গাজার অসহায়দের জন্য ওমর সানির কান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওমর সানী
ওমর সানী

ফিলিস্তিনের নিরস্ত্র সাধারণ মানুষের ওপর ইসরায়েলের হামলার প্রতিবাদ জানাতে অভিনব এক পদ্ধতি বেছে নিয়েছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনয়শিল্পী ওমর সানী। ওমর সানী তাঁর ফেসবুক অ্যাকাউন্টে এক ভিডিও বার্তায় গাজায় ইসরায়েলি হামলা বন্ধের অনুরোধ করেছেন। ভিডিও বার্তায় ওমর সানী যুদ্ধ বন্ধের কথা বলতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়েন।

ওমর সানী বলেন, ‘মানুষের ভালোবাসায় আমি আজ শিল্পী। শিল্পী হিসেবে আমার রয়েছে সামাজিক দায়বদ্ধতা। সেই দায়বদ্ধতা থেকে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর চেষ্টা। আমার পক্ষে তো আর ফিলিস্তিনে গিয়ে তাঁদের পাশে দাঁড়ানো সম্ভব নয়, তাই এভাবে অনুরোধ করা ছাড়া কোনো উপায় খুঁজে পেলাম না।’

তিনি আরও বলেন, ‘বিভিন্ন টেলিভিশন চ্যানেলের বুলেটিন এবং সংবাদমাধ্যমের পাতায় যখন ফিলিস্তিনি শিশুদের আর্তনাদের ছবি দেখি, তখন নিজেকে কোনোভাবেই নিয়ন্ত্রণে রাখতে পারি না। চোখ দিয়ে অঝোরে পানি পড়তে থাকে। আমি তো ফিলিস্তিনে গিয়ে অস্ত্র হাতে যুদ্ধ করতে পারব না, তাই ছেলে ফারদীন এহসান স্বাধীনের পরামর্শে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ভিডিও বার্তাকে বেছে নিলাম। আমি মনে করি, আমার এই চাওয়াটা যদি কোনো না কোনোভাবে তাদের কান পর্যন্ত পৌঁছায় একজন মানুষ হিসেবে সেটাই আমার সার্থকতা।’

ওমর সানী এও বলেন, ‘ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলার ব্যাপারটি মৌসুমীর হূদয়কে দারুণভাবে নাড়া দিয়েছে। ফিলিস্তিনি শিশুদের অসহায়ত্বের ছবি দেখে রীতিমতো আঁঁতকে উঠেছে মৌসুমী। আর তাই এ ধরনের হামলা বন্ধে মানবিক আবেদন জানাতে আজকের মধ্যে মৌসুমীও একটি ভিডিও বার্তা তাঁর ফেসবুক অ্যাকাউন্টে আপলোড করবে। সত্যি কথা বলতে অভিনয়শিল্পী হিসেবে, এমনকি একজন মানুষ হিসেবে আমরা এমন মানবিক বিপর্যয়ের বিপক্ষে। আমরা চাই শান্তি। পৃথিবীর সবাই যেন সুখে-শান্তিতে বসবাস করে, সেটাই আমাদের একমাত্র প্রত্যাশা। আর পুরো ভাবনাটির জন্য আমাদের একমাত্র ছেলে ফারদীনের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা।’ 

প্রসঙ্গত, চলতি মাসের প্রথম সপ্তাহে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের গাজা পরিণত হয়েছে এক ধ্বংসস্তূপে। নিহতের সংখ্যা এখন পর্যন্ত সহস্রাধিক। নিহত ফিলিস্তিনিদের বেশির ভাগই বেসামরিক নাগরিক, নারী ও শিশু।