জলিলের ‘মার্কেট’ পাওয়ার কৌশল
অনেক দিন হয়ে গেল কোনো আলোচনায় ছিলেন না অনন্ত জলিল। আলোচনায় থাকতে ভালোবাসেন তিনি। নতুন সিনেমা নেই, নেই কোনো খবরে। অন্তত সামাজিক যোগাযোগমাধ্যমে সবার ওয়ালে ওয়ালে থাকতে পারলেও একটা ‘কাজ’ হয়, সেও খারাপ কী! তাই ‘বড় ভাই’ হিসেবে নারীর শালীন পোশাক পরার পরামর্শ দিয়ে একটি ভিডিওবার্তা প্রকাশ করেছিলেন তিনি। অনেকে ভাবতে পারেন, সেটাই তাঁর কাল হয়ে দাঁড়িয়েছে। আবার অনেকেই বলছেন, বিতর্কিত হওয়াই জলিলের প্রচারণার কৌশল।
একই ইস্যু নিয়ে পরপর তিনটি ভিডিওবার্তা দিয়েছেন অনন্ত জলিল। সেসব বার্তায় তির্যক বক্তব্যের জন্য সমালোচিতও হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বক্তব্য সমালোচনার ঝড় তুলেছে। অনেকে বলছেন, আয়োজন করে ধারণ করা ওই ভিডিওবার্তা তিনি বিতর্ক সৃষ্টির জন্যই করেছেন। ওই ভিডিও নিয়ে বা ওই ভিডিওর মন্তব্যের ঘরে মানুষ বলছেন, ‘উল্টাপাল্টা বকে মার্কেট পেয়ে গেলেন অনন্ত জলিল।’ অর্থাৎ বিরূপ বক্তব্য দিয়ে মূলত আলোচনায় এসে সাধারণ মানুষ ও সংবাদমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন। আপাতত দৃষ্টিতে সফলও হয়েছেন।
গত রোববার কয়েক ঘণ্টার ব্যবধানে নিজের ফেসবুক পেজে দুটি ভিডিওবার্তা দিয়েছেন অনন্ত জলিল। ৬ মিনিট ১৭ সেকেন্ডের ওই ভিডিওতে জলিল বলেছিলেন, ‘অশালীন পোশাক ধর্ষণের কারণ’, ‘শালীন পোশাক পরা নারী কখনোই ধর্ষণের শিকার হন না’, ‘পোশাক ভালো না হলে নারীর ফিগার দেখে বাজে স্বভাবের লোকজন ধর্ষণে উসকানি পায়’।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ রকম বক্তব্যসংবলিত এক ভিডিও প্রকাশ করেছিলেন তিনি। সেখানে তরুণীদের উদ্দেশে (তাঁর ভাষায়) জলিল বলেছিলেন, ‘তোমাদের ভাই হিসেবে কিছু কথা বলতে চাই। নাটক, সিনেমা, সামাজিক যোগাযোগমাধ্যম অনুসরণ করে অন্য দেশের মেয়েদের মতো মডার্ন হতে গিয়ে বিদেশি সংস্কৃতির পোশাক পরছ। এসব পোশাকের জন্য রাস্তার বখাটেরা তোমার চেহারার দিকে না তাকিয়ে তোমার শরীর ও ফিগারের দিকে নজর দেয়। তোমাদের পোশাক দেখেই তারা তোমাদের ফিগার নিয়ে নানা কথা বলে। আর তাদের মাথায় ধর্ষণের চিন্তা আসে।’
ধর্ষণের জন্য নারীর অশালীন পোশাক দায়ী—ফেসবুকে এ ধরনের কথা বলে ভিডিওবার্তা দেওয়ায় মন্তব্যের ঘর ভরে উঠেছিল ক্ষুব্ধ প্রতিক্রিয়ায়।
জলিলের এমন মন্তব্যে চলচ্চিত্রাঙ্গনের অনেক পরিচালক ও অভিনয়শিল্পী ভীষণ ক্ষুব্ধ হয়েছেন। তারকাদের কেউ কেউ তাঁকে বয়কট করারও আহ্বান জানান। সাধারণ মানুষ ও বিনোদন অঙ্গনের মানুষের ক্ষোভের মুখে ফেসবুক ও ইউটিউব থেকে নিজের ওই ভিডিও সরিয়ে ফেলেন জলিল। চাপে পড়ে গতকাল সোমবার নিজের বক্তব্য বদলাতে বাধ্য হন পোশাক ব্যবসায়ী ও ঢালিউডের আলোচিত-সমালোচিত নায়ক অনন্ত জলিল।
ধর্ষণে নারীর অশালীন পোশাককে দায়ী করে যে ভিডিওবার্তা প্রকাশ করেছিলেন, সেটি প্রত্যাহার করে আরেকটি ভিডিওবার্তা দিয়েছেন তিনি। সেই ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ধর্ষণের জন্য নারীর পোশাক না, পুরুষদের বিকৃত মানসিকতাই দায়ী। এক দিনের মাথায় এমন একটি ভিডিওবার্তা পোস্ট করার বিষয়কে অনেকে জলিলের কৌশল বলতে চাইছেন। তাঁদের মতে, আলোচনায় থাকার জন্য পরিকল্পিতভাবে এ ভিডিওগুলো আগেই বানিয়েছেন তিনি। গতকাল সকালে পোস্ট করা ভিডিওবার্তায় জলিল বলেছেন, ‘আমি মেয়েদের সম্মান করি। শুধু মেয়েদের নয়, সারা দেশের মানুষেরই সম্মান করি। এটা মুখে বলার কথা নয়। ২০০৮ সাল থেকে আমি মিডিয়াতে আছি, অনন্ত জলিলের ক্যারেক্টার সবার জানা। মেয়েরা মায়ের জাত, তাঁদের সম্মান করি। রোববার সন্ধ্যায় আমি সবার সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছিলাম, সেই ভিডিওতে আমি সম্প্রতি ঘটে যাওয়া এবং বেড়ে চলা ধর্ষণের বিরুদ্ধে কিছু কথা বলেছিলাম।
নারীরা কী করলে ধর্ষণের শিকার হবে না, এটা নিয়েও কিছু মতামত ব্যক্ত করেছিলাম। পরবর্তী সময়ে নারীদের পোশাক নিয়ে বলা কথার অংশটুকু বাদ দিয়ে ভিডিও এডিট করে পুনরায় প্রকাশ করি।’
তাঁর প্রথম দুটি বক্তব্যর ভিডিওচিত্র দেখে বোঝা যায়, সেগুলো একই স্থানে ধারণ করা। ভিডিওচিত্রের আলো, শব্দ এবং জলিলের পোশাক পশ্চাৎপটের আলোর বিন্দুগুলো একই রকম করে জ্বলে রয়েছে। যা দেখে বোঝা যাবে, বিতর্ক তৈরির ভিডিও ও সম্পাদিত ভিডিও একই সময়ে ধারণ করা। হয়তো সম্পাদনা করে রেখে দেওয়া হয়েছিল, সময় বুঝে প্রকাশ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য অবশ্য জলিলের কাছে জানতে চাওয়া হয়নি। কিন্তু এই সময়ে আলোচনায় থাকলে কী লাভ?এর আগে একবার ভীষণ বিতর্ক সৃষ্টি হয়েছিল অনন্ত জলিলকে নিয়ে। স্ত্রীকে তালাকের নোটিশ পাঠিয়ে রীতিমতো তুলকালাম কাণ্ড ঘটিয়ে দিয়েছিলেন তিনি। পরে দেখা গেল যে ঘটনাগুলো বাস্তব জীবনে তিনি ঘটিয়েছেন, সেগুলো তাঁর নতুন সিনেমারই কাহিনি। অর্থাৎ ওই ‘তুলকালাম’ ছিল তাঁর নতুন সিনেমার প্রচারণার কৌশল। তবে কি আমরা অপেক্ষা করব, তাঁর কোনো নতুন সিনেমার জন্য?