জেদ নিয়ে কুয়াকাটায় অনিমেষ-ভাবনা

আনুষ্ঠানিক মহরতের পর ‘জেদ’ ছবির শুটিংয়ের তারিখ কয়েক দফায় পরিবর্তন করা হয়েছিল। ছবির প্রধান অভিনয়শিল্পী ভাবনা সর্বশেষ জানিয়েছিলেন, মার্চ মাসে ছবিটির শুটিং শুরু হবে। অবশেষে ‘জেদ’-এর শুটিংয়ের কাজে ছবির দলের সদস্যদের সঙ্গে কুয়াকাটায় গেছেন ছবির পরিচালক অনিমেষ ও অভিনেত্রী ভাবনা। এ ছবির একটি গানের শুটিং দিয়েই শুরু হচ্ছে ছবির কাজ।
শেষপর্যন্ত মার্চ নয়; ছবির কাজ শুরু হল এপ্রিলের মাঝামাঝি সময়ে। অবশ্য ছবিটির শুটিংয়ের ব্যাপারে পরিচালক এবং অভিনয়শিল্পীদের কেউই আপাতত কিছু বলতে চাইছেন না।
‘জেদ’ ছবির শুটিং ইউনিট সংশ্লিষ্টদের কাছ থেকে জানা গেছে, গতকাল শনিবার থেকে কুয়াকাটায় ছবিটির শুটিং শুরু হয়েছে। চলবে টানা তিন দিন। শুরুতে গানের শুটিং করা হচ্ছে। এতে অংশ নিচ্ছেন ভাবনা। শুটিং শেষে ২২ এপ্রিল পুরো ইউনিট ঢাকায় ফিরবে।
ঢাকায় ফেরার পর ‘জেদ’ ছবি সম্পর্কে বিস্তারিত জানাতে একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। এর মধ্যে ঢাকায় আসবেন ছবির আরেক অভিনয়শিল্পী কলকাতার আলোচিত অভিনেতা পরমব্রত। এরপর টানা ছবির কাজ চলবে।
‘জেদ’ ছবিতে ভাবনার চরিত্রের নাম নয়নতারা। এই ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার পর নাটকে অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নেন ভাবনা। এই ব্যাপারটি নিয়ে ভাবনার বক্তব্য হচ্ছে, ‘এবারই প্রথম বড় পর্দায় কাজ করছি। খুব কঠিন একটি প্লট। অসাধারণ গল্প। অভিনয়ের বিশাল সুযোগ। তাই পুরো ব্যাপারটি নিয়ে আমাকে প্রচুর ভাবতে হয়েছে। আমি সব সময় নয়নতারা চরিত্রের মধ্যে বসবাস করতে চাচ্ছি। এর মধ্যে অন্য কোনো কিছুই আমাকে ভাবাচ্ছে না। কোনো নাটক করছি না। কারণ, আমি আসলে এক মুহূর্তের জন্যও নয়নতারা চরিত্র থেকে বের হতে চাই না।’
শোবিজে ভাবনার যাত্রা শুরু হয়েছিল মডেলিং দিয়ে। এরপর ছোট পর্দায় অভিনয়। যখন যা করেছেন, তা নিয়েই ব্যস্ত ছিলেন। এখন ভাবনার ভাবনায় শুধুই চলচ্চিত্র।
নির্মাতা অনিমেষ আইচের প্রথম ছবি ‘না মানুষ’। কিছুদিন শুটিং হওয়ার পর ছবিটির কাজ বন্ধ হয়ে যায়। অনিমেষ আইচ পরিচালিত দ্বিতীয় ছবি ‘জিরো ডিগ্রি’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ ও জয়া আহসান।