ছবিতে নেমেই ১৬ লাখ!

মডেল ও উপস্থাপিকা নুসরাত ফারিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ সক্রিয়। সেখানে তাঁর ভক্ত অনুসারীর সংখ্যাও কম নয়। এই তো মাস কয়েক আগে ফেসবুকে তাঁর অনুসারীর সংখ্যা ছিল ছয় লাখের মতো। কিন্তু চলচ্চিত্রে নায়িকা হিসেবে কাজ শুরুর পর পরই ফারিয়ার অনুসারীর সংখ্যা রাতারাতি বাড়তে থাকে। এ নিয়ে ভীষণ উচ্ছ্বসিত ফারিয়া নিজেই জানালেন, ফেসবুকে তাঁর অনুসারীর সংখ্যা এখন ১৬ লাখ ছাড়িয়ে গেছে।
ফারিয়ার প্রথম ছবির নাম আশিকী (শুরুতে নাম রাখা হয়েছিল প্রেমী ও প্রেমী)। কলকাতার নির্মাতা অশোক পতি পরিচালিত এই ছবিতে তাঁর সহশিল্পীও কলকাতার অঙ্কুশ। টানা এক মাসেরও বেশি সময় ধরে স্কটল্যান্ডে শুটিং শেষ করে কিছুদিন আগে ঢাকায় ফিরেছেন নুসরাত ফারিয়া।
ফারিয়া বললেন, ‘পরিচিতজন, বন্ধুবান্ধব এবং শুভাকাঙ্ক্ষীদের সকলেই সিনেমায় আমার কাজ করাটাকে স্বাগত জানিয়েছে। সেটা হয়তো দেখানো সম্ভব না। কিন্তু ফেসবুকের অনুসারীদের ব্যাপারটা দৃশ্যমান। ছবিতে চুক্তি হওয়ার পর থেকেই ফেসবুকের বন্ধুরাও আমাকে নানাভাবে স্বাগত জানিয়েছে। ছবি সম্পর্কে কোনো আপডেট দিলেই তা বেশ ভালোভাবেই টের পাওয়া যায়। আমি আমার ফেসবুক অনুসারীদের ভালোবাসায় অভিভূত।’

‘আশিকী’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ঢাকাই চলচ্চিত্রের ‘প্রিয়দর্শিনী নায়িকা’ খ্যাত অভিনেত্রী মৌসুমী।
ঈদুল আজহায় ‘আশিকী’ ছবিটি মুক্তি পাবে বলেই জানিয়েছেন ফারিয়া। তিনি বলেন, ‘আগস্টের মাঝামাঝি সময়ে কলকাতায় ডাবিংয়ের কাজ শুরু করব। এর ফাঁকে ফটোশুটের কাজও করব।’
ফারিয়া জানান, আশিকী ছবির কাজের সুবাদে কলকাতায় তাঁর অনেক নতুন বন্ধু জুটেছে। ফেসবুকের পাশাপাশি তাঁরা নাকি ফারিয়াকে টুইটারেও নিয়মিত হওয়ার অনুরোধ করেছেন। আর তাই আজ বৃহস্পতিবার রাতেই নিজের একটি টুইটার অ্যাকাউন্টও চালু করবেন ফারিয়া।
শুটিং শুরুর দিক হিসেব করলে ‘আশিকী’ ফারিয়া অভিনীত প্রথম ছবি হলেও রেদওয়ান রনির ‘মরীচিকা’ ছবিতেই তাঁর প্রথম কাজ করার কথা ছিল। কিন্তু এখনো পর্যন্ত ছবিটির কাজ শুরু করা সম্ভব হয়নি। এ ছবি নিয়ে নুসরাত ফারিয়া নিজে আর কিছু বলতে চান না।