চলছিল অমিত-মারুফের লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিধ্বস্ত ছবির শুটিংয়ে অমিত হাসান ও মারুফ
বিধ্বস্ত ছবির শুটিংয়ে অমিত হাসান ও মারুফ

সন্ধ্যার এফডিসি। বেশির ভাগ ফ্লোরেই শুটিং বাতি জ্বলেনি তখনো। নির্বাচনের পর পরিচালক সমিতির আঙিনা অনেকটাই ঝিমিয়ে পড়েছে। তবে নতুন করে জেগে উঠেছে শিল্পী সমিতির আঙিনা। আসছে ৫ মে শিল্পী সমিতির নির্বাচন। সে জন্যই হয়তো বেড়েছ শিল্পীদের আনাগোনা। 

পরিচালক সমিতির কার্যালয় পার হলেই এক নম্বর ফ্লোর। ভেতরে না ঢুকেও চিত্কার-চেঁচামেচির শব্দ কানে আসে। উঁকি দিতেই দেখা যায়, ভেতরে মারপিট চলছে। মারুফের হাতে মার খেয়ে যখন দুষ্টু লোকেরা সবাই কাবু, তখন এসে হাজির হন তাঁদের দলনেতা অমিত হাসান। হাতে ধারালো অস্ত্র। এরপর মারুফ ও অমিতের মধ্যে বাধে তুমুল লড়াই। হঠাৎ মাঝপথে ক্যামেরা থামিয়ে দেন ফাইট ডিরেক্টর চুন্নু। মারপিট থামান, দৃশ্য ‘ওকে’।
মনিটরের পেছনে বসে থাকতে দেখা যায় পরিচালক মুস্তাফিজুর রহমান বাবুকে। তিনি জানান, চলছে ‘বিধ্বস্ত’ ছবির শেষ দিকের শুটিং। বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে ধ্বংস করার চক্রান্তকারী অমিত হাসানের আস্তানা এটি। বাকি অংশের গল্পটি জানতে চাইলে মুস্তাফিজুর রহমান বলেন, ‘নায়ক মারুফের হাতে মার খেয়ে এখান থেকে পালিয়ে যাবে অমিত হাসান। কিন্তু পরে অন্য এক জায়গায় গার্মেন্টস শ্রমিকদের হাতে ধরা পড়বে সে। তাঁরাই পিটিয়ে মেরে ফেলবে অমিত হাসানকে। ওই দৃশ্যগুলো ধারণ করা হবে আশুলিয়ায়।’
এরই মধ্যে পরের দৃশ্যের ডাক আসে। ফ্লোরের বাইরে এফডিসির চারপাশের কোলাহল আরও খানিকটা থেমে এসেছে ততক্ষণে।