ছবিটি ইলহামের নয়, জানালেন তিশা ও ফারুকী
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি অভিনেত্রী তিশার একটি ভিডিও প্রকাশিত হয়েছে। যেখানে তিশার কোলে একটি শিশু। নুসরাত ইমরোজ তিশা ও মোস্তফা সরয়ার ফারুকী দুজনই জানিয়েছেন, এ ছবি বা ভিডিওটি তাঁদের কন্যা ইলহামের নয়। এটি আগের ভিডিও।
আজ সোমবার বেলা ১১টা ৪৭ মিনিটে ফেসবুকে এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। তিনি লিখেছেন ‘একটা ব্যাপারে বেশ বিভ্রান্তি ছড়াচ্ছে। এটা আরও ছড়ানোর আগেই আমরা পরিষ্কার করতে চাই। কিছু কিছু সংবাদ এবং ভিডিওর সাথে ইলহামের ছবি হিসাবে একটা পুরোনো ছবিকে জুড়ে দেয়া হচ্ছে। আমরা জানতে পেরেছি শুরুর দিকে ভুলে এটা যোগ করা হয়েছিল কিছু রিপোর্টের সাথে, যেটা পরে সরিয়ে ফেলা হয়েছে। কিন্তু অনলাইনে একটা কিছু উঠে গেলে তো সেটা ছড়াতেই থাকে। সেই জন্যই এই পোস্ট দেয়া যাতে কোনো বিভ্রান্তি না ছড়ায়।
আমরা যখন ইলহামের ছবি সবার সাথে শেয়ার করতে চাইব, তখন আমরা নিজেরাই সেটা আমাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করব। তাই প্লিজ অন্য ছবিকে যেন ইলহামের বলে আমরা না ছড়াই।
আমরা যখন ইলহামের ছবি সবার সাথে শেয়ার করতে চাইব, তখন আমরা নিজেরাই সেটা আমাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করব। তাই প্লিজ অন্য ছবিকে যেন ইলহামের বলে আমরা না ছড়াই। সবাই ভালো থাকবেন। আপনাদের দোয়া ও ভালোবাসার জন্য ইলহাম এবং আমাদের পরিবার কৃতজ্ঞ।’
প্রসঙ্গত, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সংগৃহীত ছবিটি প্রথম আলো অনলাইনে ‘ইলহামের গৃহ প্রবেশ উপলক্ষে একটি ছোট্ট ভিডিও বানিয়েছি’ নিউজের সঙ্গে কিছু সময়ের জন্য ব্যবহার করা হয়েছিল। কিন্তু ভুল বুঝতে পেরে দ্রুত ছবিটি সরিয়ে ফেলে প্রথম আলো।
ছবিটি কবেকার সে বিষয়টিও প্রথম আলোর কাছে পরিষ্কার করে মোস্তফা সরয়ার ফারুকী বললেন, ‘বছরখানেক আগে একই হাসপাতালে একই ডাক্তারের তত্ত্বাবধানে তিশার এক আত্মীয়ের সন্তান জন্ম হয়। সেই সন্তানকে দেখতে হাসপাতালে যায় তিশা। তখন তিশার কোলে থাকা অবস্থায় নবজাতকের একটি ভিডিও তৈরি হয়। সেই ভিডিও থেকে এই ছবিটি ছড়িয়ে পড়েছে।’
ঢাকার গ্রিনরোডের একটি হাসপাতাল থেকেই ৫ জানুয়ারি ইলহাম নুসরাত ফারুকীর পৃথিবীতে আগমনের খবরটি ফেসবুকে জানান তার মা অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশা ও বাবা পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। সেদিন রাত ৮টা ২৭ মিনিটে কন্যাসন্তানের জন্ম দেন তিশা। জন্মের তিন দিন পর গত শনিবার হাসপাতাল থেকে তিশা ও ফারুকীর একমাত্র কন্যা ইলহাম তাঁর বনানীর বাড়িতে গেছে। ফারুকী বলেন, ‘এটা খুবই স্যাড ও আনফরচুনেট। আমরা ছবিটি দেখে সত্যিই অবাক হয়েছি!’
১০ জানুয়ারি মোস্তফা সরয়ার ফারুকী তাঁর ফেসবুক পেজে বাবাজীবনের অনুভূতি জানিয়ে একটি স্ট্যাটাস দেন।
সেখানে তিনি লিখেন, ‘বাবা জীবন। গিয়েছিলাম আড়ংয়ে। একজন ভদ্রমহিলা ওনার ছেলেকে নিয়ে এসে অনুরোধ করলেন একটা ছবি তোলার জন্য। তো এই অনুরোধ তো যথা কারণেই আমরা অনেক পাই। কিন্তু যে ব্যাপারটা আমার মন ভরে দিয়েছে, চোখে পানি প্রায় এনেই ফেলেছিল, সেটা হলো ওনার সম্বোধন। উনি আমাকে সম্বোধন করেছিলেন “ইলহামের বাবা” বলে! আহ! নাথিং মেড মি হ্যাপিয়ার দ্যান দিস। একসময় আমি পরিচিত হয়েছিলাম “রব সাহেবের ছেলে” হিসেবে। তারপর নিজের পরিচয়ে। এখন ইলহামের বাবা হিসেবে।’