ছবির পোস্টার আমার ঈদ নষ্ট করেছে: ববি

ববি। ছোটপর্দা দিয়ে শুরু হলেও সিনেমার কাজ নিয়েই এখন ব্যস্ত তিনি। এবারের ঈদে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত দুটি চলচ্চিত্র। একটি শাকিব খানের প্রযোজনায় হিরো, দ্য সুপারস্টার আর অন্যটি মোহাম্মদ হোসেন পরিচালিত আই ডোন্ট কেয়ার। আই ডোন্ট কেয়ার ছবি মুক্তির আগেই ছবিটির পোস্টার নিয়ে বেশ সমালোচিত হয়েছেন তিনি। এসব নিয়ে আজ শুক্রবার বিকেলে প্রথম আলোর মুখোমুখি হন ববি। বললেন নেপথ্যের গল্প। পাঠকদের তা জানাচ্ছেন মনজুর কাদের
আই ডোন্ট কেয়ার ছবির পোস্টারটি নিশ্চয় দেখেছেন?
আমি আসলে খুবই মর্মাহত। ঈদে দুটি ছবি মুক্তি পাচ্ছে, এ নিয়ে আমার আনন্দের সীমা ছিল না। অথচ আই ডোন্ট কেয়ার ছবির পোস্টার আমার ঈদকে একেবারে নষ্ট করে দিয়েছে। পরিবার, বন্ধু-বান্ধব ও পরিচিতজনদের কাছে প্রতিনিয়ত বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। এমনিতে আমার পরিবার মিডিয়াতে কাজ করার ব্যাপারে অনেক রক্ষণশীল। তাঁরা আমাকে পড়াশোনার জন্য দেশের বাইরে পাঠিয়ে দিতে চেয়েছিলেন। অথচ আমি নিজের ইচ্ছায় মিডিয়াতে কাজ করছি। কিন্তু আমার সঙ্গে যে ধরনের ঘটনা ঘটছে, তাতে আমি সত্যিই আশাহত। ভাবতেই পারিনি আমার সঙ্গে আই ডোন্ট কেয়ার ছবির পরিচালক এ ধরনের বিশ্বাসঘাতকতা করবেন।
বিশ্বাসঘাতকতা কেমন?
পোস্টারে যে দৃশ্যটিকে হাইলাইট করা হয়েছে সেটির শুটিং করেছিলাম ব্যাংককে। এটি একটি কমেডি দৃশ্য ছিল। পরিচালক বলেছিলেন গল্পের প্রয়োজনে আমাকে সুইমিংপুলে স্বল্পবসনা হয়ে কাজটি করতে হবে। আর তা মার্জিত উপায়ে পর্দায় উপস্থাপন করা হবে। সাঁতার না জানার কারণে প্রথমে আমি দৃশ্যটি করতে অসম্মতি জানাই। পরিচালক নাছোড়বান্দা। যেকোনো উপায়ে তিনি দৃশ্যটি ধারণ করবেন। একপর্যায়ে দৃশ্যটিতে অভিনয় না করলে আমার নামে পাঁচ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা করবেন বলেও হুমকি প্রদান করেন। পাশাপাশি এ-ও বললেন, লং শট থেকে দৃশ্যটির ধারণকাজ করা হয়েছে। সবকিছু ভেবে আমি কাজটি করতে রাজি হই। সাঁতার না জানার কারণে আমি ইমব্যালেন্সড থাকায় পরিচালক কৌশলে খুব কাছ থেকে তাঁর কাঙ্ক্ষিত শটগুলো ধারণ করে নেন, যা দিয়ে এখন আমাকে হেয় করা হচ্ছে। একজন শিল্পীর সঙ্গে এ ধরনের প্রতারণার আশ্রয় নেওয়াটা মোটেও ঠিক হয়নি।
পোস্টারে আপনাকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, ছবিতেও কি তা-ই?
আসলে তেমন কিছুই না। পোস্টারে আমাকে অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়েছে। ফটোশপের সাহায্য নেওয়া হয়েছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
ছবিটির পোস্টার নিয়ে পরিচালকের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন?
আমি পরিচালকের সঙ্গে কথা বলার চেষ্টা করে ব্যর্থ হয়েছি। শুনেছি, এই পরিচালক নাকি আগে অশ্লীল ছবি নির্মাণ করতেন। আমার ভুল হয়েছে, খোঁজখবর না নিয়ে এ ধরনের পরিচালকের পরিচালিত ছবিতে অভিনয় করা।
ঈদে মুক্তি পাওয়া ছবি দুটি কি দেখেছেন?
আমি আমার সব ছবি প্রেক্ষাগৃহে গিয়ে দেখি। ঈদে মুক্তি পাওয়া ছবি দুটিও দেখেছি। হিরো-দ্য সুপারস্টার দেখেছি পুনম প্রেক্ষাগৃহে আর আই ডোন্ট কেয়ার সিনেমাটি দেখেছি জোনাকী প্রেক্ষাগৃহে। দুটি প্রেক্ষাগৃহে দর্শকেরা বেশ আগ্রহ নিয়ে ছবি দুটি দেখছে। ছবির প্রতি দর্শকদের আগ্রহ আমার কষ্ট কিছুটা হলে দূর করতে পেরেছে।
দুটি ছবির মধ্যে কোনটি ব্যবসায়িকভাবে সফল?
বিভিন্ন মাধ্যম থেকে যা জানতে পেরেছি, তাতে আমি ছবি দুটির ফলাফল নিয়ে অনেক বেশি হ্যাপি। দুটোই সমানতালে ব্যবসা করে যাচ্ছে। বলতে পারেন, ঈদে আমি আমার প্রতিদ্বন্দ্বী নিজে।
নায়ক শাকিব খান, নাকি প্রযোজক শাকিব খান
নায়ক শাকিব খান তো অলওয়েজ নাম্বার ওয়ান। তাঁর প্রতিদ্বন্দ্বী তিনি নিজে। আর প্রথম ছবি দিয়ে প্রযোজক শাকিব খানকে মূল্যায়ন করা সম্ভব নয়। তবে এটুকু বলতে পারি, শিল্পী থেকে প্রযোজক হওয়াতে শাকিব খান শিল্পীদের কষ্টগুলো বোঝেন। অনেক বেশি যত্নবান একজন মানুষ তিনি।
ঈদের পর ছবির শুটিং শুরু করেছেন?
৩ আগস্ট নেপাল যাব ব্ল্যাকমেইল ছবির শুটিং করতে। এক সপ্তাহ থাকব। সেখানে গানের শুটিংয়ে অংশ নেব।
আর কী কাজ করছেন?
অ্যাকশন জেসমিন এবং ওয়ান ওয়ে নামে দুটি সিনেমার কাজ করছি। দুটি ছবির পরিচালক ইফতেখার চৌধুরী। শুনেছি অ্যাকশন জেসমিন ছবিটি কোরবানির ঈদে মুক্তি দেওয়া হবে।