তাহসান ও বাঁধন এক ছবিতে অভিনয় করছেন। নভেম্বরের শেষ সপ্তাহে ‘আ ব্লেসড ম্যান’ চলচ্চিত্রের এই খবর যখন আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়, বিনোদন অঙ্গনে বেশ হইচই পড়ে যায়। সে বছরই শুটিং শুরুর কথা থাকলেও এ বছরের দুই মাস পেরিয়ে গেলেও তাহসান আর বাঁধনের সেই ছবির শুটিংয়ের কোনো খবর নেই। গতকাল সোমবার যখন এই ছবির অন্যতম প্রযোজক আবু শাহেদ ইমনের সঙ্গে যোগাযোগ করা হয়, তিনি জানান, এখনো শুটিংয়ের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। চিত্রনাট্যের বদল হচ্ছে। কাস্টিংও বদলে যেতে পারে!
আবু শাহেদ ইমনের কথায় স্পষ্ট, তাহসান ও বাঁধনের কোনো একজনের এই চলচ্চিত্রে থাকা হচ্ছে না। কার থাকা হচ্ছে না, সে বিষয়ে এখনো চূড়ান্ত কিছু জানাতে চাচ্ছেন না তিনি। তবে শুটিং শুরু করতে না পারার কারণ হিসেবে প্রথম আলোকে এটুকু জানিয়ে রাখেন, ‘যখনই শুটিং শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলাম, দেশে তখন করোনা পরিস্থিতি বেড়ে যায়। এই সমস্যায় এত বড় ইউনিট নিয়ে কাজ করতে চাইনি। ছবিটির বেশির ভাগ শুটিং আউটডোরে করতে হবে, তাই ঝুঁকিটুকু নিতে চাইনি। এদিকে তাহসান ও বাঁধন ওই সময় দেশের বাইরে যাওয়া–আসা করেন, শিডিউল মেলানো সম্ভব হয়নি। সবকিছু মিলিয়ে আমাদেরও তাই মনে হয়নি, ওই সময় শুটিং করাটা যুক্তিযুক্ত হবে।’
কথায় কথায় ইমন বলেন, ‘সময় যেহেতু আমরা পেলাম, পাণ্ডুলিপি নিয়ে আরও ভাবছি। আরও ডেভেলপমেন্ট করা হচ্ছে। পাণ্ডুলিপিতে যেহেতু বদল হচ্ছে, স্বভাবতই কাস্টিংয়েও একটা বদল আসবে। তবে কে থাকছেন বা কে যুক্ত হচ্ছেন, আমরা তা সময়মতো জানাব। এই মুহূর্তে বলার মতো কোনো অবস্থা নেই। শুটিং শুরু করতেও আমাদের সময় লেগে যাবে।’
গত বছরের নভেম্বরে এক ভিডিও বার্তায় তাহসান বলেছিলেন, ‘নতুন একটি সুখবর দিচ্ছি। নতুন সিনেমা “আ ব্লেসড ম্যান”–এর শুটিং শুরু করতে যাচ্ছি। আপনাদের কাছে দোয়া চাই। এই সিনেমায় কাজ করছেন বিশ্ব জয় করে আসা আজমেরী হক বাঁধন। সঙ্গে আছি আমি। আমাকে যে কেন নিল (হাসি)! সিনেমাটি নিয়ে নির্মাতার সঙ্গে বসেছিলাম। আমি অনেক উৎফুল্ল। দারুণ চিত্রনাট্য।’
তাহসান তখন আরও বলেছিলেন, ‘বাংলাদেশের সিনেমা আমরা অনেকভাবেই দেখেছি। কিন্তু এই সিনেমা একদমই অন্য রকম। এটা চিত্রনাট্য পড়ে আমার মনে হয়েছে। আমরা শিগগির সিনেমাটি নিয়ে কাজ শুরু করব। এ জন্য ব্যাপক প্রস্তুতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে।’
ছবিটি বিষয়ে ফেসবুকে অপর এক ভিডিও বার্তায় বাঁধন বলেছিলেন, ‘ছবির গল্পটা আমার খুব পছন্দ হয়েছে, সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আমার নিজের চরিত্র। অনেক চ্যালেঞ্জিং একটা চরিত্র। আপনারা অনেকে জানতে চেয়েছিলেন আমার ওজন কেন এত কমে যাচ্ছে। কারণ হচ্ছে (এই ছবি) নতুন এই চরিত্রের জন্য আমাকে আরও ওজন কমাতে হবে।’
প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাপল বক্সের ব্যানারে নির্মিত হচ্ছে ‘আ ব্লেসড ম্যান’। এটি পরিচালনা করবেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ পরিচালক সাদিক আহমেদ। ২০০৬ সালে স্বল্পদৈর্ঘ্য ছবি ‘তানজু মিয়া’ দিয়ে পরিচালক সাদিক আহমেদের পথচলা শুরু। ২০০৮ সালে নির্মাণ করেন ‘দ্য লাস্ট ঠাকুর’। পিপলু খান নির্মিত প্রামাণ্যচিত্র ‘হাসিনা: আ ডটারস টেল’–এর চিত্রগ্রাহক সাদিক।