চলচ্চিত্রে বাস্তবের জুটি সাগর-শম্পা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আই লাভ ইউ প্রিয়া’ ছবির দৃশ্যে সাগর ও শম্পা
‘আই লাভ ইউ প্রিয়া’ ছবির দৃশ্যে সাগর ও শম্পা

সাগর ও শম্পা দুজনেই ‘সুপার হিরো সুপার হিরোইন’ প্রতিযোগিতার সেরা ছয়ে ছিলেন। তাঁদের পরিচয়ও এই প্রতিযোগিতার মাধ্যমেই। পরিচয় থেকে প্রেমের শুরু। কিছুদিন আগে  তাঁরা ভালোবেসে ঘরও বেঁধেছেন। বিয়ের পর এবার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বাস্তব জীবনের জুটি সাগর ও শম্পা অভিনীত নতুন ছবি ‘আই লাভ ইউ প্রিয়া’। ২০ নভেম্বর ঢাকাসহ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। ‘আই লাভ ইউ প্রিয়া’ ছবিটি পরিচালনা করছেন মামুন খান।


ছবিটি নিয়ে সাগর বেশ উচ্ছ্বসিত। আজ সোমবার সকালে প্রথম আলোর সঙ্গে আলাপে সাগর বলেন, ‘ছবিটির কাজ শুরু করেছিলাম ২০১১ সালে। একটানা শুটিং করে কাজ শেষ করি। সে সময় যদি ছবিটি মুক্তি পেত তাহলে আরও বেশি ভালো হতো। অবশেষে ছবিটি যে এখন মুক্তি পাচ্ছে, এতেই আমি অনেক খুশি।’

ছবির গল্প প্রসঙ্গে সাগর বলেন, ‘আমাদের চলচ্চিত্রের ভেতরকার নানা ঘটনা নিয়ে “আই লাভ ইউ প্রিয়া” ছবির গল্প। গ্রামের সাধারণ একটি মেয়েকে নায়িকা হতে গিয়ে যেসব প্রতিকূলতার মুখোমুখি হতে হয়, তা খুব সুন্দরভাবে এ ছবিতে তুলে ধরা হয়েছে।’ তিনি বলেন, ‘আমার বিশ্বাস, পাঁচ মিনিট দেখার পরই ছবিটি শেষ না করে হল থেকে কেউ বের হতে পারবে না।’

‘আই লাভ ইউ প্রিয়া’ ছবির দৃশ্যে সাগর ও শম্পা
‘আই লাভ ইউ প্রিয়া’ ছবির দৃশ্যে সাগর ও শম্পা

সাগর ও শম্পা জুটির প্রথম ছবি ছিল ‘মনের মধ্যে লেখা’। বছর খানেক আগে ছবিটি মুক্তি পায়।

আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার বিবি রাসেলের হাত ধরে ১৯৯৮ সালে র‍্যাম্প মডেলিংয়ের মাধ্যমে শোবিজে কাজ শুরু করেন সাগর। দীর্ঘ ক্যারিয়ারে তিনি ৫০টির মতো বিজ্ঞাপনচিত্র এবং পাঁচ শতািধক মিউজিক ভিডিওর মডেল হয়েছেন।

এনটিভির রিয়েলিটি শো ‘সুপার হিরো সুপার হিরোইন’ প্রতিযোগিতার পর সাগর ও শম্পা জুটি হয়ে চারটি ছবিতে অভিনয় করেছেন। ‘আই লাভ ইউ প্রিয়া’ ও ‘মনের মধ্যে লেখা’ ছাড়া অন্য ছবি দুটি হচ্ছে— হাসান কামরুলের ‘এক্সকিউজ মি’ ও ফেরদৌস রেজার ‘ওয়ান ওয়ে রোড’।