্যিকভাবে সফল হয়েছিল ‘হৃদয়ের কথা’।

এস এ হক অলীকের ঈদের নাটক ‘ভাই বড়ই প্রেমিক পুরুষ’-এর শুটিং করতে গিয়ে সেই দিনগুলোর স্মৃতিই ফিরে এল। এই নির্মাতা-অভিনেতা জুটিকে দুই বছর পর নাটকের শুটিংয়ে দেখা গেল। একসঙ্গে একাধিক নাটক করেছেন তাঁরা। শুটিংয়ের ফাঁকে ১৫ বছর আগে ফিরে গেলেন তাঁরা।

রিয়াজ আহমেদ
ছবি : প্রথম আলো

২০০৬ সালে মুক্তি পায় ‘হৃদয়ের কথা’। এস এ হক অলীকের কাছে আরও একটি ভালো সিনেমা চেয়েছেন রিয়াজ। রিয়াজ বলেন, ‘চলচ্চিত্রের এই দুঃসময়ে ভালো গল্পের সিনেমা দরকার। এস এ হক অলীক আমার পছন্দের নির্মাতা। ওকে বকাঝকা করি, আবার আদরও করি। এমনই আমাদের সম্পর্ক। দীর্ঘদিন বিরতি দিয়ে ঈদের নাটকের শুটিংয়ে ফিরলাম। নাটক এখন টানে না। তারপরও করছি। এই গল্পটা একটু আলাদা ছিল। নির্মাতার প্রতি আমার বিশ্বাস আছে। তাঁর প্রথম সিনেমা দিয়েই প্রযোজক হিসেবে আমার আত্মপ্রকাশ। তখন চলচ্চিত্রে বৈরী একটা পরিবেশ চলছিল। আমাকে অনেক নির্মাতা বলেছিলেন, যেন তরুণ নির্মাতার ছবি প্রযোজনা না করি। কারও কথা শুনিনি।’

রিয়াজ আহমেদ
ছবি: সংগৃহীত

এস এ হক অলীক জানান, ‘হৃদয়ের কথার গল্প শোনার পরে শর্ত দিয়েছিলেন রিয়াজ, সিনেমা মুক্তির পরে পারিশ্রমিক নেবেন অথবা ছবিতে বিনিয়োগ করবেন। রিয়াজের শিডিউল পাওয়া তখন খুব কঠিন। আর তাঁর মতো নতুন একটা ছেলেকে শিডিউল দেওয়ায় অবাক হয়েছিলেন অলীক।

পুরান ঢাকাসহ বেশ কিছু লোকেশনে ‘ভাই বড়ই প্রেমিক পুরুষ’ নাটকের শুটিং হয়েছে। ‘ভাই বড়ই প্রেমিক পুরুষ’ নাটকে প্রায় ৯ বছর পরে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন রিয়াজ ও সারিকা। এর আগে তাঁরা আরও তিনটি নাটকে জুটি বেঁধেছিলেন। নাটকে সমাজের কিছু অসংগতি তুলে ধরা হয়েছে। ঈদুল আজহায় দেখানো হবে নাটকটি।