ঘুরে দাঁড়ানোর অপেক্ষায়

গলুই ছবির দৃশ্যে শাকিব খানছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনাকালের প্রায় দেড় বছর অনেকটাই স্থবির ছিল ঢালিউড। ভাইরাসের সংক্রমণ কখনো কমেছে, কখনো বেড়েছে। সেদিকে নজর রেখে কখনো বন্ধ রাখা হয়েছে, কখনো খুলে দেওয়া হয়েছে প্রেক্ষাগৃহ। লোকসানের আশঙ্কায় বড় বাজেটের ছবিগুলো মুক্তি দেননি অনেক প্রযোজক। এই সময়ে অনিয়মিত হয়ে পড়েন প্রেক্ষাগৃহের দর্শকেরা। তবে গেল বছরের শেষ প্রান্তিকে মুক্তি পায় বেশ কয়েকটি সিনেমা। কিছু দর্শকও পায় প্রেক্ষাগৃহ। বছরের শেষ দিনেও মুক্তি পেয়েছে দুটি সিনেমা রাত জাগা ফুল ও চিরঞ্জীব মুজিব। শেষ দৃশ্য বলে দিচ্ছে, ঘুরে দাঁড়ানোর অপেক্ষায় ঢালিউড।

গত বছর মুক্তি পায় রেহানা মারিয়াম নূর, পদ্মাপুরান, চন্দ্রাবতীর কথা, মিশন এক্সট্রিম, লাল মোরগের ঝুঁটি, কালবেলা, নোনা জলের কাব্য ছবিগুলো। টুকটাক আলোচনা ছিল ছবিগুলো নিয়ে। দেশ-বিদেশে সাড়া ফেলে রেহানা মারিয়াম নূর, ঢাকায় প্রশংসা কুড়ায় মৃধা বনাম মৃধা। বিদায়ী বছরের শেষ দিকে বেশ কয়েকটি বড় বাজেটের ছবি সেন্সর বোর্ডের অনুমোদন পেয়েছে। এ বছর মুক্তির অপেক্ষায় রয়েছে ডজনখানেক ছবি। বছরের প্রথম সপ্তাহ থেকে পর্যায়ক্রমে মুক্তি পাবে সেগুলো। তালিকায় আছে শান, পাপ–পূণ্য, অমানুষ, তালাশ, গলুই, ক্যাসিনো ছবিগুলো। এর মধ্যে কয়েকটি ছবি দীর্ঘদিন ধরে আলোচনায় ছিল ঢাকার চলচ্চিত্র বাজারে।

‘পাপ–পূণ্য’ ছবি দিয়ে শাহনাজ সুমীর অভিযেক হতে যাচ্ছে ঢালিউডে
ছবি: সংগৃহীত

নতুন করে প্রেক্ষাগৃহে দর্শক ফেরা, একের পর এক ছবি মুক্তি, সেন্সরপ্রাপ্তি ও শুটিং শুরু হওয়াকে ইতিবাচক মনে করছেন ইন্ডাস্ট্রি–সংশ্লিষ্ট ব্যক্তিরা। নতুন বছরে সিনেমা নিয়ে নতুন প্রত্যাশার কথা জানিয়ে পরিচালক এস এ হক অলিক বলেন, ‘নতুন বছরের ঢালিউড নিয়ে আমি আশাবাদী। কারণ, নতুন বছরের জন্য ভালো ভালো সিনেমা প্রস্তুত আছে। পর্যায়ক্রমে ছবিগুলো আসবে। দর্শকেরাও নতুন করে হলে ফিরবেন। হলে গিয়ে ভালো সিনেমা দেখার জন্য উন্মুখ হয়ে আছেন বাংলাদেশের মানুষ। গলুইয়ের শুটিং করতে গিয়ে মানুষের ঢল দেখেই সেটা টের পেয়েছি। করোনা যদি নতুন করে মাথাচাড়া না দেয়, তাহলে আশা করছি দর্শক হলে ফিরবেন।’

মৃধা বনাম মৃধা ছবিতে অভিনয়ের জন্য প্রশংসিত সিয়ামের নতুন ছবি শান মুক্তি পাবে ৭ জানুয়ারি। সিয়াম বলেন, ‘আর কত দিন ধার করা গল্পের সিনেমা করব আমরা? যে পরিবর্তনের জন্য আমরা অপেক্ষা করছিলাম, আমাদের গল্পের সিনেমা দেখতে চেয়েছিলাম, সেই দিকেই হয়তো যাচ্ছি আমরা। গত বছর “আমাদের গল্পের” বেশ কয়েকটি ছবি দেখেছেন দর্শক, প্রশংসাও করেছেন। আমি মনে করি, আমাদের সিনেমা ইতিমধ্যে ঘুরে দাঁড়িয়েছে, সামনের বছর পুরোপুরি ঘুরে দাঁড়াবে।’

আরও পড়ুন

গেল বছর নতুন সিনেমা হল নির্মাণ, বিদ্যমান হলের সংস্কার ও আধুনিকায়নে সর্বোচ্চ ১০ কোটি টাকা ঋণ দেওয়ার সিদ্ধান্ত দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই ভবনে একটি প্রতিষ্ঠান অথবা ব্যক্তিমালিকানাধীন (একক বা যৌথ) সিনেপ্লেক্সের যতগুলো পর্দা বা স্ক্রিন থাকুক না কেন, তা পুনঃ অর্থায়ন তহবিল থেকে ঋণপ্রাপ্তিতে একটি ইউনিট হিসেবে বিবেচিত হবে। সেদিক থেকে বলা যায়, প্রেক্ষাগৃহের মালিকেরাও দর্শকদের স্বাগত জানানোর সব রকম সুযোগ পাচ্ছেন। দেশের বিভিন্ন অঞ্চলের সিনেমা হলের মালিকদের অনেকে নতুন আঙ্গিকে ব্যবসা ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছেন গেল বছরের শেষের দিকে।

‘মৃধা বনাম মৃধা’ ছবিটির মাধ্যমে নোভা ফিরোজের অভিষেক হল ঢাকার সিনেমায়
ছবি: সংগৃহীত

গেল বছর প্রার্থনা ফারদিন দীঘি, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া মাহি, সাদিয়া নাবিলা, নোভা ফিরোজের মতো শিল্পীদের চলচ্চিত্রজগতে পাওয়া গেছে। এ বছরও চলচ্চিত্রে অভিনয়শিল্পী হিসেবে পাওয়া যাবে ছোট পর্দার নতুন-পুরোনো অনেক মুখ। আসছেন নতুন নতুন নির্মাতা। নতুন ভাষার চলচ্চিত্র নির্মাণে যাঁরা ইতিমধ্যে প্রতিভার স্বাক্ষর রেখেছেন। নতুন বছরের জন্য প্রস্তুত সিনেমাগুলোর রয়েছে ভিন্ন ধাঁচের, মশলাদার মৌলিক গল্প। সব মিলিয়ে বলা যায়, ২০২২ সালের ঢালিউড দিচ্ছে ঘুরে দাঁড়ানোর স্পষ্ট ইঙ্গিত।