চিত্রনাট্যকার থেকে পরিচালক, প্রথম চলচ্চিত্র ভারতের উৎসবে
বড় বাজেটের ও আলোচিত কয়েকটি চলচ্চিত্রে সংলাপ রচয়িতা ও চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন আসাদ জামান। এসব ছবির মধ্যে রয়েছে ‘ঢাকা অ্যাটাক’, ‘যদি একদিন’, ‘জান্নাত’, ‘ক্যাসিনো’ ও ‘ঢাকা ২০৪০’। এবার তিনি নিজেই একটি চলচ্চিত্র নির্মাণ করলেন। সংলাপ রচয়িতা ও চিত্রনাট্যকার থেকে জন্ম নিল এক পরিচারকের। ‘জলঘড়ি’ নামের এই সিনেমা ভারতের একটি চলচ্চিত্র উৎসবের সেরা চারে জায়গা করে নিয়েছে। ছবির পরিচালক আসাদ জামান গত শুক্রবার বিকেলে প্রথম আলোকে এই খবর নিশ্চিত করেছেন।
‘জলঘড়ি’ সিনেমায় অভিনয় করেছেন দ্বীপান্বিতা মার্টিন, হাসনাত রিপন, সাজাহান সৌরভ, জয়িতা মহলানবিশ প্রমুখ। ছবির পরিচালক আসাদ জামান বলেন, ‘দেশের বাইরের কোনো উৎসবে অংশগ্রহণ করাটা অনেক বেশি আনন্দের এবং সম্মানের। এই উৎসবে বাংলাদেশ থেকে আরও বেশ কয়েকটি ছবি অংশ নিয়েছিল। তবে সেমিফাইনালে আছে এখন শুধু “জলঘড়ি”। প্রথম ছবিতে এত দূর আসতে পারাটা আমরা উৎসাহ ও অনুপ্রেরণা অনেকখানি বাড়িয়ে দিয়েছে।’
ভারতের ঝাড়খন্ড চলচ্চিত্র উৎসব–২০২০–এর প্রতিযোগিতা বিভাগে সেমিফাইনালিস্ট হিসেবে নির্বাচিত হয়েছে আসাদ জামানের চলচ্চিত্র ‘জলঘড়ি’। পরিচালক জানালেন, এর আগে তাঁর এই ছবি ইতালি, যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্যের তিনটি উৎসবেও আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়।
জানা গেছে, ‘জলঘড়ি’ সিনেমাটি খ্রিষ্টীয় বছরের শেষ দিন বা ৩১ ডিসেম্বরকে কেন্দ্র করে নির্মিত। সেদিন কিছু মানুষের জীবনে ঘটে যাওয়া পরিবর্তনকে কেন্দ্র করে তৈরি হয়েছে সিনেমার কাহিনি। যেখানে উঠে এসেছে পারস্পরিক সম্পর্ক, পারিবারিক মূল্যবোধ, ব্যবসায়িক সংঘর্ষসহ নানা কিছু, যা উৎসব উদ্যাপনের আগমুহূর্তে এক এক করে ঘটতে থাকে।
১ সেপ্টেম্বর থেকে এই উৎসব শুরু হয়ে শেষ হবে ১০ সেপ্টেম্বর। অনলাইনে সমাপনী অনুষ্ঠান হবে বলে জানালেন আসাদ। প্রাথমিকভাবে এই আয়োজন হওয়ার কথা ছিল জুন মাসে, কিন্তু করোনার কারণে পিছিয়ে যায়।