‘চলচ্চিত্র দেশ ও সমাজকে পথ দেখায় এবং সমাজের তৃতীয় নয়ন খুলে দেয়’
‘এ দেশের কালজয়ী চলচ্চিত্রগুলো আমাদের স্বাধিকার আন্দোলনে, স্বাধীনতাসংগ্রামে ও স্বাধীনতা–উত্তরকালে দেশ গঠনে ভূমিকা রেখেছে। একই সঙ্গে অনেক বিষয়, যা সমাজ ও সমাজপতিরা ভাবে না, সেগুলোও চলচ্চিত্রের মাধ্যমে উঠে আসে, সমাজকে পথ দেখায়।’ কথাগুলো বলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। আজ রোববার বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে ২০তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে ছিল। সেখানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
বিশ্বব্যাপী করোনা মহামারির প্রতিকূলতার মধ্যেও ঢাকা চলচ্চিত্র উৎসব আয়োজন থমকে যায়নি, এ জন্য আয়োজকদের অভিনন্দন জানান মন্ত্রী। এই সময় হাছান মাহমুদ আরও বলেন, ‘চলচ্চিত্র শুধু মানুষকে কাঁদায়, হাসায় বা আনন্দই দেয় না, একটি ভালো চলচ্চিত্র দেশ ও সমাজকে পথ দেখায় এবং সমাজের তৃতীয় নয়ন খুলে দেয়। আজকে পৃথিবী প্রচণ্ড ব্যক্তিকেন্দ্রিক, মানুষ আজ যন্ত্রের ব্যবহারের সঙ্গে সঙ্গে নিজেও যন্ত্র হয়ে যাচ্ছে, অনুভূতি, সহানুভূতি যেন লোপ পাচ্ছে। এই প্রেক্ষাপটে মানুষ যেন মানুষ থাকে, মানুষ যেন যন্ত্র হয়ে না যায়, সেই ক্ষেত্রে চলচ্চিত্র ভূমিকা রাখতে পারে।’
মন্ত্রী জানান, ‘সিনেমা হল নির্মাণ, পুরোনো হল চালু কিংবা আধুনিকায়নে এমনকি মার্কেটের সঙ্গে সিনেপ্লেক্স নির্মাণেও মেট্রোপলিটন এলাকার বাইরে ৪.৫ শতাংশ ও মেট্রোপলিটন এলাকায় ৫ শতাংশ হারে ব্যাংককে লভ্যাংশ দিয়ে একজন উদ্যোক্তা দশ কোটি টাকা পর্যন্ত ঋণ পাবেন। এ জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে ১০০০ কোটি টাকার তহবিল গঠিত হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে চলচ্চিত্র নির্মাণে বার্ষিক অনুদানের সংখ্যা ও পরিমাণও বৃদ্ধি করা হয়েছে। আশা করি, ভবিষ্যতের দিনগুলো আমাদের চলচ্চিত্রশিল্পের জন্য সুদিন বয়ে আনবে।’
১৫ জানুয়ারি থেকে শুরু হওয়া ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রায় ৭০টি দেশের ২২৫টি সিনেমা ঢাকায় জাতীয় জাদুঘর, গণগ্রন্থাগার, অলিয়ঁস ফ্রঁসেজসহ কয়েকটি স্থানে দেখানো হয়েছে। সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে পুরস্কার বিতরণ করেন মন্ত্রী হাছান মাহমুদ। উৎসবে ভারতের ‘পেবলস’ সেরা চলচ্চিত্রের পুরস্কার পায়।
ফিনল্যান্ডের ‘দ্য আদার সাইড অব দ্য রিভার’ সেরা প্রামাণ্যচিত্র, ফ্রান্সের ‘আ সামার প্লেস’ সেরা স্বল্পদৈর্ঘ্য এবং নারী নির্মাতা বিভাগে ইরানের সাহারবানু সেরা ফিচার ফিল্মের পুরস্কার অর্জন করেন। দর্শক পছন্দে সেরা চলচ্চিত্র পুরস্কার জিতেছে এ দেশের ‘চন্দ্রাবতী কথা’ ও ‘লাল মোরগের ঝুঁটি’। আর বাংলাদেশ প্যানোরামা বিভাগে সেরা চলচ্চিত্র পুরস্কার পেয়েছে ‘আজব কারখানা’।
মূল আয়োজক রেইনবো ফিল্ম সোসাইটির বোর্ড সদস্য মফিদুল হকের সভাপতিত্বে ও উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামালের পরিচালনায় শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী ও ঢাকা ক্লাবের প্রেসিডেন্ট খন্দকার মশিউজ্জামান রোমেল অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন।