এখন পর্যন্ত চারটি চলচ্চিত্রে অভিনয় করেছেন নিশাত সালওয়া। প্রথম চলচ্চিত্র ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ হলেও কবরী পরিচালিত ‘এই তুমি সেই তুমি’র জন্যই তিনি বেশি পরিচিত।
এই ছবির শুটিং শুরুর পর থেকেই সালওয়া যেখানেই গেছেন, আপনি না কবরীর সিনেমার নায়িকা?—এমন কথা শুনতে হয়েছে। এই নায়িকার প্রথম সিনেমা ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ সেন্সর ছাড়পত্র পেয়েছে। ছাড়পত্রের বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক।
পরিচালক জানালেন, বছরের শেষে ছবিটি মুক্তি দিতে চান তিনি। বললেন, ‘চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্য নিইনি। পরিস্থিতি আরও স্বাভাবিক না হলে হয়তো দেরি হবে ছবিটি মুক্তি দিতে। তবে ইচ্ছে আছে, নভেম্বর বা ডিসেম্বরে মুক্তি দেওয়ার।’
জীবনের প্রথম সিনেমার সেন্সর ছাড়পত্রের খবরে ভীষণ উচ্ছ্বসিত নিশাত সালওয়া। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’-তে প্রথম রানারআপ হওয়ার পর নাটক নয়, ছোট পর্দায় বিজ্ঞাপনচিত্রে কাজ করেন সালওয়া। চলচ্চিত্রে এটিই তাঁর প্রথম কাজ।
এই সিনেমায় নিশাত সালওয়ার বিপরীতে অভিনয় করেছেন এ কে আজাদ আদর। ‘ইমামি ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম ২০১৪’ চ্যাম্পিয়ন আদর আর ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’ প্রতিযোগিতার প্রথম রানারআপ নিশাত সালওয়া এই চলচ্চিত্রের মাধ্যমে জুটি হয়েছেন।
‘স্বপ্নে দেখা রাজকন্যা’র পর সালওয়া ‘এই তুমি সেই তুমি’, ‘বীরত্ব’ও ‘বুবুজান’ নামের আরও তিনটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। সবশেষ ছবিটির কিছু অংশের কাজ এখনো বাকি রয়েছে বলে জানালেন সালওয়া।
‘স্বপ্নে দেখা রাজকন্যা’ চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন মৌসুমী মিথিলা, শিমুল খান, রেবেকা, সুব্রত, মারুফ আকিব, আলী রাজ প্রমুখ। সংগীত পরিচালক শাহরিয়ার রাফাত ও প্রমিত। চারটি গানে কণ্ঠ দিয়েছেন ইমরান, কোনাল, রাফাত, মৌসুমী মিথিলা ও প্রমিত। গানগুলোর কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। আর এই ছবির গল্প ও সংলাপ সুদীপ্ত সাঈদ খানের।