জলের লড়াই, ডাঙার লড়াই
উপকূলীয় জনপদ বা সেখানকার মানুষজনের কথা আমরা কতটা জানি? ঝড়–জলোচ্ছ্বাসের মতো বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ হলে বা বড় মাছ, বেশি মাছ ধরা পড়লেই শুধু সংবাদ শিরোনামে আসে তারা। এর বাইরে অন্য সময়ে তেমন খবর রাখা হয় না। জানা হয় না। উপকূলের ভুলে যাওয়া এসব মানুষকে নিয়েই ছবি ‘নোনাজলের কাব্য’।
অনেক দিন ধরেই ছবিটির কথা শোনা যাচ্ছিল। দেশের বাইরে নানা উৎসবে ঘুরেছে। দেশে–বিদেশে তহবিল পেয়েছে। এই তো কিছুদিন আগে জাতিসংঘ জলবায়ু সম্মেলনে দেখানো হয় ‘নোনাজলের কাব্য’। জিতেছে বেশ কিছু আন্তর্জাতিক পুরস্কারও। লিখলে বাড়াবাড়ি হবে না, পুরস্কার আর আন্তর্জাতিক প্রদর্শনীর খবরের কারণে তরুণ নির্মাতা রেজওয়ান শাহরিয়ারের ছবিটি নিয়ে স্থানীয় অনেক দর্শকের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। তাঁদের অপেক্ষার আজ অবসান হবে।
ঢাকার স্টার সিনেপ্লেক্সের চারটি ভেন্যু, শ্যামলী সিনেমা ও ব্লকবাস্টার মুভিজ; নারায়ণগঞ্জের সিনেমাস্কোপ; চট্টগ্রামের সিলভারস্ক্রিন ও সুগন্ধা সিনেমা এবং বগুড়ার মধুবনে মুক্তি পাবে ‘নোনাজলের কাব্য’।
পরিচালক রেজওয়ান শাহরিয়ারের কাছে জানা গেল, বেড়াতে গিয়ে ছবির গল্পটা পেয়েছিলেন তিনি। তবে গল্পটা যে ‘ছবির গল্প’ হতে পারে, তা মাথায় আসে আরও পরে। তখনো তিনি ছাত্র। সিডরের কয়েক মাস পরের কথা। বন্ধুদের সঙ্গে কুয়াকাটা গিয়েছিলেন। ছবি তোলা তাঁর শখ। ছবি তোলার তাগিদে চলে যান সৈকত থেকে আরেকটু ভেতরে, একটি চরে।
এই চরের মানুষের জীবন-জীবিকা ইলিশনির্ভর। এর বেশ কিছুদিন পরে তিনি নিউইয়র্ক ফিল্ম স্কুলে পড়তে যান। সেখানকার শিক্ষকেরা তাঁদের ভিনদেশি শিক্ষার্থীদের পরামর্শ দেন, দেশে ফিরে তাঁরা যেন নিজের সংস্কৃতিতে গল্প তৈরি করেন। তখনই প্রথম রেজওয়ানের মনে পড়ে যায় ওই সব মানুষের মুখ, যাঁদের জীবনযাত্রা ছাত্রজীবনে তাঁকে নাড়া দিয়েছিল। তারপর চার বছর ধরে চলে সরেজমিন গবেষণা ও চিত্রনাট্য লেখা। সব মিলিয়ে পাঁচ বছর ধরে চলেছে এ ছবির কাজ।
এ ছবিতে প্রচলিত অর্থে কোনো নায়ক–নায়িকা নেই, বদলে আছেন কিছু জেলে। ডিঙিনৌকা বা ছোট ইঞ্জিনচালিত নৌকা যাঁদের মাছ ধরার একমাত্র অবলম্বন। একসময় সেখানে যন্ত্রচালিত বড় ট্রলার চলে আসায় প্রান্তিক এই জেলেরা হুমকির মুখে পড়েন, তাঁদের টিকে থাকাই দায় হয়ে যায়। তা ছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে ইলিশসহ অন্যান্য মাছের জীবনচক্রে পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঝড়-জলোচ্ছ্বাস, মাছ ধরায় দুই মাসের নিষেধাজ্ঞাজনিত বেকারত্ব—সব মিলিয়ে জেলেজীবনে একেবারে নাভিশ্বাস দশা।
এর মধ্যে শহর থেকে গ্রামে আসেন একজন ভাস্কর। তাঁর ভাস্কর্য স্থাপনের উদ্যোগকেই সাগরে মাছ না পাওয়ার কারণ হিসেবে দায়ী করেন কিছু জেলে। বিষয়টিকে তাঁরা গজব হিসেবে বিবেচনা করেন। ভাস্করের উপস্থিতি এবং তাঁকে ঘিরে গ্রামবাসীর জল্পনাকল্পনা ও শঙ্কা এবং পরিশেষে সংঘাত—এ নিয়েই এগিয়েছে ছবির গল্প।
পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের গঙ্গামতীর চর। কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে পূর্ব দিকে মাত্র ১০ কিলোমিটার দূরে এই চর। সেখানেই সিনেমার শুটিং হয়েছে। ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, তিতাস জিয়া ও তাসনোভা তামান্না।
স্থানীয় লোকজনের মধ্যে ছিলেন রেজাউল করিম, জাহিদুল ইসলামসহ কয়েকজন। আবহসংগীত পরিচালনা করেছেন অর্ণব। গ্রামের চেয়ারম্যানের ভূমিকায় অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। তাঁর মতে, পরিচালক এই সমাজটারই গল্প বলতে চেয়েছেন। যেখানে তিনি সৎ ছিলেন, বাড়তি কোনো আবেগ বা রং মাখাননি।
‘নোনাজলের কাব্য’ প্রযোজনা করেছেন রেজওয়ান শাহরিয়ার ও ফরাসি প্রযোজক ইলান জেরার। সিনেমাটোগ্রাফি করেছেন থাই শিল্পী চানানুন চতরুংগ্রোজ। প্যারিসের স্টুডিওতে হয়েছে শব্দ ও রং সম্পাদনার কাজ।
যে গ্রামে শুটিং হয়েছে, বিশেষ প্রদর্শনী করে সেই চরের মানুষকে ইতিমধ্যে ছবিটি দেখিয়েছেন পরিচালক। আজ থেকে দেখতে পাবেন সারা দেশের দর্শক।