চলচ্চিত্র নির্মাণে রোজিনা

এবার চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন আশির দশকের চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা রোজিনা। ছবির নাম বীরাঙ্গনা। পাশাপাশি ছবিতে বীরাঙ্গনা চরিত্রে নিজেই অভিনয় করবেন তিনি।
হঠাৎ চলচ্চিত্র পরিচালনা কেন? এ প্রসঙ্গে রোজিনা বলেন, ‘চলচ্চিত্রে অভিনয়ের শেষের দিকে এসে পরিকল্পনা ছিল ছবি পরিচালনা করব। সে জন্য ছোট পর্দায় একাধিক কাজও করেছি। সেই অভিজ্ঞতা থেকেই কাজটি করার সাহস পাচ্ছি।’
তবে বীরাঙ্গনা ছবিটি সরকারের অনুদানে নির্মাণে আগ্রহী বলে জানান জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী এই নায়িকা। তিনি বলেন, ‘চিত্রনাট্যটি মন্ত্রণালয়ে জমা দিয়েছি। যদি অনুদান না-ও পাই, তারপরও ছবিটি নির্মাণ করতে চাই আমি। আর অনুদান পেলে কাজটা করা একটু সহজ হবে আমার জন্য।’
ছবিটির গল্প ও চিত্রনাট্যও লিখেছেন রোজিনা নিজেই। এ ব্যাপারে একসময়ের শতাধিক ছবির এই নায়িকা বলেন, ‘১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন গ্রামে নানির বাড়িতে ছিলাম। সেই সময় কাছ থেকে দেখা অভিজ্ঞতা থেকেই ছবির কাহিনি লিখেছি।’ রোজিনা জানান, তাঁর নিজ গ্রাম গোয়ালন্দের কুমড়াকান্দি গ্রামে রাজাকার আলবদরদের দ্বারা ক্ষতবিক্ষত একটি পরিবারের কাহিনিকে ধরেই গল্পের মূল বিষয়বস্তু।
মূল চরিত্রে রোজিনা নিজে অভিনয় করলেও ছবির বাকি শিল্পী এখনো চূড়ান্ত হয়নি। আগামী বছরের জানুয়ারি মাস থেকে ছবিটির শুটিং শুরুর কথা জানান রোজিনা।