জাতীয় পুরস্কার মানেই অন্য রকম অনুভূতি: জয়া আহসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়া আহসান
জয়া আহসান

অভিনন্দন, তৃতীয়বারের মতো আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।
ধন্যবাদ। পুরস্কার পাওয়াটা প্রতিবারই আমার কাছে নতুন মনে হয়। এই যেমন যখনই ক্যামেরার সামনে দাঁড়াই, মনে হয় এবারই প্রথম দাঁড়িয়েছি। একদম অন্য অনুভূতি কাজ করে। অনেক পুরস্কার পেয়েছি, কিন্তু জাতীয় চলচ্চিত্র পুরস্কার মানেই অন্য কিছু। অনেক সম্মানের। রাষ্ট্রীয় পর্যায়ের স্বীকৃতি। এর জন্য আমি সরকার, জুরি বোর্ড, ছবির পরিচালক অনিমেষ আইচ, ছবির প্রযোজক ও নায়ক মাহফুজ আহমেদসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।
ভালো সিনেমায় পুরস্কার দেওয়ার পাশাপাশি ভালো ছবি তৈরির ব্যাপারেও সরকার নানাভাবে সহযোগিতা করছে।
একদম ঠিক বলেছেন। অনেক ভালো ভাবনা সঠিক পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতার অভাবে অঙ্কুরে বিনষ্ট হয়ে যায়। কিন্তু এখনকার সরকার যেভাবে অনুদান দিচ্ছে, তাতে করে পরিচালকেরা সাহস পাচ্ছেন। নতুন কিছু সৃষ্টির স্বপ্ন দেখতে পারছেন। দর্শকেরাও নতুন নির্মাতাদের কাজ দেখে মুগ্ধ হতে পারছেন।
আপনি নিজেও তো সরকারের কাছ থেকে অনুদান পেয়েছেন।
হ্যাঁ, আমার ছবির নাম দেবী। হুমায়ূন আহমেদের ‘মিসির আলী’ চরিত্রের প্রথম উপন্যাস। আমি হুমায়ূন আহমেদের পরিবারের কাছে খুবই কৃতজ্ঞ, তারা আমাকে উপন্যাসটি নিয়ে ছবি তৈরির অনুমতি দিয়েছেন।
অভিনেত্রী থেকে সিনেমা প্রযোজনায় নাম লিখিয়েছেন। প্রযোজক জয়া আহসানের অনুভূতি বলুন?
আমাদের এখানে পেশাদারিত্বটা এখনো গড়ে ওঠেনি। প্রতিবন্ধকতা অনেক। আমার কাছে সব সময় মনে হয়েছে, আমি জনগণের টাকা দিয়ে ছবি বানাচ্ছি। জনগণের টাকা নিয়ে ছিনিমিনি খেলতে পারব না। জনগণ যে ট্যাক্স দেন, সেখান থেকে সরকার আমাকে অনুদান দিয়েছে। তাহলে বুঝতে পারছেন, কতটা চাপ নিয়ে কাজ করছি!
সরকারের এই অনুদান নিয়ে অনেকে অনেক ধরনের কথাও বলেন।
সবচেয়ে বড় অভিযোগ, সরকারি অনুদানের সিনেমার শুটিং সময়মতো শেষ করা যায় না। আমি সেই ধারণা পাল্টে দিতে চেয়েছি। আমার সিনেমার শুটিংয়ের শিডিউল ছিল শুরুতে ৩৫ দিন। পরে ২৫ দিনে পুরো শুটিং শেষ করে ফেলেছি। প্রতিটা ডিপার্টমেন্ট এত ভালো কাজ করেছে যে বলার অপেক্ষা রাখে না। ‘মিসির আলী’ চরিত্রে চঞ্চলের কাছ থেকে খুব সমর্থন পেয়েছি। আমাদের এই সিনেমায় বিজ্ঞাপনের কাজে অভিজ্ঞ কিছু টেকনিশিয়ান নিয়ে কাজ করেছি।
‘দেবী’ খুব জনপ্রিয় আর বহুল পঠিত উপন্যাস।
কত কোটি মানুষ যে এই উপন্যাস পড়েছেন, এই সংখ্যা বলা মুশকিল। এই কোটি কোটি মানুষের মনে ‘মিসির আলী’কে নিয়ে নানা ইমেজ তৈরি হয়ে আছে। সেসব ইমেজের মধ্য থেকে আমরা একজনকে পর্দায় ‘মিসির আলী’ হিসেবে উপস্থাপন করব। পুরো ব্যাপারটা বিশ্বাসযোগ্য আর গ্রহণযোগ করতে হবে। আমি বলব, ‘মিসির আলী’ চরিত্রে চঞ্চল চৌধুরী যথেষ্ট পরিশ্রম করেছেন। ছবির পরিচালক অনম বিশ্বাসও নিজের মেধা দিয়ে কাজটা করছেন। দেখা যাক।
ছবির মুক্তির ব্যাপারে কোনো তারিখ চূড়ান্ত করেছেন?
এখন তো বড় ঝামেলা, সামনে পোস্ট প্রোডাকশনের কাজ। এগুলো ঠিকমতো শেষ হোক। তারপর পরিকল্পনা করে তারিখ চূড়ান্ত করব।
বলা চলে, আপনি কলকাতায়ও নিয়মিত সিনেমার কাজ করছেন।
নানা কারণে আমাদের দেশে বৈচিত্র্যপূর্ণ গল্প নিয়ে কাজ করার সুযোগ থাকে না। আমার কাছে এ-ও মনে হয়, কলকাতার সিনেমা পূর্ণাঙ্গ সিনেমা হয়ে ওঠে। সেসব সিনেমায় আমরা একটা গল্প পাই। সেখানকার পুরো সিনেমায় আমরা একটা ছন্দও পাই। কিন্তু অবকাঠামোগত সমস্যার কারণে আমরা সিনেমায় চুম্বক অংশ দিতে পারলেও ছন্দ দিতে পারি না।
কলকাতায় নতুন কোনো সিনেমায় অভিনয় করবেন?
বৃষ্টি তোমাকে দিলাম নামে নতুন একটি সিনেমার কাজ শুরু করেছি। নতুন নির্মাতার কাজ। খুবই গুরুত্বপূর্ণ একটি চরিত্র। আমি ছাড়াও এই ছবিতে আছেন চিরঞ্জিত, রাজেশ শর্মা।