নাটক ও চলচ্চিত্রের গুণী অভিনয়শিল্পী ডলি জহুর তাঁর অভিনয়জীবনে পাওয়া ১০টি পুরস্কার বাংলাদেশ ফিল্ম আর্কাইভের জাদুঘরে হস্তান্তর করেছেন। আজ বুধবার দুপুরে ঢাকার আগারগাঁওয়ে ডলি জহুর সশরীর গিয়ে প্রতিষ্ঠানটির মহাপরিচালক নিজামুল কবির ও পরিচালক মোফাকখারুল ইকবালের কাছে দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ মোট ১০টি সম্মাননা স্মারক হস্তান্তর করেন। প্রথম আলোকে খবরটি নিশ্চিত করেছেন ফিল্ম আর্কাইভের চলচ্চিত্র কর্মকর্তা ফখরুল ইসলাম।
নাটক ও চলচ্চিত্র অভিনয়শিল্পী ডলি জহুর বলেন, ‘ফিল্ম আর্কাইভ শিল্পীদের ইতিহাস ও অর্জন সবার কাছে তুলে ধরার জন্য যে মিউজিয়াম তৈরির উদ্যোগ নিয়েছে, সেটি প্রশংসার দাবি রাখে। আমি এই উদ্যোগে উৎসাহী হয়ে আমার অভিনয়জীবনের স্বীকৃতি হস্তান্তর করলাম। আশা করছি, ভবিষ্যৎ প্রজন্ম এই আয়োজনে কিছুটা হলেও আমাদের সম্পর্কে জানতে পারবে।’
প্রতিষ্ঠানটির মহাপরিচালক নিজামুল কবির জানান, মিউজিয়াম আরও সমৃদ্ধ করার লক্ষ্যে তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। এর মধ্যে বেশির ভাগ শিল্পীর কাছেই আবেদন করেছেন মিউজিয়ামের সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য। সেটিতে সাড়া দিয়ে সম্প্রতি নায়করাজ রাজ্জাকের পরিবারের পক্ষ থেকেও বেশ কিছু মূল্যবান জিনিস মিউজিয়ামে দেওয়া হয়েছে।
ডলি জহুর ১৯৫৫ সালের ১৭ জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে পড়ার সময় মঞ্চনাটকের সঙ্গে যুক্ত হন। ১৯৭৪-৭৫ সালে সমাজবিজ্ঞান বিভাগের একটি নাটকে অভিনয় করেন। এরপর নাট্যচক্রের সঙ্গে যুক্ত হয়ে মঞ্চে প্রথম ‘লেট দেয়ার বি লাইট’ নাটকে অভিনয় করেন। ডলি জহুর ১৯৭৬ সালের ৫ নভেম্বর জহুরুল ইসলামকে বিয়ে করেন। স্বামীর সঙ্গে যুক্ত হন কত্থক নাট্যগোষ্ঠীতে। মামুনুর রশীদের বাংলা থিয়েটারের প্রযোজনা ‘মানুষ’ নাটকেও অভিনয় করেন। আরণ্যক নাট্যদলের সঙ্গে যুক্ত হয়ে মঞ্চে ‘ময়ূর সিংহাসন’ ও ‘ইবলিস’ নাটকেও অভিনয় করেন তিনি। ১৯৮৫ সালে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ রচিত ও মোস্তাফিজুর রহমান প্রযোজিত বাংলাদেশ টেলিভিশনে প্রথম ‘এইসব দিনরাত্রি’ নাটকে নিলু ভাবি চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন।
আব্দুল লতিফ বাচ্চু পরিচালিত ১৯৮৩ সালে ‘নতুন বউ’ চলচ্চিত্রে অভিনয় করেন। ১৯৯২ সালে হুমায়ূন আহমেদের কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য নিয়ে মোস্তাফিজুর রহমানের পরিচালনায় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শঙ্খনীল কারাগার’–এ রাবেয়া চরিত্রে অসাধারণ অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। ডলি জহুর টেলিভিশন নাটকের পাশাপাশি দেড় শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। ২০০৬ সালে ‘ঘানি’ চলচ্চিত্রে দারিদ্র্যপীড়িত রোকেয়ার অবরুদ্ধ জীবনের পোড়খাওয়া এক নারীর চরিত্রে মর্মস্পর্শী অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। কাজের স্বীকৃতি হিসেবে দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও একাধিকবার বাচসাসসহ নানা পুরস্কারে ভূষিত হয়েছেন এই অভিনয়শিল্পী।