জনসচেতনতায় তাঁরা চারজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চঞ্চল চৌধুরী ও নাবিলা
চঞ্চল চৌধুরী ও নাবিলা

সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে বুড়ো বয়সের কয়েকটি ছবি পাঠিয়েই ডুব দিলেন চিত্রনায়ক ফেরদৌস। ছবিগুলো দেখে হঠাৎ কেউ ভাবতেই পারেন, ফেরদৌস ও পূর্ণিমা কি বুড়িয়ে গেলেন?
অনেকক্ষণ পর ফেরদৌস নিজেই ফোন দিলেন। বললেন, আসলে সমাজ–সচেতনতামূলক একটি বিজ্ঞাপনচিত্রের জন্য তাঁদের এমন সাজতে হয়েছে। দেশের মানুষকে ভ্যাট দিতে উদ্বুদ্ধ করতে ময়মনসিংহে তিন দিন ধরে একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন তিনি ও পূর্ণিমা। এর গল্পের প্রয়োজনেই তাঁদের এই সাজে দেখা যাবে। বিজ্ঞাপনচিত্রটি পরিচালনা করেছেন খিজির হায়াত খান।

ফেরদৌস ও পূর্ণিমা
ফেরদৌস ও পূর্ণিমা

জাতীয় রাজস্ব বোর্ডের অর্থায়নে এই বিজ্ঞাপনচিত্র নির্মিত হচ্ছে। ফেরদৌস বলেন, ‘অভিনয়শিল্পী হিসেবে একধরনের দায়বদ্ধতা থেকে কাজটি করা। মুক্তিযুদ্ধ সময়কালীন এক দম্পতির মাধ্যমে গল্পটি বলা হবে। ভিন্নধর্মী একটা ভাবনা নিয়ে কাজটি করেছি।’
ভ্যাট নিয়ে আরও একটি বিজ্ঞাপনচিত্র নির্মিত হয়েছে। এতে অভিনয় করেছেন আয়নাবাজি জুটি চঞ্চল চৌধুরী ও নাবিলা। বানিয়েছেন রেদওয়ান রনি। গতকাল বৃহস্পতিবার ঢাকার গুলশানের একটি বিপণিবিতানে এই বিজ্ঞাপনচিত্রের শুটিং হয়।
শুটিং স্পটে কথা হয় চঞ্চলের সঙ্গে। তিনি বললেন, ‘আমরা যাঁরা অভিনয়ের মানুষ, তাঁদের মাধ্যমে কোনো কথা বললে সাধারণ মানুষ খুব গুরুত্ব দিয়ে শোনেন। তাই এ ধরনের কাজ করতে ভালো লাগে। আমরা সবাই যদি আমাদের কাজের মাধ্যমে মানুষকে সচেতন করতে পারি, সেটাই আমাদের সার্থকতা। আয়নাবাজি সিনেমায় অভিনয়ের আগে ও পরে নাবিলা ও আমি একসঙ্গে কোনো কাজ করিনি। সিনেমার পর এবার বিজ্ঞাপনচিত্রেও কাজ করলাম। আশা করছি দর্শক মজা পাবেন, সচেতনও হবেন।’
নাবিলা বলেন, ‘সব মানুষের সামাজিক দায়বদ্ধতা আছে। আর সেই অবস্থান থেকেই অনেক মানুষ কাজ করেন। আমারও সুযোগ হয়েছে সে ধরনের একটি কাজ করার। ভালো লাগছে চঞ্চল ভাইয়ের মতো বড় মাপের একজন অভিনেতার সঙ্গে কাজটি করতে পেরে। তাঁর সঙ্গে পাল্লা দিয়ে কাজ করতে হচ্ছে। অভিনয়ে অনুপ্রেরণাও পাচ্ছি।’
শিল্পী ও পরিচালকেরা জানিয়েছেন, সপ্তাহ খানেকের মধ্যে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে এটির প্রচার শুরু হবে।