ছুটি শেষে ব্যস্ত এফডিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছুটির আড়মোড়া ভেঙে শহরে আবার ব্যস্ততা জেঁকে বসেছে। ফিরে এসেছে সেই চিরচেনা যানজট। ছোটাছুটির শুরুটা দিন কয়েক আগেই হয়েছে। সবার মতোই তাই চলচ্চিত্রপাড়ার ছুটিও শেষ হয়েছে। ছুটি শেষে ব্যস্ততার সেই কথাই থাকছে আজ
শাকিব খান ও উজ্জলকে রাজাবাবু ছবির দৃশ্য বুঝিয়ে দিচ্ছেন পরিচালক বদিউল আলম
শাকিব খান ও উজ্জলকে রাজাবাবু ছবির দৃশ্য বুঝিয়ে দিচ্ছেন পরিচালক বদিউল আলম

গতকাল রোববার। বেলা আড়াইটা। এফডিসির ৩ ও ৪ নম্বর ফ্লোরের সামনে মানুষের জটলা। তাঁদের মধ্যে কয়েকজন আবার খেতে বসেছেন। খাবারের নানান পদ। এফডিসির খাবারে যা হয় আর কি! জটলার উল্টো দিকে ৩ নম্বর ফ্লোর। সেই ফ্লোরের দরজা হাট করে খোলা। ভেতরে দিনের আলো। সেই আলোয় কয়েকজন হাঁটাহাঁটি করছেন। ফ্লোরের শেষ প্রান্তে সিঁড়িসমেত বাড়ির সেট তৈরি করা হয়েছে। সেখানে দাঁড়িয়ে আছেন মিশা সওদাগর। আলোয় হাঁটা কয়েকজনকে নির্দেশ দিচ্ছেন তিনি। এমন দৃশ্যই ধারণ করা হচ্ছে ক্যামেরায়। ছবির নাম রাজাবাবু। পরিচালক বদিউল আলম। তিনি জানান, বাইরে-ভেতরে যাঁরা আছেন, সবাই সিনেমার কলাকুশলী। আসলে গ্রামবাসীর চরিত্রে অভিনয়ের জন্য অনেক লোকজন দরকার। এ কারণেই তাঁদের হাজির করা হয়েছে।
অনেক অভিনয়শিল্পীর দেখা মিললেও ‘রাজাবাবু’, মানে শাকিব খানের দেখা মিলল খানিক পরে। তিনি এলেন। সিনেমায় শাকিবের ‘পিতা’ উজ্জলকে নিয়ে দাঁড়ালেন ক্যামেরার সামনে। কয়েক দফায় ‘ওকে’ হলো তাঁর দৃশ্য। পরিচালক বললেন, ‘ঈদের ছুটি শেষে ২১ জুলাই শুরু হয়েছে ছবির কাজ। খুব দ্রুত কাজ শেষ করে আসছে ঈদুল আজহায় মুক্তির পরিকল্পনা করছি।’
৩ নম্বর ফ্লোরের সামনে সাধারণ মানুষের ভিড় বাড়ছে। বলা যায়, ‘গ্রামবাসী’ অভিনেতাদের সঙ্গে সাধারণ ঢাকাবাসী মিলেমিশে একাকার। সেই ভিড় ঠেলে এবার বের হওয়ার পালা। ৩ নম্বর ফ্লোরে তখনো খাওয়াদাওয়ার উত্সব চলছে। অন্যদিকে এটিএন বাংলার স্টুডিওতে চলছে নিয়মিত শুটিং।
ঈদের ছুটির পর আড়মোড়া ভাঙছে এফডিসি। ক্যানটিনের কথাই ধরা যাক। গতকাল সাঙ্গ করা হলো এর ধোয়ামোছার কাজ। আজ সোমবার থেকে খাবার মিলবে সেখানে। তবে ক্যানটিন না খোলার সুবাদে ভ্রাম্যমাণ রেস্তোরাঁ কদিনেই জমে ফেলেছে ক্যানটিনের সামনের জায়গাটা। নানা ধরনের মানুষের জটলা সেখানটায়। অবশ্য ঝরনা স্পটের সামনের শব্দ ভবনের সংস্কারকাজ চলছে।
পরিচালক সমিতি ও শিল্পী সমিতির অফিসও খুলেছে। শুধু অপেক্ষা বাড়ছে লাইট-ক্যামেরা-অ্যাকশন ও কাট শব্দগুলোর।