জন্মদিনে বাপ্পির 'অন্যরকম' উপহার

ঢাকাই চলচ্চিত্রের এ সময়ের আলোচিত নায়ক বাপ্পি চৌধুরীর আজ জন্মদিন। দিনটি একেবারেই অন্য রকমভাবে কাটছে বলেই জানিয়েছেন তিনি। আজ দুপুরে প্রথম আলোর সঙ্গে আলাপে বাপ্পি বলেন, ‘রাত থেকে কেক কাটা শুরু হয়েছে। এরই মধ্যে এক ডজন কেক কাটা হয়ে গেছে। আরও এক ডজন কেক কাটতে হবে মনে হচ্ছে। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের এমন ভালোবাসায় আমি মুগ্ধ।’
এদিকে, আজ রোববার দুপুরে কথা বলার সময় ধানমন্ডিতে তাঁর বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় কাজ সারছিলেন বলেই জানান বাপ্পি। তিনি বলেন, ‘আমি ইউল্যাবে (ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ) মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিষয়ে পড়ছি। বন্ধুদের আবদার ছিল, দুপুরের সময়টা তাঁদের সঙ্গে কাটাতে হবে। আমাকে এমনিতেই ছবির কাজে ব্যস্ত থাকতে হয়। তাই ইচ্ছে থাকা সত্ত্বেও বন্ধুদের সঙ্গে খুব একটা দেখা হয় না। আর এ কারণেই জন্মদিনের মুহূর্তটা বন্ধুদের সঙ্গে ভাগাভাগি করা থেকে নিজেকে বঞ্চিত করতে চাইনি।’
এখন পর্যন্ত এবারের জন্মদিনের সেরা উপহার কি পেলেন জানতে চাইলে বাপ্পি বলেন, ‘আজ সন্ধ্যা থেকে আমি তিনটি ছবির মহরত করব। ঢাকার একজন অভিনয়শিল্পী হিসেবে একই দিনে তিনটি ছবির মহরত করা আমার কাছে সবচেয়ে বড় উপহার। এর চেয়ে বড় কোনো উপহার আর হতে পারে না।
আজ রোববার সন্ধ্যা থেকে বাপ্পি যে তিনটি ছবির মহরত করবেন; সেই ছবি গুলো হচ্ছে— তারেক শিকদারের ‘দাগ’, ওয়াকিল আহমেদের ‘তুমি স্বপ্ন তুমি সাধনা’ এবং ওয়াজেদ আলী সুমনের ‘জানবাজ’।
বছর তিনেক আগে ‘ভালোবাসার রঙ’ ছবির মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হয়েছিল নারায়ণগঞ্জের ছেলে বাপ্পি চৌধুরীর। অল্প সময়ের মধ্যে দর্শকপ্রিয়তা পেয়ে যান তিনি।