ঘুমাতে গেলে মনে হয়, সমুদ্রের পানিতে তলিয়ে যেতে পারি
‘নোনা জলের কাব্য’ সিনেমার টানা প্রচারণায় ছিলেন সিনেমাটির প্রধান অভিনেত্রী তাসনোভা তামান্না। ব্যস্ততা থেকে নিজেকে সময় দেওয়ার জন্য চার দিনের বিরতিতে গিয়েছিলেন সেন্ট মার্টিন। সেখান থেকে ফিরে আবার সিনেমার প্রচারণায় হলে হলে যাওয়ার কথা ছিল। সে জন্য ফিরতি বিমানের টিকিটও কেনা ছিল। কিন্তু গত কয়েক দিন আগে বৈরী আবহাওয়ার কারণে তিনি সেন্ট মার্টিন দ্বীপে আটকা পড়েছিলেন। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে তিনি সেন্ট মার্টিন থেকে আবার যাত্রা করেন। এখন তিনি কক্সবাজারে আছেন। কাল বৃহস্পতিবার ঢাকায় ফেরার কথা।
তামান্না বলেন, ‘ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে আটকা পড়েছিলাম। এই সময়টাকে থ্রিল করেছি। এ ছাড়া তখন আর কিছুই করার ছিল না। সমুদ্রপাড়ে একটি ব্যাম্বো কটেজে ছিলাম। খেয়ে, ঘুমিয়ে, পড়ে সময় কেটে গেছে। সাগর দেখেছি। সে অর্থে কোনো সমস্যা ছিল না। এমন না যে শুধু আমরাই ছিলাম। সেখানে অনেকেই ছিলেন। আমি বন্ধুদের সঙ্গে গিয়েছিলাম। বারবিকিউ, গান—মজায়ই অবসর কেটেছে।’
তামান্না ক্যারিয়ারের মুক্তি পাওয়া দ্বিতীয় সিনেমা ‘নোনা জলের কাব্য’। এটি মুক্তি পেয়েছে ২৬ নভেম্বর। দ্বিতীয় সপ্তাহের মতো সিনেমাটি প্রেক্ষাগৃহে চলছে। ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে সে সময় ভয় পেয়েছিলেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘ভয় পাইনি (হাসি)। কিন্তু আমরা যে জায়গাটায় ছিলাম, ঠিক তার পাশের সমুদ্রের পানি। ঘুমাতে গেলে মনে হয়, সমুদ্রের পানিতে তলিয়ে যেতে পারি।’
৩ ডিসেম্বর তিনি সেন্ট মার্টিন পৌঁছান। এরপর থেকে আটকা। গত রোববার তাঁর কক্সবাজার অবস্থান করে সোমবার ঢাকায় ফেরার কথা ছিল। তিনি বলেন, ‘আমি টানা সিনেমা হলে ঘুরেছি। অনেক আগে থেকেই সিনেমা প্রমোশন করেছি। আমার কাছে মনে হলো ছোট একটি ব্রেক দিই। সেন্ট মার্টিনে আটকা পড়ার কারণে কিছুটা ঝামেলায় পড়ে গিয়েছিলাম। তবে ঢাকায় ফিরেই আবার হলে হলে যাব।’ তামান্না প্রথম ‘লাইভ ফ্রম ঢাকা’ সিনেমার মাধ্যমে সিনেমায় আসেন। সিনেমায় তিনি রেহানা চরিত্রে অভিনয় করেন।