গান কেড়ে নেওয়ায় খেপেছেন নায়িকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিশাত নাওয়ার সালওয়া। ছবি: ফেসবুক থেকে

‘স্বপ্নে দেখা রাজকন্যা’ ছবির প্রধান দুই নারী অভিনয়শিল্পীর একজন নায়িকা নিশাত নাওয়ার সালওয়া, অন্যজন স্বয়ং ছবির প্রযোজক মৌসুমী মিথিলা। ছবিটির শুটিং শেষ, বাকি আছে কেবল দুটি গান। করোনা মহামারির কারণে গান দুটির শুটিং আটকে ছিল। গত সপ্তাহে একটি গানের শুটিং শেষ হয়েছে। সেই গান নিয়েই প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন সালওয়া। গানটিতে ছবির নায়ক আদর আজাদের সঙ্গে তাঁর অংশ নেওয়ার কথা থাকলেও সেখানে অংশ নিয়েছেন প্রযোজক নিজেই। এ নিয়ে ভীষণ ক্ষিপ্ত এই অভিনেত্রী।

গানটির জন্য বেশ আগেই সালওয়ার শিডিউল নেওয়া হয়। কথা ছিল সুনামগঞ্জের পাহাড়ি অঞ্চলে গানটির দৃশ্য ধারণ করা হবে। সেখানে যাওয়ার সব প্রস্তুতিও শেষ করেছিলেন সালওয়া। কিন্তু নির্ধারিত সময়ে ডাক না পেয়ে তিনি যোগাযোগ করেন ইউনিটের সঙ্গে। পরে তিনি জানতে পারেন, তাঁকে বাদ দিয়েই নির্ধারিত স্পটে গানের শুটিং শুরু হয়ে গেছে। তাঁর জায়গায় গানটিতে অংশ নিয়েছেন ছবির আরেক নায়িকা (প্রযোজক) মৌসুমী মিথিলা।

এ প্রসঙ্গে সালওয়া বলেন, ‘আমি সব কাজ বাদ দিয়ে গানটিতে শিডিউল দিয়েছিলাম। করোনার কারণে যেহেতু গান দুটি আটকে গেছে, ভেবেছিলাম এ কাজ আগে শেষ করে ফেলি। কিন্তু পরে জানতে পারি শিডিউল অনুসারে কাজ হলেও মৌসুমী মিথিলা করছেন গানটি। বাদ দেওয়ার খবরটা পর্যন্ত জানানো হয়নি আমাকে। আমার সঙ্গে হওয়া চুক্তিতে লেখা ছিল যে তিনটি গান থাকবে। এখন দেখছি গান নিয়ে আমার সঙ্গে প্রতারণা করা হলো।’

নিশাত ও মৌসুমী

এ ব্যাপারে ছবির পরিচালক মোস্তাফিজুর রহমান কী বলেছেন? জানতে চাইলে সালওয়া বলেন, ‘যখন জানতে পারলাম প্রযোজককে নিয়ে গানের শুটিং হচ্ছে, তখনই পরিচালককে ফোন করেছিলাম। তিনি আমাকে জানিয়েছেন, তাঁর কিছুই করার নেই। তিনি প্রযোজককে বিষয়টি বোঝাতে ব্যর্থ হয়েছেন। তাঁর এ ব্যাপারে কিছু করার ছিল না।’ মোস্তাফিজুর রহমান এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘নানা কারণে ওই গানটি সালওয়াকে নিয়ে করা হয়নি। আমি প্রযোজককে জোর দিয়ে বলেছি এ ব্যাপারে। তিনিও সালওয়াকে দিয়ে আরেকটি গান করাতে রাজি হয়েছেন। সেটা হয়তো ঢাকা বা অন্য কোথাও করা হতে পারে।’

এ প্রসঙ্গে জানতে চাইলে ছবির আরেক অভিনেত্রী ও প্রযোজক মৌসুমী মিথিলা বলেন, ‘তাঁকে দিয়ে ওই গানে কাজ করানো হয়নি তাঁর মানে এই নয় যে তাঁর গান বাদ দেওয়া হয়েছে। এখন আবার প্যানেলে বসে ছবিটি দেখব। যদি দেখি সালওয়ার গানটি দরকার আছে, তাহলে প্রযোজনে তাঁকে দিয়ে আরেকটি গান করানো হবে।’

নিশাত সালওয়া। ছবি: সংগৃহীত

পুরো বিষয়টি নিয়ে সালওয়ার মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এখন থেকে এই ছবির আর কোনো কাজেই তিনি যোগ দেবেন না বলে জানিয়েছেন। সালওয়া বলেন, ‘আমার সঙ্গে অন্যায় করা হয়েছে। আমি এই ছবির কোনো কাজে আর থাকছি না। প্রযোজকের সঙ্গে ছবির বিষয়ে কোনো কথা বলতেও রাজি না। ছবি মুক্তির আগে ও পরে কোনো প্রচার–প্রচারণায়ও যেতে চাই না।’ গানটি নিয়ে কেন এমন হলো? সালওয়া বলেন, ‘আমি শুনেছি, প্যানেলে বসে প্রযোজক পুরো ছবি দেখেছেন। সেখানে আমার অংশ নাকি বেশি আর তাঁর অংশ কম। আমি যেহেতু মূল নায়িকা, আমার অংশের কাজ তো বেশি থাকবেই। পর্দায় যাতে আমার অংশ কম থাকে, এ জন্য গানটিতে আর আমাকে নেওয়া হয়নি। এমন খবরই আমি ইউনিটের ভেতর থেকে শুনেছি।’

‘স্বপ্নে দেখা রাজকন্যা’ ছবিতে সালওয়ার বিপরীতে অভিনয় করেছেন আদর আজাদ। এটি পরিচালনা করছেন মোস্তাফিজুর রহমান।